গোয়া ২৩ নভেম্বর ২০২৬
একটি কাহিনীতে অতীতের ভূতেরা অস্থির বিবেকের মুখোমুখি হয়, অন্যদিকে অন্য কাহিনীতে এমন এক পবিত্র ভালোবাসার উদ্যাপন করা হয়েছে, যা কোনও দূরত্ব বা প্রতিকূলতার কারণে ম্লান হতে পারে না। মানবজীবনের দুটি ভিন্ন অথচ গভীরভাবে আবেগময় দিক তুলে ধরেছে ‘পাগলা ঘোড়া’ এবং ‘ওহ মাই ডগ’। ভারতীয় প্যানোরামা বিভাগে নির্বাচিত বাংলা ও হিন্দি ভাষার এই দুটি চলচ্চিত্র আজ গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) এক সাংবাদিক সম্মেলনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
চলচ্চিত্র নির্মাতা শেখর দাস ও অমিত রাই, বিশিষ্ট বাংলা অভিনেত্রী গার্গী রায়চৌধুরী এবং প্রযোজক ডঃ প্রবীর ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁরা নিজেদের ছবি এবং অপরাধবোধ, বিশ্বাসঘাতকতা, সহমর্মিতা ও নিঃশর্ত ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে তাঁদের ভাবনা তুলে ধরেন। এই দুটি কাহিনী একসঙ্গে প্রমাণ করে যে, মানবিক আবেগের সর্বজনীন ভাষার মাধ্যমে চলচ্চিত্র কীভাবে ভাষাগত ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করতে পারে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শেখর দাস, প্রধান অভিনেত্রী গার্গী রায়চৌধুরী এবং প্রযোজক ডঃ প্রবীর ভৌমিক কিংবদন্তি নাট্যকার বাদল সরকারের মঞ্চনাট্যের অনবদ্য সৃষ্টি ‘পাগলা ঘোড়া’র চলচ্চিত্রায়ন সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। রাতের অন্ধকারে এক ভৌতিক পরিবেশে বনাঞ্চলের একটি শ্মশানকে কেন্দ্র করে ছবির কাহিনী আবর্তিত হয়েছে। আত্মহত্যা করে মারা যাওয়া এক মহিলার শেষকৃত্য সম্পন্ন করতে সেখানে চারজন পুরুষ সমবেত হন। সেই মহিলার আত্মা যখন তাঁদের মুখোমুখি হয়, তখন তাঁদের লুকিয়ে রাখা গোপন সত্যগুলি একে একে প্রকাশ্যে আসতে শুরু করে। উন্মোচিত হয় বিশ্বাসঘাতকতা ও পরকীয়ার সঙ্গে জড়িত তাঁদের অতীতের এক অভিন্ন ইতিহাস। এভাবেই ছবিটি অপরাধবোধ, মানসিক অবহেলা এবং মানুষের বিবেকের এক গভীর ও মর্মস্পর্শী অন্বেষণকে তুলে ধরে। একই সঙ্গে এটি এই যন্ত্রণাদায়ক সত্যকে তুলে ধরে যে, অনেক সময় অনুশোচনা আসে অনেক দেরিতে।
বাদল সরকারের রচনার চিরন্তন প্রাসঙ্গিকতা এবং আঞ্চলিক চলচ্চিত্রের সর্বজনীন আবেদন প্রসঙ্গে পরিচালক শেখর দাস ভাষাগত ও ভৌগোলিক সীমানা অতিক্রম করার ক্ষেত্রে কাহিনী তুলে ধরার শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “শিল্পের কোনও সীমা নেই, রয়েছে কেবল শিকড়। যখন কোনও কাহিনী মানুষের বিবেক এবং আবেগের সত্যের গভীরে প্রোথিত থাকে, তখন তা ভাষা নির্বিশেষে বিশ্বের সর্বত্র দর্শকদের হৃদয়ে পৌঁছে যায়।”
