গোয়া, ২৭ নভেম্বর ২০২৬
ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে প্রদর্শিত ‘পারো: দ্য আনটোল্ড স্টোরি অফ ব্রাইড স্লেভারি’ ছবিতে নারীদের বধূ হিসেবে কেনাবেচার এক উদ্বেগজনক এবং বহুলাংশে প্রচারের আড়ালে থাকা প্রথার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষত হরিয়ানার মেওয়াট অঞ্চলে এই প্রথার প্রচলন রয়েছে। ওই অঞ্চলে বিবাহের উদ্দেশ্যে যেসব নারীকে কেনা বা বিক্রি করা হয়, তাঁদের বোঝাতে ‘পারো’ শব্দটি ব্যবহৃত হয়।
এক সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী ও প্রযোজক তৃপ্তি ভোইর জানান, এই ছবিটি নির্মাণের জন্য তিনি সাড়ে চার বছর ধরে গবেষণা করেছেন। এটি তাঁর দ্বিতীয় ছবি, যা অস্কারের তালিকাভুক্ত হয়েছে। ছবিটি নির্মাণের এক ব্যতিক্রমী সৃজনশীল প্রয়াসে তৃপ্তি ভোইর একই সঙ্গে প্রযোজক, চিত্রনাট্যকার এবং মুখ্য অভিনেত্রীর দায়িত্ব পালন করেছেন।
*ছবি নির্মাণের নেপথ্যে কঠিন গবেষণা*
ভারতে বধূ দাসত্বের প্রথা নিয়ে তৈরি তথ্যচিত্র এবং সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেই এই ছবি নির্মাণের ভাবনা তাঁর মনে আসে। নারী অধিকার ও নারীদের সমস্যা নিয়ে ছবি নির্মাণের জন্য পরিচিত তৃপ্তি ভোইর এই প্রথার ভয়াবহ বাস্তবতা দেখে বিচলিত হন।
একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় তৃপ্তি ভোইর ও তাঁর মা সাংবাদিকের ছদ্মবেশে বিভিন্ন গ্রামে যান। সেখানে তাঁরা এই প্রথার শিকার প্রায় ৬২-৬৩ জন নারীর সঙ্গে কথা বলেন। এই নারীরা মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং দিল্লির বাসিন্দা।
তৃপ্তি ভোইর বলেন, বধূ কেনাবেচার এই প্রথার মূলে রয়েছে লিঙ্গবৈষম্য ও দারিদ্র্য। এই সমস্যা শুধু হরিয়ানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর জাতীয় সমস্যা। দেশের বিভিন্ন রাজ্যের নারী ও কন্যাশিশুরা এই প্রথার শিকার হচ্ছেন।
গবেষণার সময় উঠে আসা সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে একটি ছিল আনুমানিক ১১-১৩ বছর বয়সি এক কন্যাশিশুর কাহিনি। জানা যায়, সামান্য অর্থের বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই কিশোরীর কাহিনিই ছবির মুখ্য চরিত্র নির্মাণের অনুপ্রেরণা জুগিয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন তৃপ্তি ভোইর স্বয়ং । এই চরিত্রের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা সেই অসংখ্য নারীর যন্ত্রণা, অসহায়তা এবং নির্মম শোষণের বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছেন, যাঁদের কথা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়।
*সিনেমার গণ্ডি পেরিয়ে বৃহত্তর লড়াই*
এই ছবির গুরুত্ব শুধুমাত্র গল্প বলার মধ্যেই সীমাবদ্ধ নয়। তৃপ্তি ভোইর জানান, স্বেচ্ছাসেবী সংস্থা ‘শেল্টার ফাউন্ডেশন’ বধূ দাসত্বের শিকার প্রায় ২,০০০ নারীর তথ্য সংগ্রহ করেছে। প্রায় এক বছর তিন মাস আগে এই তথ্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের কাছে জমা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে। তিনি বলেন, “এই সমস্যা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের জন্য আমি সরকারকে কুর্নিশ জানাই। এই ছবি নির্মাণের পিছনে এটিও অন্যতম একটি কারণ।”
*নারী পাচার: একটি বিশ্বজনীন সমস্যা*
তৃপ্তি ভোইর আরও উল্লেখ করেন, নিখোঁজ কন্যাশিশু এবং নারীদের বিরুদ্ধে যৌন হিংসার ঘটনা সারা বিশ্বেরই উদ্বেগের বিষয়। গত ১৫-২০ বছরে মানব পাচার ও পতিতাবৃত্তি সম্পর্কে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও বধূ কেনাবেচা এবং বধূ দাসত্বের প্রথা তুলনামূলকভাবে অনেক কম গুরুত্ব পেয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র উৎসব ও প্রতিষ্ঠানে ছবিটির প্রদর্শনকালে দর্শকদের সঙ্গে তাঁর কথোপকথন এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, এই বিষয়ে আন্তর্জাতিক স্তরে আরও বেশি সচেতনতা ও আলোচনা প্রয়োজন।
‘পারো: দ্য আনটোল্ড স্টোরি অফ ব্রাইড স্লেভারি’ ছবির মাধ্যমে তৃপ্তি ভোইর একটি গভীর উদ্বেগজনক সামাজিক সমস্যাকে সমাজের প্রান্তিক পরিসর থেকে মূল আলোচনায় নিয়ে আসতে চান। পাশাপাশি লিঙ্গবৈষম্য, বধূ দাসত্ব এবং নারীর মর্যাদা ও অধিকার নিয়ে বৃহত্তর সামাজিক আলোচনার সূচনা করাও তাঁর লক্ষ্য।
সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন শুভঙ্কর বশিষ্ঠ।
SC.....