নতুন দিল্লি, ২৬ নভেম্বর, ২০২৬
আমরা এক মুহূর্তের জন্য স্ক্রল করি, ঘণ্টার পর ঘণ্টা থেকে যাই, পরবর্তী নোটিফিকেশনের পেছনে ছুটি এবং পরের সোয়াইপের কাছে আত্মসমর্পণ করি। কিন্তু যদি স্ক্রিনই আমাদের জীবনকে স্ক্রল করতে শুরু করে? এই অস্বস্তিকর সম্ভাবনাটি অন্বেষণ করে, তামিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ক্রোল’ গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্মার্টফোন আসক্তি, অ্যালগরিদমের কারসাজি এবং ডিজিটাল দাসত্বের মতো বিষয়গুলি তুলে ধরেছে।
উৎসবের পাশাপাশি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিচালক-প্রযোজক কান্নান এস, প্রধান অভিনেতা অরবিন্দ সুন্দর ও কাব্য অনিলের সঙ্গে চলচ্চিত্রটির গল্প বলার অপ্রচলিত ধরণ, পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ কৌশল এবং সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।
ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের জন্য নির্বাচিত, ‘স্ক্রোল’ হলো আইএফএফআই ২০২৬-এ আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদকের জন্য মনোনীত একমাত্র তামিল চলচ্চিত্র। ১২৮ মিনিটের এই মনস্তাত্ত্বিক থ্রিলারটি একটি অভিনব স্ক্রিন-লাইফ ফর্ম্যাট ব্যবহার করে, যার আখ্যানটি সম্পূর্ণরূপে একটি মোবাইল ফোন ইন্টারফেসের মাধ্যমে উন্মোচিত হয়।
চলচ্চিত্রটি স্মার্টফোন আসক্তির সাথে লড়াই করতে থাকা এক যুবককে অনুসরণ করে, যে তার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টায় একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে। গেমের মতো কাজ এবং পুরস্কারের মাধ্যমে ডিজিটাল মুক্তির প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়ে এটি শীঘ্রই উদ্বেগজনক চ্যালেঞ্জ এবং মনস্তাত্ত্বিক জবরদস্তির এক চক্রে পরিণত হয়।
আইসিএফটি-ইউনেস্কো গান্ধী পদকের জন্য চলচ্চিত্রটির মনোনয়ন প্রসঙ্গে পরিচালক কান্নান এস ক্রমবর্ধমান প্রযুক্তি-চালিত বিশ্বে সত্য, অহিংসা এবং আত্মসংযমের গান্ধীবাদী মূল্যবোধের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, ব্লু হোয়েল চ্যালেঞ্জের মতো বাস্তব জগতের ডিজিটাল ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে। উপদেশমূলক না হয়েও এই ছবি তরুণ দর্শকদের লাগামহীন ডিজিটাল নির্ভরতা নিয়ে ভাবতে উৎসাহিত করতে চায়।কান্নান বলেন, “আমরা বক্তৃতার পরিবর্তে একটি আকর্ষণীয় থ্রিলারের মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক বার্তা দিতে চেয়েছিলাম।”
কান্নান সম্পূর্ণভাবে একটি মোবাইল ফোন ইন্টারফেসের মধ্যে একটি চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জগুলি নিয়েও কথা বলেন। বেশিরভাগ অভিনেতা বিভিন্ন স্থান থেকে স্বাধীনভাবে তাদের অংশের শুটিং করেছেন, এই উৎসবেই বেশ কয়েকজন কলাকুশলীর মধ্যে প্রথম মুখোমুখি দেখা হয়েছে। কান্নান বলেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মোবাইল স্ক্রিনের সীমিত ফ্রেমে সিনেমার উত্তেজনা ধরে রাখা এবং একইসঙ্গে কাহিনিকে আকর্ষণীয় ও প্রভাবপূর্ণ রাখা।”
প্রধান অভিনেতা অরবিন্দ সুন্দর, অন্য একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোন আসক্তি কাটিয়ে ওঠার চেষ্টার বিড়ম্বনা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, দৈনন্দিন জীবনই তাঁর চরিত্রের প্রস্তুতি হয়ে উঠেছিল।
কাব্যা অনিল চিত্রনাট্যটির ভিন্নধর্মী আখ্যান এবং সমসাময়িক প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, চলচ্চিত্রটি ক্ষতিকর ডিজিটাল চ্যালেঞ্জগুলোকে মহিমান্বিত বা সেগুলির পরিণতিকে চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করে না, বরং প্রযুক্তি কীভাবে সংযোগ স্থাপন ও নিয়ন্ত্রণ—উভয়ই করতে পারে, তার একটি মননশীল বিশ্লেষণ তুলে ধরে।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন শ্রী সুরেশ কুমার এম।
SC/SD/SKD