শিল্পওবাণিজ্যমন্ত্রক
পাঠানকোটের গোলাপ-সুগন্ধী লিচুর প্রথম চালান কাতারে পাঠালো ভারত
প্রকাশিত:
27 JUN 2025 11:08AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুন, ২০২৫
ভারতের বাগিচা পণ্যগুলির রপ্তানি প্রসারের উল্লেখযোগ্য অঙ্গ হিসেবে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিইডিএ) পাঠানকোটের গোলাপ-সুগন্ধী ১ মেট্রিক টন লিচুর প্রথম চালান কাতারের দোহায় পাঠিয়েছে। ২৩ জুন তা পাঠানো হয়। পাঞ্জাবের বাগিচা দপ্তর এবং কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে তা করা হয়েছে। এর পাশাপাশি, পাঠানকোট থেকে ০.৫ মেট্রিক টন লিচু দুবাই এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাঠানো হয়। এর মাধ্যমে বিশ্বে টাটকা ফলের বাজারে ভারত আরও বেশি করে জায়গা করে নিল।
রপ্তানি ক্ষেত্রে এই মাইলফলক ভারতের বাগিচা পণ্য রপ্তানির দ্বৈত সাফল্যকে তুলে ধরে। চাষিদের কাছে বিশ্ব বাজারে উচ্চ মূল্যের টাটকা ফল রপ্তানির সম্ভাবনার দরজা তা খুলে দিয়েছে। পাঞ্জাব সরকার এবং বাগিচা দপ্তরের সঙ্গে এপিইডিএ-এর যৌথ উদ্যোগে লুল্লু গোষ্ঠী এবং সুজনপুরের প্রগতিশীল কৃষক শ্রী প্রভাব সিং উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
জাতীয় বাগিচা পর্ষদের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে পাঞ্জাবের লিচু উৎপাদন ৭১,৪৯০ মেট্রিক টনে পৌঁছেছে যা ভারতে মোট লিচু উৎপাদনের ১২.৩৯ শতাংশ। এই একই সময়কালে ভারত ৬৩৯.৫৩ মেট্রিক টন লিচু রপ্তানি করেছে। ৪,৩২৭ হেক্টর জমিতে চাষ হয় এবং হেক্টরপ্রতি উৎপাদন পাওয়া গেছে ১৬,৫২৩ কেজি। পাঠানকোটের উন্নত গুণমানের গোলাপ-সুগন্ধী লিচু এলাকার চাষিদের এক বিরাট উদ্যোগ হিসেবে পরিগণিত। এক্ষেত্রে প্রভাত সিং-এর মতো কৃষকদের ভূমিকা পাঠানকোটের বাগিচা ক্ষেত্রের শক্তিকে অনেকখানি সমৃদ্ধ করেছে। উপযুক্ত পরিবেশে উন্নতমানের লিচু উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে তা একটি হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো ২০২৪-২৫ অর্থ বছরের এপ্রিল-মার্চ সময়কালের মধ্যে ভারত ৩.৮৭ বিলিয়ন মার্কিন ডলারের ফল ও সব্জি রপ্তানি করেছে, যা বিগত বছরের তুলনায় ৫.৬৭ শতাংশ বেশি। আম, কলা, আঙুর এবং কমলালেবু রপ্তানিজাত ফল হিসেবে এতদিন পরিগণিত হয়ে এসেছে। চেরি, জাম এবং লিচুও ক্রমাগত আন্তর্জাতিক বাজারে বিশেষ স্বীকৃতি পাচ্ছে।
এই জাতীয় প্রয়াস কৃষি রপ্তানির ক্ষেত্র প্রসারে ভারতের দায়বদ্ধতাকে তুলে ধরে। এর পাশাপাশি, কৃষকদের ক্ষমতায়ন এবং ভারতীয় পণ্যের বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষেত্রও বৃদ্ধি পাচ্ছে। এপিইডিএ এই বাজারের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এফপিও এবং এফপিসি-গুলি সহ কৃষি রপ্তানিকারকদের কাছে এক নির্ণায়ক ভূমিকা পালন করছে। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্ষেত্রে ভারতকে বিশ্ব নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত করতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SC/AB/DM
(রিলিজ আইডি: 2140320)
ভিজিটরের কাউন্টার : 20