গোয়া, ২১ নভেম্বর ২০২৬
যোগাযোগের নানা মাধ্যমের মধ্যে ভাষা একটি মাত্র মাধ্যম। মানুষের আবেগ ভাষার সীমানা অতিক্রম করতে পারে। গোয়ায় ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) পাশে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ কথা বলেন লাদাখি নন-ফিচার ছবি ‘বিকামিং’-এর পরিচালক চলচ্চিত্র নির্মাতা শ্রীমতী লীনা যাদব। ভারতীয় প্যানোরমা ২০২৬-এর উদ্বোধনী নন-ফিচার ছবি হিসেবে নির্বাচিত ‘বিকামিং’-এ লাদাখের সাংস্কৃতিক পরিমণ্ডল ও ঐতিহ্যের মধ্য দিয়ে এক আধ্যাত্মিক যাত্রার কাহিনি তুলে ধরা হয়েছে।
স্থানীয় অপেশাদার অভিনেতাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রীমতী যাদব জানান, তিনি মূলত হিন্দিতে তাঁদের সঙ্গে কথা বলতেন। অন্যদিকে, অনেক অভিনেতাই লাদাখি ভাষায় কথা বলতেন এবং হিন্দির সঙ্গে তাঁদের পরিচিতি ছিল সীমিত। ভাষার এই ব্যবধান সত্ত্বেও অভিনেতারা নিজেদের চরিত্রের আবেগ বুঝতে এবং তা যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তাঁর মতে, এই অভিজ্ঞতা শুনতে জানা, সংবেদনশীলতা এবং শব্দের বাইরেও যোগাযোগের গুরুত্ব আরও স্পষ্ট করেছে।
শ্রীমতী যাদবের লেখা ও পরিচালনায় ‘বিকামিং’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে লাদাখের এক বালক আগিয়ালকে ঘিরে। প্রকৃতির সঙ্গে তার অস্বাভাবিক সম্পর্ক এবং অন্য এক জীবনের স্মৃতির মতো কিছু অভিজ্ঞতা তাকে প্রাচীন লিকির মঠের দিকে নিয়ে যায়। শ্রদ্ধেয় এক রিনপোচের সঙ্গে সম্পর্কিত কিছু সামগ্রী সে চিনতে পারলে সন্ন্যাসীদের মনে বিশ্বাস জন্মায়, আগিয়াল সম্ভবত সেই আধ্যাত্মিক শিক্ষকের পুনর্জন্ম। পুনর্জন্ম, পরিচিতি, নিয়তি এবং অতীত ও বর্তমানের সম্পর্কের মতো বিষয় উঠে এসেছে ছবিতে।
ছবিটিকে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে শ্রীমতী যাদব বলেন, ‘বিকামিং’-এর ভাবনা শুধু কেন্দ্রীয় চরিত্রের যাত্রার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের জীবনে প্রতিনিয়ত পরিবর্তনের যে প্রক্রিয়া চলতে থাকে, এই নাম তারই প্রতীক। এই প্রক্রিয়ার কোনও নির্দিষ্ট সমাপ্তি নেই। ছবির কাহিনি ও দৃশ্যভাষায় বৌদ্ধ দর্শন এবং লাদাখের স্বতন্ত্র প্রাকৃতিক পরিবেশের প্রভাবের কথাও তিনি তুলে ধরেন।
ছবিটির পরিকল্পনার সূত্রপাত প্রসঙ্গে প্রযোজক ও চিত্রগ্রাহক শ্রী অসীম বাজাজ জানান, প্রতিকূল পরিবেশে ক্যামেরার সরঞ্জাম পরীক্ষা করার একটি সুযোগ থেকেই ছবিটির ভাবনা আসে। শুধু সরঞ্জামের কার্যকারিতা যাচাই করার পরিবর্তে তিনি লাদাখে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরির প্রস্তাব দেন। শ্রীমতী যাদবের সামনে তিনি তিনটি বিষয় তুলে ধরেছিলেন: ‘বিকামিং’ নামটি, বৌদ্ধ দর্শনের জগৎ এবং ছবির প্রেক্ষাপট হিসেবে লাদাখ। চলচ্চিত্র নির্মাতারা সেখানকার পরিবেশ ও মানুষের সঙ্গে পরিচিত হতে হতে এই বিষয়গুলি ধীরে ধীরে একটি কাহিনির রূপ নেয়।
ছবির নির্মাণপ্রক্রিয়া সম্পর্কে চলচ্চিত্র নির্মাতারা জানান, লাদাখের বাইরের ১৯ জনের একটি ছোট দল স্থানীয় সহযোগীদের সঙ্গে নিয়ে চিত্রনাট্য তৈরি, অপেশাদার অভিনেতা নির্বাচন এবং শুটিংয়ের কাজ সম্পন্ন করে। উচ্চ পার্বত্য পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়-সহ মাত্র ১৫ দিনের মধ্যে শুটিং শেষ হয়। শ্রীমতী যাদব জানান, এই কাজের জন্য প্রয়োজন হয়েছিল নমনীয়তার। ছবির নির্মাণের প্রতিটি পর্যায়ে সেখানকার পরিবেশ ও মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
শ্রী বাজাজ জানান, ছবিতে কোনও ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করা হয়নি। প্রাকৃতিক দৃশ্যপট এবং ঘটনাস্থলেই চিত্রগ্রহণের উপর নির্ভর করা হয়েছে। তাপমাত্রা প্রায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় দলকে শারীরিকভাবে যথেষ্ট প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল। তবে ক্যামেরার সরঞ্জাম নির্ভরযোগ্যভাবে কাজ করেছে। প্রকৃতির বিশালতা এবং লাদাখের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তার কাছে তাঁরা দু’জনেই মুগ্ধ ও বিনম্র হয়েছেন বলে জানান।
পুনর্জন্ম নিয়ে স্থানীয় মানুষের অভিজ্ঞতা এবং বৌদ্ধ ঐতিহ্যের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতারা। ছবির প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত বিশ্বাস ও সাংস্কৃতিক পরিমণ্ডল বুঝতে এই অভিজ্ঞতাগুলি তাঁদের সাহায্য করেছে।
ছবির পোস্টার সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য জানান শ্রীমতী যাদব। তিনি বলেন, পোস্টারে পিছন ফিরে দাঁড়িয়ে থাকা লাল কাপড়ে ঢাকা এক বালকের যে দৃষ্টিনন্দন ছবি রয়েছে, তা শুটিংয়ের সময়ের একটি স্বতঃস্ফূর্ত মুহূর্ত থেকে তৈরি হয়েছিল। কাপড়, ছায়া এবং চারপাশের আলোর মেলবন্ধনে এমন একটি দৃশ্য তৈরি হয়, যা চলচ্চিত্র নির্মাতাদের মতে ‘বিকামিং’-এর মূল ভাবনাকে ফুটিয়ে তুলেছে।
IFFI 2026-এ ভারতীয় প্যানোরমার উদ্বোধনী নন-ফিচার ছবি হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রীমতী যাদব ও শ্রী বাজাজ দু’জনেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষের সঙ্গে সংযোগ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং লাদাখের প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছবিটির যাত্রা। ভাষা ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে এক কাহিনির অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে ‘বিকামিং’।
****
SC/SS