জল শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

পানীয় জল ও স্যানিটেশন বিভাগের উদ্যোগে জেলা কালেক্টরদের ১৪তম ‘পানীয় জল সম্বাদ’ বৈঠকের আয়োজন 

জল জীবন মিশন ২.০-র আওতায় জনঅংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জলের উৎসের স্থায়িত্ব এবং গ্রামীণ এলাকায় ২৪ ঘণ্টা জল সরবরাহের ক্ষেত্রে হিমাচল প্রদেশ, গুজরাট, আসাম ও ত্রিপুরার চার জেলার উদ্ভাবনী উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 19 NOV 2026 3:38PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের পানীয় জল ও স্যানিটেশন বিভাগ  আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪তম জেলা কালেক্টরদের ‘পানীয় জল সম্বাদ’ বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা কালেক্টর, জেলা শাসক এবং মিশন ডিরেক্টররা অংশগ্রহণ করেন। জল জীবন মিশন ২.০-র বাস্তবায়ন আরও ত্বরান্বিত করা এবং বিভিন্ন জেলার সফল ও উল্লেখযোগ্য উদ্যোগের অভিজ্ঞতা বিনিময়ই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।

জাতীয় জল জীবন মিশনের অতিরিক্ত সচিব ও মিশন ডিরেক্টর শ্রী কমল কিশোর সোন বৈঠকে সভাপতিত্ব করেন। পানীয় জল ও স্যানিটেশন দপ্তর এবং জাতীয় প্রকল্প পর্যবেক্ষণ ইউনিটের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

প্রারম্ভিক বক্তব্যে শ্রী কমল কিশোর সোন বলেন, জেলা কালেক্টরদের পানীয় জল সম্বাদ বৈঠক দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল স্তরে গড়ে ওঠা উদ্ভাবনী উদ্যোগ এবং জেলা পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। এই বৈঠকে উপস্থাপিত উল্লেখযোগ্য উদ্যোগগুলি সংকলন করে প্রধানমন্ত্রীর দপ্তর, মন্ত্রিসভা সচিবালয়, নীতি আয়োগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রকের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, যাতে সফল উদ্যোগগুলি দেশের অন্যান্য এলাকাতেও বাস্তবায়িত করা যায় এবং নীতিনির্ধারণের ক্ষেত্রে অভিজ্ঞতাগুলি কাজে লাগানো সম্ভব হয়।

তিনি জেলা কালেক্টরদের প্রতি জেলা জল ও স্যানিটেশন কমিটির নিয়মিত মাসিক বৈঠক নিশ্চিত করা, তথ্যভিত্তিক পরিকল্পনার জন্য ডিসিশন সাপোর্ট সিস্টেম'এর সক্রিয় ব্যবহার এবং জল সেবা আঙ্কলনের মাধ্যমে চিহ্নিত ঘাটতিগুলি পূরণে জেলা পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা  গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, ষোড়শ অর্থ কমিশনের আওতায় উপলব্ধ সুযোগ কাজে লাগানো, জনঅংশগ্রহণ আরও শক্তিশালী করা এবং জল জীবন মিশনের আওতায় নির্মিত গ্রামীণ পানীয় জল পরিকাঠামোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য আইটিআই, আরএসইটিআই এবং এসআরএলএম-এর মতো সরকারি প্রতিষ্ঠান ও ব্যবস্থার মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

জাতীয় জল জীবন মিশনের ডিরেক্টর শ্রীমতী পূজা ভাট জল জীবন মিশন ২.০-র আওতায় দক্ষতা উন্নয়ন সংক্রান্ত একটি উপস্থাপনা পেশ করেন। গ্রামীণ পানীয় জল ক্ষেত্রে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, বিভিন্ন সমীক্ষায় পানীয় জল সরবরাহ ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় স্তরে দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার ব্যাপক সুযোগের কথা উঠে এসেছে। তিনি জল জীবন মিত্র, বহুমুখী দক্ষতাসম্পন্ন প্রযুক্তিবিদ, ডিপ্লোমা অপারেটর এবং তত্ত্বাবধায়ক কর্মীদের নিয়ে প্রস্তাবিত কাঠামোর বিস্তারিত তুলে ধরেন। এই ব্যবস্থাকে জেলা পর্যায়ের প্রযুক্তিগত ইউনিটের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, জল গুণমান পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পানীয় জল সম্পদের সুরক্ষায় মহিলাদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে ‘সুজলম শক্তি’ উদ্যোগের কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পানীয় জল পরিকাঠামোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে সুপরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচি, সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমন্বয় এবং মাঠপর্যায়ের কর্মীদের নিয়মিত পুনঃপ্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

চার জেলার উদ্ভাবনী উদ্যোগ ও সাফল্যের অভিজ্ঞতা উপস্থাপন

পানীয় জল সম্বাদ  বৈঠকে মোট চারটি জেলার পক্ষ থেকে জল জীবন মিশন ২.০-র আওতায় অগ্রগতি এবং মাঠপর্যায়ে বাস্তবায়িত উল্লেখযোগ্য উদ্যোগগুলি তুলে ধরা হয়। সংশ্লিষ্ট জেলার জেলা কালেক্টর বা জেলা শাসকরা নিজ নিজ জেলার অভিজ্ঞতা উপস্থাপন করেন।

  • হিমাচল প্রদেশের কাংড়া নগর জেলার ডেপুটি কমিশনার শ্রী হেমরাজ বাইরওয়া দুর্গম হিমালয় অঞ্চলে স্থায়ী পানীয় জল পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে জেলার উদ্যোগগুলি তুলে ধরেন। তিনি জানান, জেলায় ১০০ শতাংশ পানীয় জল সংযোগের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ‘হর ঘর জল’ শংসাপত্র প্রদানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অবশিষ্ট গ্রামগুলিতে শংসাপত্র প্রদানের প্রক্রিয়া চলছে। দুর্গম ভৌগোলিক অবস্থান, ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনবসতি, বিদ্যুৎ সরবরাহের সমস্যা, পুরনো জল সরবরাহ ব্যবস্থা, বর্ষাকালীন বিঘ্ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়। এই সমস্যাগুলি মোকাবিলায় পুরনো জল সরবরাহ প্রকল্পগুলির পুনরুজ্জীবন ও সম্প্রসারণ, পাম্পিং ব্যবস্থা শক্তিশালী করা, অতিরিক্ত জল সংরক্ষণ পরিকাঠামো তৈরি এবং জলের উৎসের স্থায়িত্ব রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া, গ্রাম জল ও স্যানিটেশন কমিটির মাধ্যমে জনসম্পৃক্ততা, মহিলা সদস্যদের প্রশিক্ষণ, সচেতনতামূলক প্রচার, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, অভিযোগ নিষ্পত্তি এবং মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়গুলিও তুলে ধরা হয়।

জাতীয় জল জীবন মিশনের অতিরিক্ত সচিব জলের ব্যবহার বাবদ নির্ধারিত চার্জ সংগ্রহের ব্যবস্থা শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি জল উৎসের স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাহাড়ি অঞ্চলে জলের উৎস সংরক্ষণের ক্ষেত্রে উত্তরাখণ্ডের বিভিন্ন দপ্তরের মধ্যে সফল সমন্বয়মূলক মডেলগুলি হিমাচল প্রদেশের অধ্যয়ন করা উচিত বলেও তিনি পরামর্শ দেন।

  • গুজরাটের বলসাড় জেলার কালেক্টর শ্রী নীতিন ভি. সাংওয়ান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জল সরবরাহের শুল্ক সংগ্রহ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে জেলার উদ্ভাবনী উদ্যোগগুলি তুলে ধরেন। তিনি জানান, জেলায় ১০০ শতাংশ সুজলম ভারত আইডি এবং সুজল গাঁও আইডি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। গ্রাম পঞ্চায়েত, স্বনির্ভর গোষ্ঠী এবং জল সরবরাহ ব্যবস্থার অপারেটরদের জন্য কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে জল ব্যবহারের চার্জ সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং গ্রামীণ জল সরবরাহ ব্যবস্থার আর্থিক স্থায়িত্ব শক্তিশালী হয়েছে। ভূগর্ভস্থ জলের ওপর নির্ভরতা কমাতে ভূপৃষ্ঠস্থ জলভিত্তিক পানীয় জল সরবরাহ ব্যবস্থার প্রসারের কথাও তুলে ধরা হয়। আইটিআই এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি জল সরবরাহ ব্যবস্থার অপারেটর, পঞ্চায়েত এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলির প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সহায়তা করেছে। পাশাপাশি, জনসচেতনতা, নিয়মিত জল গুণমান পরীক্ষা এবং পরিকাঠামোর মানচিত্র তৈরির উদ্ভাবনী উদ্যোগের কথাও জানানো হয়।

জাতীয় জল জীবন মিশনের অতিরিক্ত সচিব গুজরাটের শুল্ক সংগ্রহ, দক্ষতা উন্নয়ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। তিনি গ্রামস্তরের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের গুজরাটের উদ্যোগগুলি সরেজমিনে পরিদর্শনের সুযোগ করে দেওয়ার পরামর্শ দেন।

