বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
বৈদ্যুতিন নির্মাণে বিশ্বের মূল্য শৃঙ্খল এবং সরবরাহ শৃঙ্খলে ভারত এক বৃহত্তর, বিশ্বস্ত সহযোগী হয়ে উঠছে - অশ্বিনী বৈষ্ণব
প্রকাশিত:
28 APR 2026 1:55PM by PIB Kolkata
বিশাখাপত্তনম, ২৮ এপ্রিল, ২০২৬
বিশাখাপত্তনম
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, রেলওয়ে এবং তথ্য সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন,ভারত বৈদ্যুতিন নির্মাণে বিশ্বের মূল্য শৃঙ্খল এবং সরবরাহ শৃঙ্খলে এক প্রধান বিশ্বস্ত সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। দৃঢ় নীতিগত সহযোগিতা এবং দূরদর্শী নেতৃত্ব এতে শক্তি জোগাচ্ছে বলে তিনি জানান।
বিশাখাপত্তনমে গুগল ক্লাউড ইন্ডিয়া এআই হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু সহ কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনুমানিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প আদানি কনেক্স এবং এয়ারটেল নেক্সট্রার সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে। বিশাখাপত্তনমে এক গিগাওয়াট হাইপারস্কেল এআই ডাটা সেন্টারটিও এর অন্তর্ভুক্ত। অন্ধ্রপ্রদেশ সরকার তুর্লুভাডা, রামবিল্লি এবং আদাভিভারাম এলাকায় প্রায় ৬০০ একর জমি দিয়েছে।
শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তথ্যপ্রযুক্তি পরিষেবা ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই নেতৃত্বের স্থানে উঠে এসেছে এবং বৈদ্যুতিন নির্মাণেও এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী দৃষ্টিভঙ্গীর প্রশংসা করে বলেন, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে ভারত একটি বৈশ্বিক ক্ষেত্র হিসেবে গড়ে উঠছে।
মন্ত্রী আরও জানান, মোবাইল উৎপাদন ক্ষেত্রে ভারতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মোবাইল ফোন এখন দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্যে পরিণত হয়েছে। বর্তমানে দেশের প্রায় ৫০% বৈদ্যুতিন চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ হচ্ছে। সেমিকন্ডাক্টর মিশনের অধীনে ইতিমধ্যেই ভারতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিন উৎপাদনে ভারত একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে উঠে আসছে এবং গুগল-সহ আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলিকে তাদের সার্ভার, জিপিউ এবং চিপ ভারতে উৎপাদন করতে তিনি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এই রূপান্তরমূলক উদ্যোগের ক্ষেত্রে বিশাখাপত্তনম এআই হাব হিসেবে আত্মপ্রকাশ করছে। অত্যাধুনিক পরিকাঠামো এবং বৈশ্বিক বিনিয়োগের মাধ্যমে বিশাখাপত্তনম একটি এআই সিটি হয়ে উঠবে। এক্ষেত্রে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু-র প্রশংসা করেন।
সেই সঙ্গে গুগলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। গুগলের উদ্যোগে সমুদ্রের তলদেশ দিয়ে কেবল বিশাখাপত্তনমের সঙ্গে ডিজিটাল রুটে অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক ডিজিটাল সংযোগ গড়ে তুলছে।
গুগল ক্লাউড গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে বলেন এআই হাব বিকশিত ভারত ২০৪৭ –এর ভিত্তি হয়ে উঠবে এবং ভারতের ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক এআই অর্থনীতিতে নির্ণায়ক ভূমিকা পালন করবে।
আদানি গ্রুপের চেয়ারম্যান জিৎ আদানি বলেন, এক গিগাওয়াট হাইপারস্কেল এআই ডেটা সেন্টার ভারতের এআই যাত্রাপথে এক নতুন মাইলফলক এবং ভারতের নতুন ডিজিটাল গেটওয়ে হিসেবে বিশাখাপত্তনমকে জায়গা করে দেবে।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সাংসদ, শিল্প নেতৃবৃন্দ এবং গুগল, আদানি গ্রুপ, এয়ারটেল নেক্সট্রার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
SC/AB/SG
(রিলিজ আইডি: 2256589)
ভিজিটরের কাউন্টার : 4