পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: 23 MAR 2026 6:03PM by PIB Kolkata

 

নয়া দিল্লি: ২৩ মার্চ ২০২৬

 

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ এবং বিদেশ মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরা ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বিবৃতি দেন। এই ধরনের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে নিয়মিতভাবে। 

 

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকা সত্ত্বেও দেশে জ্বালানি সরবরাহ যাতে বজায় থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সবক’টি শোধনাগার চূড়ান্ত ক্ষমতা অনুযায়ী কাজ করছে। পেট্রোল এবং ডিজেলের মজুত পর্যাপ্ত। দেশে এলপিজি উৎপাদন আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। 

 

খুচরো বিপণন কেন্দ্রগুলিতে পেট্রোল এবং ডিজেল ফুরিয়ে যাওয়ার কোনো খবর মেলেনি। নাগরিকদের আতঙ্কিত হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ১০০ শতাংশে রাখা হয়েছে। শিল্প ও বাণিজ্যের কিছু কিছু ক্ষেত্রে সরবরাহ ৮০ শতাংশে নিয়ন্ত্রিত। পিএনজি সংযোগ দেওয়ার কাজ আরও ত্বরান্বিত করতে শহরের গ্যাস সরবরাহ সংস্থাগুলিকে উদ্যোগী হতে বলা হয়েছে। ১৬/০৩/২০২৬-এর নির্দেশিকা অনুযায়ী ভারত সরকার শহরাঞ্চলের গ্যাস সরবরাহ সংস্থাগুলিকে পিএনজি সরবরাহ পরিকাঠামো আরও প্রসারিত করতে বলেছে। তবে, এই পরিকাঠামোগত রূপান্তরের মাঝামাঝি সময়ে চাহিদা মেটানোর জন্য রাজ্যগুলিকে এলপিজি সরবরাহ ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন আবেদনের ১০ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। মার্চের প্রথম তিন সপ্তাহের মধ্যে সারা দেশে ৩.৫ লক্ষ পিএনজি সংযোগ দেওয়া হয়েছে। 

 

এলপিজি সরবরাহের দিকে কড়া নজর রাখা হচ্ছে। ডিস্ট্রিবিউটারদের ভাণ্ডার ফুরিয়ে গেছে এমন কোনো খবর এখনও মেলেনি। আতঙ্কিত হয়ে এলপিজি সিলিন্ডার বুকিং-এর প্রবণতাও কমেছে। 

 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য আরও ৪৮,০০০ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। 

 

অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী এলপিজি সরবরাহের বিষয়টির ওপর নজরদারির দায়িত্ব রাজ্য সরকারের ওপরও বর্তায়। সেই অনুযায়ী মজুতদারি এবং কালোবাজারি রুখতে রাজ্যগুলিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জেলাস্তরেও নজরদারি জোরদার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩২টি রাজ্য ইতিমধ্যেই কন্ট্রোল রুম খুলেছে। ৩৩টি রাজ্যে রয়েছে জেলাস্তরের নজরদারি কমিটি। 

 

বিভিন্ন রাজ্যে মজুতদারি এবং কালোবাজারির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২৪ ঘন্টায় ২,৪০০টি জায়গায় তল্লাশি চালিয়ে ৮০০টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। তেল বিপণন সংস্থাগুলিও গত এক সপ্তাহে ২,৬০০টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ৫৫০টি এফআইআর দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৫০ জনকে। 

 

কয়লা মন্ত্রক কোল ইন্ডিয়া এবং সিঙ্গারেনি কোলিয়ারিকে রাজ্যগুলির জন্য আরও বেশি পরিমাণ কয়লা বরাদ্দ করতে বলেছে। 

 

সাধারণ নাগরিকদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আতঙ্কিত হয়ে সিলিন্ডার বুকিং কিংবা অযথা এলপিজি ডিস্ট্রিবিউটারদের অফিসে গিয়ে ভিড় না করার পরামর্শ দিয়েছে সরকার। 

 

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক জানিয়েছে, পারস্য উপসাগর এলাকায় থাকা ভারতীয়রা নাবিকরা নিরাপদে রয়েছেন। গত ২৪ ঘন্টায় কোনো অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া যায়নি। পশ্চিম পারস্য উপসাগরে বর্তমানে ভারতের পতাকা লাগানো ২২টি জাহাজ রয়েছে – তাতে ভারতীয় নাবিক রয়েছেন প্রায় ৬০০ জন। জাহাজ চলাচল সংক্রান্ত মহানির্দেশনালয় ২৪ ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। গত ২৪ ঘন্টায় সেখানে ৬০টি টেলিফোন কল এসেছে এবং ১২৯টি ই-মেল এসেছে। সংঘাতদীর্ণ এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ১৩ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। বন্দরগুলির কাজকর্ম স্বাভাবিক রয়েছে। 

 

সংঘাতদীর্ণ এলাকায় থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষার দিকটি সরকারের অগ্রাধিকারের বিষয়। ঐ অঞ্চলের দেশগুলিতে ভারতীয় দূতাবাসগুলি এই দিকে সদা সতর্ক নজর রেখে চলেছে। গত শনিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট ডঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। ঐ অঞ্চলে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা দরকার বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তায় সে দেশের সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। বিদেশ মন্ত্রক পরিস্থিতির ওপর সদা সতর্ক নজর রাখছে। ঐ অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি কাজ করছে ২৪ ঘন্টা ধরে। ২৮ ফেব্রুয়ারির পর সংঘাতদীর্ণ এলাকা থেকে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আজ ভারতের অভিমুখে ৯৫টি উড়ান রওনা হওয়ার কথা। সৌদি আরব এবং ওমান থেকে ভারতে উড়ান চলাচল করছে। কাতারের আকাশসীমা আংশিক খোলা রয়েছে। কাতার এয়ারওয়েজ আজ ভারতে ৮ থেকে ১০টি উড়ান চালাচ্ছে বলে খবর। কুয়েত এবং বাহরিনের আকাশসীমা বন্ধ রয়েছে। ঐ দেশে থাকা ভারতীয়দের জন্য সৌদি আরব থেকে বিমান পরিষেবা চালু রয়েছে। ইরানে থাকা ভারতীয় নাগরিকদের পাশে রয়েছে সেখানকার ভারতীয় দূতাবাস। ঐ দেশ থেকে আর্মেনিয়া কিংবা আজারবাইজান চলে যেতে ইচ্ছুকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ১,০৩৩ জন ভারতীয় নাগরিক তেহরানের ভারতীয় দূতাবাসের সহায়তায় ইরান থেকে আর্মেনিয়া কিংবা আজারবাইজানে চলে গেছেন। ইরানে থাকা ভারতীয়দের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ইজরায়েলে থাকা ভারতীয়দের জর্ডন হয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার।

 

 

SC/AC/DM… 


(রিলিজ আইডি: 2244231) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam