প্রকাশিত:
20 NOV 2026 10:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ নভেম্বর ২০২৬
বতসোয়ানা থেকে ভারতে নিয়ে আসা আড়াই বছর বয়সি স্ত্রী চিতা ‘KOMG 3’ আজ প্রাকৃতিক পরিবেশে চারটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। প্রজেক্ট চিতা এবং ভারতে চিতার সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রে এই ঘটনা এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।
এক্স বার্তায় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব লিখেছেন,
“বতসোয়ানা থেকে ভারতে নিয়ে আসা আড়াই বছর বয়সি স্ত্রী চিতা KOMG 3 আজ বন্য পরিবেশে চারটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, বতসোয়ানা থেকে আনা স্ত্রী চিতাদের মধ্যে প্রথম KOMG 3-ই শাবকের জন্ম দিল। প্রজেক্ট চিতার ইতিহাসে এটি এক উল্লেখযোগ্য মাইলফলক। একই সঙ্গে ভারতে চিতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ যাত্রায় এটি এক গর্বের মুহূর্ত।
চার মাসেরও বেশি সময় বন্য পরিবেশে কাটানোর পর KOMG 3 সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই শাবকগুলির জন্ম দিয়েছে। ২০২২ সালে চিতা পুনঃপ্রবর্তন কর্মসূচি শুরু হওয়ার পর বন্য পরিবেশে চিতার শাবক জন্ম দেওয়ার এটি দ্বিতীয় নথিভুক্ত ঘটনা।
নতুন চারটি শাবকের জন্মের ফলে ভারতে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। এর মধ্যে ৪৩টি চিতার জন্ম হয়েছে ভারতেই।
প্রতিটি নতুন শাবকের জন্ম আমাদের মনে আশার সঞ্চার করে, সংরক্ষণের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে এবং মনে করিয়ে দেয় যে বন্যপ্রাণী সংরক্ষণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় ও সম্মিলিত প্রচেষ্টা।
এই উল্লেখযোগ্য সাফল্যের নেপথ্যে রয়েছে প্রকল্পের ব্যবস্থাপক, পশুচিকিৎসক, বন বিভাগের সামনের সারির কর্মী এবং সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা, দায়বদ্ধতা ও অক্লান্ত পরিশ্রম। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই গর্বের মুহূর্তের সাক্ষী হতে পেরেছে দেশ। প্রজেক্ট চিতার সাফল্য নিশ্চিত করতে তাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন।
https://x.com/byadavbjp/status/2123636905564635245?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2123636905564635245%7Ctwgr%5E7478798eb29388d679da4101ed320e2fa446f3a6%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2338867reg%3D48lang%3D1
SC/SD/SKD