প্রধানমন্ত্রীরদপ্তর
তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশিত:
19 MAY 2026 6:42PM by PIB Kolkata
দিল্লি, ১৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৯ মে ২০২৬ অসলোতে অনুষ্ঠিত তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্য মি. পেটেরি অর্পোর সঙ্গে বৈঠক করেন।
ডিজিটালাইজেশন ও স্থায়িত্বের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার প্রেক্ষিতে, দুই নেতা শিল্প, গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা ভবিষ্যতের অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে স্থায়িত্ব এবং ডিজিটালাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা , ৫জি/৬জি, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ, স্থায়িত্ব, নবায়নযোগ্য শক্তি, চক্রাকার অর্থনীতি, উদ্ভাবন, শিক্ষা, গতিশীলতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে চলতি সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করেন দুই নেতা।
উভয় পক্ষই আন্তর্জাতিক চ্যালেঞ্জ সত্ত্বেও পণ্য ও পরিষেবা ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের ধারাবাহিক বৃদ্ধিকে স্বাগত জানান এবং ২০৩০ সালের মধ্যে বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, সম্প্রসারিত কার্যক্রম ও অংশীদারিত্বের মাধ্যমে একে অপরের বাজারে শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির ক্রমবর্ধমান উপস্থিতিকেও স্বাগত জানান। ফিনল্যান্ড দেশটির প্রযুক্তি ক্ষেত্রের বৃদ্ধি ও উদ্ভাবনে ভারতীয় পেশাদারদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে।
দুই নেতা আরও ঘোষণা করেন যে, ভারত ও ফিনল্যান্ড যৌথভাবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতে গুজরাটের গান্ধীনগরে ‘ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমিক ফোরাম’-এর আয়োজন করবে।
ভারত ও ফিনল্যান্ডের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা উষ্ণ, বন্ধুত্বপূর্ণ এবং বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং নর্ডিক অঞ্চলে ফিনল্যান্ড ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই নেতা ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত কার্যকর হবার গুরুত্বের ওপরও জোর দেন। তাঁরা আঞ্চলিক ও বিশ্বের পরিস্থিতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলিতে আরও বৃহত্তর সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন।
SC...
(রিলিজ আইডি: 2262992)
ভিজিটরের কাউন্টার : 6