গার্গী রায়চৌধুরী এমন একটি চরিত্রে অভিনয়ের আবেগঘন জটিলতা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। চরিত্রটির উপস্থিতি একদিকে যেমন মানুষের দুর্বলতার প্রতিচ্ছবি হয়ে ওঠে, অন্যদিকে তেমনই নৈতিক চেতনার জাগরণ ঘটানোর অনুঘটক হিসেবে কাজ করে। তিনি উল্লেখ করেন যে, এই চরিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্রের বিভিন্ন স্তরে থাকা আবেগের সূক্ষ্ম দিকগুলির সঙ্গে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে নিজেকে একাত্ম করতে হয়েছে।
প্রযোজক ডঃ প্রবীর ভৌমিক সাহিত্য ও নাট্যকর্মের চলচ্চিত্রায়নে সহায়তা করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ ভারতের সমৃদ্ধ শিল্পকলা ও নাট্য ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে, এর মাধ্যমে কালজয়ী সাহিত্য ও নাট্যকর্মকে সমসাময়িক চলচ্চিত্রের দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
মানবিক সম্পর্কের জটিলতা থেকে মানব ও প্রাণীর মধ্যে অসাধারণ পবিত্র বন্ধনের প্রসঙ্গে এসে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অমিত রাই তাঁর পূর্ণদৈর্ঘ্যের হিন্দি চলচ্চিত্র ‘ওহ মাই ডগ’ উপস্থাপন করেন। এটি একটি হৃদয়স্পর্শী অথচ আবেগঘন কাহিনী, যেখানে সহমর্মিতা, সাহস, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার মানসিক শক্তি এবং নিঃশর্ত ভালোবাসার উদ্যাপন করা হয়েছে।
‘রোড টু সঙ্গম’, ‘আই-প্যাড’ এবং ‘ওএমজি-২’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রের জন্য পরিচিত অমিত রাই এই ছবিতে ভারতের দুটি ভিন্ন প্রান্তের দুটি সমান্তরাল যাত্রার কাহিনী তুলে ধরেছেন। আসামের ১৪ বছর বয়সী অপু তার অপহৃত পোষ্য কুকুর মোমোকে উদ্ধারের জন্য মরিয়া অনুসন্ধানে বেরিয়ে পড়ে। অন্যদিকে, বিহারে অস্কার নামে এক অত্যন্ত অনুগত কুকুর তার অপহৃত ১৫ বছর বয়সী মালিক প্রিন্সকে খুঁজে বার করার জন্য যাত্রা শুরু করে। দূরত্বের কারণে তারা বিচ্ছিন্ন হলেও, তাদের অটুট বন্ধন একসূত্রে বেঁধে রাখে। তাদের এই যাত্রা শেষ পর্যন্ত সাহস, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং নিঃশর্ত ভালোবাসার এক হৃদয়স্পর্শী কাহিনীতে পরিণত হয়। এই ছবিটিতে দেখানো হয়েছে, ভালোবাসা ও নিষ্ঠার অসাধারণ শক্তি কীভাবে সমস্ত সীমারেখা অতিক্রম করতে পারে।
চলচ্চিত্রটির দ্বৈত কাহিনীর অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে পরিচালক অমিত রাই
বলেন, “প্রাণীরা কোনও ধরনের পক্ষপাত বা শর্তসাপেক্ষ ভালোবাসার বোঝা বহন করে না। তাদের আনুগত্য পুরোপুরি নিঃশর্ত। এই দুটি সমান্তরাল যাত্রার মাধ্যমে আমি দর্শকদের উপলব্ধি করাতে চেয়েছি যে, সহমর্মিতা ও গভীর ভালোবাসা কীভাবে যে কোনও দূরত্ব অতিক্রম করতে এবং সমস্ত ভয়কে জয় করতে পারে।”
বিস্তারিত পড়তে এই লিঙ্কে ক্লিক করুন -
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/MP/DM..