লোকসভা সচিবালয়
১৮তম লোকসভার সপ্তম অধিবেশনে কাজ হয়েছে প্রায় ৯৩ শতাংশ : লোকসভার অধ্যক্ষ
প্রকাশিত:
18 APR 2026 3:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ এপ্রিল ২০২৬
২৮ জানুয়ারি, ২০২৬ তারিখে শুরু হওয়া অষ্টাদশ লোকসভার সপ্তম অধিবেশন আজ শেষ হলো।
এই উপলক্ষে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা সভায় জানান, এই অধিবেশনে মোট ৩১টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, প্রায় ১৫১ ঘণ্টা ৪২ মিনিট ধরে এই বৈঠকগুলি চলে।
শ্রী বিড়লা আরও জানান, এই অধিবেশনে সভায় কাজ হয়েছে প্রায় ৯৩ শতাংশ।
শ্রী বিড়লা জানান যে, ভারতের মাননীয় রাষ্ট্রপতি ২৮ জানুয়ারি, ২০২৬ তারিখে সংসদের উভয় কক্ষের সদস্যদের উদ্দেশে ভাষণ দেন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ‘ধন্যবাদ প্রস্তাব’ নিয়ে ২ ঘণ্টা ৪৬ মিনিট ধরে আলোচনা হয়।
অর্থমন্ত্রী ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে সভায় ‘কেন্দ্রীয় বাজেট ২০২৬-২০২৭’ পেশ করেন। কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এর ওপর আলোচনা চলে প্রায় ১৩ ঘণ্টা ধরে। শ্রী বিড়লা জানান যে, ৬৩ জন সদস্য এই আলোচনায় অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে এই আলোচনার ওপর জবাবি ভাষণ দেন।
১৬ থেকে ১৮ মার্চ, ২০২৬ পর্যন্ত সভায় বিভিন্ন মন্ত্রক/দপ্তরের ব্যয় মঞ্জুরির দাবি নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে সভায় সেই দাবিগুলি অনুমোদিত হয়। ১৮ মার্চ, ২০২৬ তারিখে লোকসভায় ‘বিনিয়োগ বিল’ এবং ২৫ মার্চ, ২০২৬ তারিখে ‘অর্থ বিল’ পাস করানো হয়।
শ্রী বিড়লা আরও জানান যে, এই অধিবেশন চলাকালীন ১২টি সরকারি বিল উত্থাপন করা হয় এবং ৯টি বিল পাস হয়। পাস হওয়া কিছু গুরুত্বপূর্ণ বিল নিচে উল্লেখ করা হলো:
১. শিল্প সম্পর্ক বিধি (সংশোধন) বিল, ২০২৬
২. রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধন বিল, ২০২৬
৩. অর্থ বিল, ২০২৬
৪. দেউলিয়া ও ঋণখেলাপ বিধি (সংশোধন) বিল, ২০২৬
৫. অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধন) বিল, ২০২৬
৬. জন বিশ্বাস (বিধান সংশোধন) বিল, ২০২৬
৭. কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সাধারণ প্রশাসন) বিল, ২০২৬
শ্রী বিড়লা জানান, সংবিধান (১৩১তম সংশোধন) বিল, ২০২৬; কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধন) বিল, ২০২৬; এবং সীমানা নির্ধারণ বিল, ২০২৬ – এই বিলগুলো নিয়ে ২০২৬ সালের ১৬ ও ১৭ এপ্রিল সভায় আলোচনা হয় এবং সেই আলোচনা ২১ ঘণ্টা ২৭ মিনিট ধরে চলে। তিনি আরও জানান যে, এই তিনটি বিলের ওপর আলোচনায় ১৩১ জন সদস্য অংশগ্রহণ করেন। সংবিধান সংশোধন বিলটি সদনে পাস হয়নি।
শ্রী বিড়লা আরও জানান, ২০২৬ সালের ২৩ মার্চ প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার সংঘাত এবং ভারতের সামনে উদ্ভূত চ্যালেঞ্জ প্রসঙ্গে একটি বিবৃতি প্রদান করেন।
২০২৬ সালের ৩০ মার্চ, 'বিধি ১৯৩'-এর অধীনে "দেশকে বাম উগ্রপন্থামুক্ত করার প্রয়াস" শীর্ষক বিষয়ে আলোচনা হয়। এই আলোচনা ৬ ঘণ্টা ৭ মিনিট ধরে চলে এবং এতে ৩৬ জন সদস্য অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবি ভাষণের মাধ্যমে এই আলোচনার সমাপ্তি ঘটে।
SC/MP/AS
(রিলিজ আইডি: 2253347)
ভিজিটরের কাউন্টার : 4