গোয়া, ২৭ নভেম্বর, ২০২৬
যে শিক্ষকরা একসময় প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলেছেন, তারা যখন পরিবর্তিত শ্রেণিকক্ষের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খান, তখন কী ঘটে? এই প্রশ্নটিই চলচ্চিত্র নির্মাতা সরফরাজ আলমের প্রথম হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবির স্যার কা আখরি লেসন’-র মূল উপজীব্য। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর বিশ্ব প্রিমিয়ার হল।
বিহারের নালন্দা জেলায় নিজের ছোটবেলার স্কুলে গিয়ে সরফরাজ আলম যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, তার থেকেই এই সিনেমা তৈরি হয়েছে। তিনি দেখেন, সেখানে প্রথাগত ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট বোর্ড, আর অভিজ্ঞ শিক্ষকরা এই নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে বেশ বেগ পাচ্ছেন। তার এই পর্যবেক্ষণ তাকে শিক্ষকতা পেশার পরিবর্তিত বাস্তবতা এবং বর্তমান সময়ে শিক্ষকরা যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হচ্ছেন, তা নিয়ে ভাবতে বাধ্য করে।
আজ গোয়ায় প্রেস ইনফরমেশন ব্যুরো আয়োজিত সাংবাদিক সম্মেলনে সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে আলম বলেন, “দুই বছর আগে যখন আমি আমার স্কুলে যাই, তখন দেখি ব্ল্যাকবোর্ডের বদলে স্মার্ট বোর্ড আসায় আমার শিক্ষকরা নতুন প্রযুক্তির সঙ্গে লড়াই করছেন। সেখান থেকেই এই সিনেমার ধারণাটি মাথায় আসে।”
বিহারের একটি সাধারণ গ্রাম্য স্কুল থেকে রাশিয়ায় চিকিৎসা বিজ্ঞান পড়া এবং পরবর্তী সময়ে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে চলচ্চিত্র নির্মাণের শিক্ষা নেওয়া পর্যন্ত নিজের দীর্ঘ যাত্রার কথা তুলে ধরেন আলম। তিনি তাঁর জীবনে শিক্ষকদের গভীর প্রভাব এবং নিজের শিকড়ের প্রতি টানের উল্লেখ করেন। তিনি লক্ষ্য করেন, যে শিক্ষকরা একসময় অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইএএস আধিকারিককে পথ দেখিয়েছেন, তাঁরা আজ প্রযুক্তিগত বাধা এবং শিক্ষকতা পেশার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে লড়াই করছেন। তিনি বলেন, “এই সিনেমাটি তাঁদের বর্তমান পরিস্থিতি এবং তাঁদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, তার ওপর ভিত্তি করে তৈরি। এটি সারা দেশের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করবে।”
কার্টিনা এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ১০৩.৫২ মিনিটের এই হিন্দি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা বিনয় পাঠক। আলম, বিনয় পাঠকের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যকার সম্পর্কের পরিবর্তিত গতিপ্রকৃতি নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষক-ছাত্র সম্পর্কের মধ্যে একসময়ে যে গভীর আবেগের বন্ধন ছিল, আধুনিক শিক্ষাব্যবস্থায় তা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তিনি অর্থবহ যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
বিহারের প্রসঙ্গ টেনে আলম রাজ্যের পরিকাঠামোগত অগ্রগতির কথা তুলে ধরেন এবং বিহারের উন্নয়ন ও সাফল্য বৃহত্তর দর্শকদের সামনে তুলে ধরার ক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকার ওপর জোর দেন। ব্ল্যাকবোর্ড থেকে স্মার্টবোর্ডের উত্তরণের বাইরেও, ‘কবির স্যার কা আখরি লেসন’ চলচ্চিত্রটি শ্রদ্ধা, প্রজন্মের পরিবর্তন এবং বিবর্তনশীল সমাজে শিক্ষকদের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করে। একজন চলচ্চিত্র নির্মাতার ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই কাহিনি এমন এক সর্বজনীন সম্পর্কের কথা বলে, যা ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানাকে অতিক্রম করে যায়। এটি ২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় আয়োজিত ৫৭তম আইএফএফআই-র মূল প্রতিপাদ্য ‘স্টোরিজ উইদাউট বর্ডারস’ বা ‘সীমানাহীন গল্প’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাংবাদিক সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন শ্রী বিবেক বিশ্বাস।