প্রকাশিত:
20 NOV 2026 2:35PM by PIB Kolkata
নয়াদিল্লি ২০ নভেম্বর, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ নতুন দিল্লির কন্সটিটিশন ক্লাবে বেনেট ইউনিভার্সিটি স্কুল অফ ল আয়োজিত সংবিধান সপ্তাহ উদযাপন ২০২৬-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করেন।
তাঁর ভাষণে উপ-রাষ্ট্রপতি বলেন, ভারতের সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, এটি হল প্রজাতন্ত্রের নৈতিক দিকনির্দেশক। তিনি বলেন, সাংবিধানিক মূল্যবোধকে শুধুমাত্র প্রতিষ্ঠান ও আইনি দলিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জনজীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে।
উপ রাষ্ট্রপতি আরও বলেন, গত এক দশকে প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমার ওপরে তুলে আনা হয়েছে। গরিবদের জন্য ৪ কোটি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। গ্রামাঞ্চলে ৮২ শতাংশের বেশি এলাকাকে নলবাহিত জল সরবরাহের আওতায় আনা হয়েছে।
দেশগঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নারীশক্তি বন্দন অধিনিয়মের মতো উদ্যোগের মাধ্যমে তাঁদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশ মহিলা নেতৃত্বাধীন অগ্রগতির পথে এগিয়ে চলেছে, যেখানে মহিলারা দেশের ভাগ্য নির্ধারণে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠছেন।
ডিজিটাল গণপরিবহন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতির কথা তুলে ধরে উপ রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তিকে মানবসেবার কাজে লাগাতে হবে এবং উদ্ভাবনের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন এবং সুযোগের প্রসার ঘটাতে হবে। তিনি আরও বলেন, দেশ যখন ‘বিকশিত ভারত @২০৪৭’-এর দিকে এগিয়ে চলেছে, তখন সাংবিধানিক মূল্যবোধই দেশের অগ্রগতির ভিত্তি হয়ে উঠছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
SC / MP /AG