​​​​​​​

  • আসামের জোরহাট জেলার ডেপুটি কমিশনার শ্রী জয় শিবানি জল সরবরাহ প্রকল্পগুলির সম্পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করা, জনঅংশীদারিত্ব বৃদ্ধি এবং অসমে ২৪ ঘণ্টা গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালুর ক্ষেত্রে জেলার উদ্যোগগুলি তুলে ধরেন। জেলায় জল সরবরাহ প্রকল্পগুলির নিয়মিত পর্যবেক্ষণ, সময়মতো মেরামতি, বিকেন্দ্রীভূত পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং পঞ্চায়েত ও স্থানীয় প্রতিষ্ঠানগুলির সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জল ব্যবহার বাবদ চার্জ সংগ্রহের উদ্ভাবনী মডেলের পাশাপাশি জল ব্যবহারকারী কমিটি, জল মিত্র এবং জল দূতদের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্যোগও তুলে ধরা হয়। এর ফলে জল সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা এবং আর্থিক স্থায়িত্ব উভয় ক্ষেত্রেই উন্নতি হয়েছে। ২৪ ঘণ্টা জল সরবরাহ ব্যবস্থা চালুর আগে স্থানীয় জনগণকে প্রস্তুত করা, স্থানীয় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা এবং পর্যায়ক্রমে এই ব্যবস্থা কার্যকর করার অভিজ্ঞতাও ভাগ করে নেওয়া হয়। আসামের অন্যান্য এলাকায় এই ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে জোরহাটের উদ্যোগ গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলে আশা প্রকাশ করা হয়।

জাতীয় জল জীবন মিশনের অতিরিক্ত সচিব আসামে ২৪ ঘণ্টা গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালুর ক্ষেত্রে জোরহাটের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। অন্যান্য জেলাকেও এই জেলার কার্যকর জল সরবরাহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, শুল্ক সংগ্রহ এবং জনঅংশীদারিত্বের মডেল অনুসরণ করার আহ্বান জানান। গ্রাম ও গ্রাম পঞ্চায়েত স্তর থেকে পর্যায়ক্রমে সম্পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের দিকেও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

  • ত্রিপুরার ঊনকোটি জেলার জেলা শাসক  শ্রীমতী মেঘা জৈন জনভাগিদারি, জলের উৎসের স্থায়িত্ব এবং জনজাতি অধ্যুষিত ও দুর্গম এলাকায় পানীয় জল পরিষেবা শক্তিশালী করার ক্ষেত্রে জেলার উদ্যোগগুলি তুলে ধরেন। তিনি জানান, গ্রাম পঞ্চায়েত, স্বনির্ভর গোষ্ঠী, স্কুল ওয়াটার ক্লাব এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জল সংরক্ষণ, জল গুণমান পর্যবেক্ষণ এবং পানীয় জল সম্পদের ওপর জনসাধারণের মালিকানাবোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ, পুকুরের পুনরুজ্জীবন, ব্যবহৃত জল ব্যবস্থাপনা এবং বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রেও বিভিন্ন দপ্তরের সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে পানীয় জল পরিষেবা প্রদানের সঙ্গে জলের উৎসের স্থায়িত্ব রক্ষার বিষয়টিকে যুক্ত করা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদি জল নিরাপত্তা নিশ্চিত করা যায়। বৈঠকে জেলার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে রিয়াং জনজাতি অধ্যুষিত এলাকায় ভূপৃষ্ঠস্থ জলভিত্তিক একটি উদ্ভাবনী পানীয় জল প্রকল্পের কথা তুলে ধরা হয়। রিয়াং জনগোষ্ঠী বিশেষভাবে পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী'র অন্তর্ভুক্ত। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস চিহ্নিতকরণ, জনঅংশগ্রহণ এবং স্থানীয় পরিকল্পনার মাধ্যমে এমন একটি এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে, যেখানে ভূগর্ভস্থ জলভিত্তিক সমাধান প্রযুক্তিগতভাবে কার্যকর ছিল না।

​​​​​​​

জাতীয় জল জীবন মিশনের অতিরিক্ত সচিব জলের উৎসের স্থায়িত্ব, জনঅংশীদারিত্ব এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ওপর ঊনকোটি জেলার গুরুত্বারোপের প্রশংসা করেন। তিনি বর্ষা-পরবর্তী সময়ে পানীয় জলের গুণমান পরীক্ষা করার ওপর বিশেষ গুরুত্ব দেন। জনস্বাস্থ্য সুরক্ষায় সব রাজ্য ও জেলাকে নিয়মিত জল গুণমান পর্যবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।

১৪তম জেলা কালেক্টরদের পানীয় জল সম্বাদ বৈঠকের আলোচনায় স্পষ্ট হয়েছে, দেশের বিভিন্ন জেলা স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পানীয় জল পরিষেবা আরও উন্নত করতে নানান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করছে। এই অভিজ্ঞতা বিনিময়ের ফলে সফল উদ্যোগগুলি দেশের অন্যান্য জেলায়ও বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ‘হর ঘর জল’ এবং সারা দেশে দীর্ঘস্থায়ী গ্রামীণ পানীয় জল সরবরাহের লক্ষ্য অর্জনের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338859) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Urdu , Kannada , English , हिन्दी , Assamese , Gujarati