স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লির ভারত মন্ডপমে ভারত-জাপান যৌথ কমিটির তৃতীয় বৈঠকে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার অঙ্গীকার

প্রকাশিত: 05 MAY 2026 1:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ মে  ২০২৬

 

নতুন দিল্লির ভারত মন্ডপমে আজ ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যৌথ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাপানের স্বাস্থ্য পরিষেবা নীতি বিষয়ক মন্ত্রী শ্রীমতী কিমি ওনোডা। 

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং ভবিষ্যতের প্রতি অভিন্ন দৃষ্টিভঙ্গীর ওপর ভিত্তি করে ভারত ও জাপানের অংশীদারিত্ব গড়ে উঠেছে। এই যৌথ কমিটির বৈঠক পারস্পরিক মতবিনিময় ও বোঝাপড়ার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ বলে তিনি মন্তব্য করেন। 

শ্রী নাড্ডা বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন অঙ্গীকার এই বৈঠকের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা ও সুস্থতা সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করা, স্বাস্থ্য পরিষেবাকে সকলের নাগালের মধ্যে পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পরিচালিত। 

ভারত ও জাপানের সুদীর্ঘ বহুমুখী সম্পর্কের উল্লেখ করে শ্রী নাড্ডা বলেন, বিভিন্ন ক্ষেত্রে এই দুই দেশের সহযোগিতা শতাব্দী প্রাচীন। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে পাথেয় করে ভারত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হল যৌথ কমিটির এই বৈঠক। 

শ্রীমতী ওনোডা বলেন উদ্ভাবন, প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে জাপান অঙ্গীকারবদ্ধ। 

যৌথ কমিটির বৈঠকে যেসব বিষয় নিয়ে বিশদে আলোচনা হয় সেগুলি হল : 

অসংক্রামক রোগ প্রতিরোধ, শনাক্তকরণ, চিকিৎসা ও পুনর্বাসন- ভারতের পক্ষ থেকে অসংক্রামক রোগের প্রাদুর্ভাবের উল্লেখ করে এর মোকাবিলায় সার্বিক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। জাপান এক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়। 

সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এবং উচ্চমানের মেডিক্যাল পণ্য ও পরিষেবা নাগালের মধ্যে আনা- ভারত মেডিক্যাল সরঞ্জামের দেশীয় উৎপাদন বৃদ্ধি, অন্য দেশের ওপর নির্ভরতা কমানো এবং সুনির্দিষ্ট নীতিগত ব্যবস্থার মাধ্যম এগুলি সুলভে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেয়। জাপান এক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব মডেল, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গঠন এবং সুনির্দিষ্ট অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তির কুশলী প্রয়োগকে গুরুত্ব দিয়েছে। 

ডিজিটাল স্বাস্থ্য- ভারত আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় শক্তিশালী নাগরিক কেন্দ্রীক ডিজিটাল জনস্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার কথা বলে। জাপান এক্ষেত্রে পদ্ধতিগত সংযুক্তি, এআই নির্ভর মেডিক্যাল প্রযুক্তির প্রয়োগ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে গবেষণা সংক্রান্ত সহযোগিতার ওপর জোর দিয়েছে। 

মানবসম্পদ উন্নয়ন ও বিনিময়- ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দক্ষ বিশ্বমানের কর্মী গড়ে তোলার জন্য বিনিময় কর্মসূচি, যৌথ প্রশিক্ষণ ও দক্ষতার পারস্পরিক স্বীকৃতির কথা বলে। জাপানের পক্ষ থেকে যৌথ গবেষণাকে সহায়তা করার জন্য চলতি সহযোগিতা কাঠামো, দক্ষ মানবসম্পদ বিনিময় এবং চিকিৎসা ক্ষেত্রে বৈজ্ঞানিক সহযোগিতা সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। 

সমাপ্তি ভাষণে শ্রী নাড্ডা বলেন, যৌথ কমিটির আলোচনা ভারত-জাপান স্বাস্থ্য সহযোগিতা ক্ষেত্রে নতুন গতির সঞ্চার করেছে, এতে আরও গভীরতা এনেছে। শ্রীমতী ওনোডা ভারত-জাপান বিশেষ কৌশলগত ও বিশ্বজনীন অংশীদারিত্বকে আরও নিবিড় করে তুলতে জাপানের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন। 

 


SC/SD/NS….


(রিলিজ আইডি: 2258051) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada