নির্বাচনকমিশন
আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবীণ, ভিন্নভাবে সক্ষম এবং সেবা কর্মে ও নির্বাচনী দায়িত্বে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা দেবে নির্বাচন কমিশন
প্রকাশিত:
19 MAR 2026 3:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ মার্চ ২০২৬
নির্বাচন কমিশন গত ১৫ মার্চ অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যের কয়েকটি আসনে উপনির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে। ১৬ মার্চ সেই অনুযায়ী অসম, কেরালা ও পুদুচেরি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ৬০(সি) ধারা অনুসারে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভোটার তালিকায় থাকা ৮৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং ভিন্নভাবে সক্ষমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোট দিতে পারবেন।
এজন্য তাঁদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ৫ দিনের মধ্যে ফর্ম ১২ডি পূরণ করে বিএলও-র মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। নির্বাচনী কর্মীরা তাঁদের বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করবেন।
জরুরি পরিষেবার নিয়োজিত ভোটাররা তাঁদের নিজেদের বিভাগের নোডাল অফিসারের মাধ্যমে পোস্টাল ব্যালট সুবিধার জন্য আবেদন করতে পারবেন। দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহণ, অ্যাম্বুলেন্স পরিষেবা, বিমান পরিবহণ, দূরপাল্লার সরকারি সড়ক পরিবহণ কর্পোরেশন প্রভৃতির মতো জরুরি পরিষেবাগুলি এই সুবিধার আওতায় আসবে।
ভোট গ্রহণের দিন কর্তব্যরত নির্বাচন কমিশন অনুমোদিত সাংবাদিকদেরও জরুরি পরিষেবায় থাকা ব্যক্তিদের মতো পোস্টাল ব্যালট ব্যবহার করার সুবিধা দেওয়া হয়েছে।
যেসব ভোটার নির্বাচনী দায়িত্বে রয়েছেন, তাঁরা পোস্টাল ব্যালটে নিজেদের ভোট দিয়ে সেটি নির্দিষ্ট কেন্দ্রে জমা দেবেন। এক্ষেত্রে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দিয়েছে কমিশন। সেবাকর্মে নিয়োজিত ব্যক্তিদের কাছে রিটার্নিং অফিসার ইলেট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠাবেন। এ বাবদ ডাক মাশুল কমিশনই বহন করবে।
পোস্টাল ব্যালটগুলি ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে, ২০২৬ সকাল ৮টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছতে হবে।
রিটার্নিং অফিসার/জেলা নির্বাচনী আধিকারিকদের এই বিষয়ে রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
SC/SD/NS….
(রিলিজ আইডি: 2242975)
ভিজিটরের কাউন্টার : 6