প্রতিরক্ষামন্ত্রক
বর্তমান প্রযুক্তি-নির্ভর যুগে ভবিষ্যতের কথা বিবেচনা করে গবেষণামূলক উদ্যোগ নিতে হবে : নর্থ টেক সিম্পোসিয়ামে প্রতিরক্ষা মন্ত্রী
প্রকাশিত:
04 MAY 2026 12:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ মে ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বর্তমান এই প্রযুক্তি-নির্ভর যুগে ভবিষ্যতের চাহিদার কথা বিবেচনা করে গবেষণা এবং বিভিন্ন উপাদানের ব্যবহারের ওপর পরীক্ষানিরীক্ষা করার জন্য গুরুত্ব দিয়েছেন। তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তিনদিনের নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এই সিম্পোসিয়ামটি আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় এবং মধ্যাঞ্চল কম্যান্ড ও সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা ছাড়াও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন শিল্পের প্রথমসারির সংস্থাগুলির প্রতিনিধিরা, উদ্ভাবক, স্টার্ট-আপ এবং শিক্ষা জগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বর্তমান যুগে রণকৌশলে প্রযুক্তির ব্যবহারের পরিবর্তন দ্রুত হারে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের কথা উল্লেখ করেন। এই যুদ্ধে প্রথমের দিকে ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হত। কিন্তু, তিন-চার বছরের মধ্যে এই সংঘাতে ড্রোন এবং সেন্সরের ব্যবহার গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি পেয়েছে। লেবানন এবং সিরিয়ায় পেজার আক্রমণ প্রমাণ করে দৈনন্দিন জীবনের সাধারণ উপাদানও যুদ্ধক্ষেত্রে মারণঘাতি অস্ত্র হতে পারে। মন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। সরকার প্রতিরক্ষা ক্ষেত্রের গবেষণাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডিআরডিও এখন একা একা নয়, বরং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করতে চায়। প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন শাখার বাজেটের ২৫ শতাংশ শিল্প ও শিক্ষাজগৎ ও স্টার্ট-আপগুলির জন্য বরাদ্দ করা হয়েছে। ডিআরডিও ২,২০০ প্রযুক্তির স্বত্ব বিভিন্ন শিল্প সংস্থাকে দিয়েছে। বর্তমান যুগে হাইপারসনিক অস্ত্রশস্ত্র, জলের তলায় এবং মহাকাশে ব্যবহৃত সরঞ্জাম, কোয়ান্টাম টেকনোলজি, কৃত্রিম মেধা এবং মেশিন ল্যাঙ্গুয়েজের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারত যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব উপলব্ধি যে করতে পেরেছে, অপারেশন সিন্দুর তার অকাট্য প্রমাণ। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ১ লক্ষ ৫৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা এক রেকর্ড। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণও বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৮,৪২৪ কোটি টাকা।
সেনাবাহিনীর মধ্যাঞ্চলীয় কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত বলেন, প্রতিরক্ষা বাহিনী, শিল্প সংস্থা, স্টার্ট-আপ সংস্থা, উদ্ভাবক এবং শিক্ষাজগতের জন্য এই সিম্পোসিয়াম অনন্য এক মঞ্চ তৈরি করেছে। এখানে দেশীয় প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম উৎপাদনের বিষয়ে আলোচনা করা যাবে। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা এই সিম্পোসিয়ামের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, নতুন নতুন উদ্ভাবন এবং পরীক্ষানিরীক্ষাকে কাজে লাগিয়ে দক্ষতা বৃদ্ধি এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রী নন্দগোপাল গুপ্ত নন্দী, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ প্রতিরক্ষা ক্ষেত্র এবং শিক্ষাজগতের বিশিষ্টজনেরা এই সিম্পোসিয়ামে উপস্থিত ছিলেন। সিম্পোসিয়ামে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় যেখানে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের বেসরকারি সংস্থাগুলির ২৮৪টি কোম্পানি স্টল দিয়েছে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2257823)
ভিজিটরের কাউন্টার : 12