আয়ুষ
azadi ka amrit mahotsav

লোনার –এ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ –এর ৭৫ দিন ব্যাপী কাউন্টডাউন শুরু করল আয়ুষ মন্ত্রক

প্রকাশিত: 07 APR 2026 2:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০২৬

 

মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা, আয়ুষ মন্ত্রক, মহারাষ্ট্রের বুলধানা জেলায় লোনার-এ ছত্রপতি শ্রী শিবাজী মহারাজ উদ্যানে আজ যোগ মহোৎসব ২০২৬-এর আয়োজন করে। এই সমারোহ একটি মাইলফলক। ত্রিকোণাসন অনুশীলনে সামিল মানুষের সংখ্যার নিরিখে তা জায়গা করে নিল এশিয়া বুক অফ রেকর্ডসে। 

প্রায় ৫০০০ অংশগ্রহণকারী একেবারে ভোরে সাধারণ যোগ বিধি (কমন যোগা প্রোটোকল- সিওয়াইপি)অনুশীলনে অংশ নেন। লোনার শহরটি সম্মিলিত স্বাস্থ্য চর্চার একটি কেন্দ্র হয়ে ওঠে। এই বিপুল অংশগ্রহণ ঐক্য, স্বাস্থ্য এবং কল্যাণের লক্ষ্যে যোগাভ্যাসের জনপ্রিয়তা সারা বিশ্বে ক্রমে বেড়ে চলার সাক্ষ্য দেয়। 

 

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব এই অনুষ্ঠানটিকে আন্তর্জাতিক যোগ দিবস, ২০২৬-এর ৭৫ দিনের কাউন্টডাউনের সূচনা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ভূ-তাত্ত্বিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ লোনার অঞ্চলে এই সমারোহ সার্বিক সুস্বাস্থ্য ও সমৃদ্ধির বিষয়ে সর্বজনীন পরিসরে সচেতনতার প্রসারকে তুলে ধরে। যোগাভ্যাস মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করিয়ে দেন। 

তিনি আরও বলেন, ত্রিকোণাসন অভ্যাসের এই সমারোহ নানান দিক থেকেই প্রাসঙ্গিক। আয়ুষ আহার প্রসঙ্গেও আলোকপাত করেন তিনি। তুলে ধরেন মিলেট, নারকেল তেল এবং ওষধির উপকারিতা। 

 

এই সমারোহে আয়ুষ মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতি মোনালিসা দাস বলেন, যোগ প্রণালী সারা বিশ্বকে ভারতের দেওয়া অনন্য এক উপহার। 

 

যোগব্যায়াম অনুশীলনে যোগ দেন মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা-র অধিকর্তা প্রফেসর(ডঃ) কাশীনাথ সামাগান্ডি।

 

এই সমারোহে আয়ুষ মন্ত্রকের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করা হয়। যেমন “যোগা ফর এয়ার ট্র্যাভেল” বিধি, অসংক্রামক রোগের মোকাবিলায় যোগাভ্যাসের ১০ টি বিধি ইত্যাদি। যোগাভ্যাস অনুশীলনের ক্ষেত্রে পরামর্শ গ্রহণের জন্য চালু রয়েছে একটি টোল ফ্রি নম্বর ; ১৮০০-৩১৫-৭০০৮। এই নম্বরটি থেকে ১৪ দিন নিখরচায় এসংক্রান্ত পরামর্শ পাওয়া যেতে পারে।  

   

SC/AC/SG...


(রিলিজ আইডি: 2249813) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada