গোয়া, ২২ নভেম্বর, ২০২৬
সিনেমা নানা ভাষায় কথা বললেও, এর আবেগ সীমার গণ্ডিতে আবদ্ধ থাকে না। অভিন্ন ভাষাকে কেন্দ্র করে, ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এ আয়োজিত ‘ব্রিকস ফিল্ম ফেস্টিভ্যাল রাউন্ডটেবিল’-এ সদস্য দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল যৌথ প্রযোজনা, পরিবেশনা, প্রযুক্তি বিনিময় ও সাংস্কৃতিক অংশীদারিত্ব।
এই গোলটেবিল বৈঠকে রাশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও ইরানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) এবং এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া (ইএসজি)-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত, অভিন্ন স্বার্থ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মাধ্যমে ব্রিকস দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, চলচ্চিত্র মানুষকে একত্রিত করে এবং বিভিন্ন সমাজ সম্পর্কে ধারণা গড়ে দেয়। এছাড়া চলচ্চিত্রে উপস্থাপিত বৈচিত্র্যময় ধারা ও বিষয়বস্তু দর্শকদের নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে সহায়তা করে।
তিনি মুম্বাইতে আয়োজিত ‘ব্রিকস ওয়েভস বাজার’-এর প্রসঙ্গও তুলে ধরেন, যেখানে আন্তর্জাতিক সহ-প্রযোজনা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যানিমেশন, গেমিং এবং নারী নেতৃত্বের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যৌথভাবে কাজ করার ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে তিনি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সম্ভাব্য প্রযোজনা অংশীদার খুঁজে বের করার সুযোগগুলির ওপর জোর দেন। তিনি সহ-প্রযোজনা উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করার এবং ডিজিটাল টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে কনটেন্ট আদান-প্রদান বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি, দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে চলমান এই গতিধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী শম্ভু এল. হাক্কি বলেন, এই আয়োজনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্রিকস অংশীদারিত্বকে প্রত্যক্ষ করার একটি সুযোগ করে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, চলচ্চিত্র কেবল একটি জাতির প্রতিফলনই নয়, বরং একে অপরকে বোঝার একটি মাধ্যমও বটে। আইএফএফআই-এর মূল বিষয়বস্তু ‘স্টোরিজ উইদাউট বর্ডারস’-এর উল্লেখ করে তিনি বলেন, ব্রিকস দেশগুলোর চলচ্চিত্রগুলি অংশীদার দেশগুলোর সাংস্কৃতিক অভিব্যক্তির এক ঝলক তুলে ধরে যা প্রাতিষ্ঠানিক সহযোগিতার বাইরেও পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করে তোলে।
এনএফডিসি-র চেয়ারম্যান শ্রী জি. কৃষ্ণকুমার মুম্বাইতে আয়োজিত ‘ব্রিকস ওয়েভস বাজার’-এর কথা তুলে ধরেন। তিনি জানান, এই উদ্যোগটি ব্রিকস দেশগুলোর চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পের সঙ্গে যুক্ত অংশীজনদের একত্রিত করার ভিত্তি স্থাপন করেছে। তিনি এই সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করতে এবং যৌথভাবে গল্প বলার সুযোগ তৈরিতে চলচ্চিত্র সহ-প্রযোজনার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া-র সিইও শ্রী দীপক বান্দেকর গোয়াকে চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময়ের একটি মিলনস্থল হিসেবে বর্ণনা করেছেন।
অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরেন। ভারতে নিযুক্ত নাইজেরিয়ার হাই কমিশনার সাইদু দাহিরু মুহাম্মদ তাঁর দেশের চলচ্চিত্র শিল্পের কথা তুলে ধরে উৎসবে নাইজেরিয়ার চলচ্চিত্র অন্তর্ভুক্ত করাকে স্বাগত জানিয়েছেন। তিনি সহ-প্রযোজনা ও বিতরণের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলিকে সহযোগিতার সম্ভাবনাময় দিক হিসেবে চিহ্নিত করেন যা তরুণ প্রজন্মের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে।
মুম্বাইয়ে রাশিয়ার ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আলেকসান্দর ফুরসোভ সীমানা ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে চলচ্চিত্রের সক্ষমতার ওপর আলোকপাত করেন। তিনি ভারত ও রাশিয়ার মধ্যে চলচ্চিত্র উৎসব সংক্রান্ত আদান-প্রদানকে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন।
ভারতে ইন্দোনেশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আরনি ওয়াহিউনি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি অ্যানিমেশন ও গেমিং-কে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক প্রতিনিধি, প্রযোজক ও অ্যানিমেশন পেশাজীবীদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আগ্রহ দেখান।
ভারতে ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ডঃ মোস্তফা গোহারিফার গোয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিভিন্ন সমাজ সম্পর্কে বোঝাপড়া তৈরির আলোচনার জন্য একটি উপযুক্ত পরিবেশ হিসেবে বর্ণনা করেন।
সমাপ্তি ভাষণে শ্রী জি. কৃষ্ণকুমার বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে একত্রিত করার ক্ষেত্রে চলচ্চিত্রের ভূমিকার ওপর পুনরায় জোর দেন। তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চলচ্চিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
গোলটেবিল বৈঠকটি শেষ একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শনের মাধ্যমে। এতে ব্রিকস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ব্রিকস দেশগুলোর চলচ্চিত্রগুলোকে তুলে ধরা হয়। এটা এক কথায় বৈচিত্র্যময় চলচ্চিত্র ঐতিহ্যের উদযাপন।
বিস্তারিত পড়তে এই লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/AB/DM