প্রকাশিত:
18 NOV 2026 4:31PM by PIB Kolkata
দিল্লী, ১৮ নভেম্বর,২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতির সঙ্গে সঙ্গতি রেখে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ১৯ নভেম্বর ২০২৬, নয়াদিল্লিতে দু’দিনের ‘সন্ত্রাসবাদ-বিরোধী সম্মেলন’-এর উদ্বোধন করবেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় দেশের সম্মিলিত প্রতিক্রিয়া আরও জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের আয়ত্বাধীন জাতীয় তদন্তকারী সংস্থা এই সম্মেলনের আয়োজন করেছে। এ বছরের সম্মেলনের আলোচ্য বিষয় ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’।
বাৎসরিক এই সম্মেলন ক্রমশঃ সন্ত্রাসবাদ মোকাবিলায় নিয়োজিত বাহিনী, সংস্থা, প্রযুক্তি, আইন ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি গুরুত্বপূর্ণ সমাবেশে পরিণত হয়েছে। জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং সন্ত্রাসবাদ থেকে উদ্ভূত হুমকিগুলি নিয়ে সম্মিলিতভাবে পর্যালোচনা ও আলোচনার সুযোগ করে দেয় এই সম্মেলন।
Whole of Government Approach-এর সঙ্গে সঙ্গতি রেখে, সম্মেলনে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বিত ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যম গড়ে তোলাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি, ভবিষ্যৎ নীতি প্রণয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরামর্শ ও তথ্য সরবরাহের লক্ষ্য রয়েছে এই সম্মেলনের।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে বিদেশি বিচারব্যবস্থার আওতাধীন অঞ্চল থেকে প্রমাণ সংগ্রহ, সন্ত্রাসবাদ-সংক্রান্ত তদন্তে ডিজিটাল, ফরেনসিক ও তথ্য বিশ্লেষণের প্রয়োগ এবং বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবস্থাপনা। এছাড়াও, উগ্রপন্থায় দীক্ষিত হওয়ার প্রবণতা প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরণের বহুমাত্রিক হুমকি মোকাবিলার বিষয়েও আলোচনা হবে। সন্ত্রাসে অর্থ সরবরাহকারী নেটওয়ার্কগুলির বিঘ্ন ঘটাতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, কৌশল ও সংশ্লিষ্ট মামলার অভিজ্ঞতা নিয়েও পৃথক অধিবেশনে আলোচনা হবে। পাশাপাশি, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী সন্ত্রাসবাদ-বিরোধী কৌশল প্রণয়ন এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়টিও আলোচনায় স্থান পাবে।
এ বছর সম্মেলনের পাশাপাশি রাজ্য পুলিশের কর্মী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত পেশাদারদের জন্য একটি সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলার লক্ষ্যে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ-সংক্রান্ত তদন্তে নতুন ফৌজদারি আইনগুলির প্রয়োগ, বিচারপ্রক্রিয়ায় ডিজিটাল প্রমাণের ব্যবহার এবং বিচার সংক্রান্ত কৌশল ও ব্যবস্থাপনা। এছাড়াও, সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার তদন্তে বিশেষ বিধান, বিবাদী পক্ষের উত্থাপিত সাধারণ চ্যালেঞ্জ, সাক্ষীদের সুরক্ষা এবং বিচারপ্রক্রিয়া আরও উন্নত করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
দু’দিনের এই সম্মেলনে আলোচনার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাগুলি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবে, সন্ত্রাসবাদ মোকাবিলার বিভিন্ন ক্ষেত্রে অনুসৃত কার্যকর পদ্ধতিগুলি তুলে ধরতে পারবে এবং সন্ত্রাসবাদ-সংক্রান্ত তদন্ত থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষাকে কাজে লাগানোর সুযোগ পাবে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ঊর্ধতন পুলিশ আধিকারিক, সন্ত্রাসবাদ মোকাবিলায় নিয়োজিত কেন্দ্রীয় সংস্থা ও দপ্তরগুলির আধিকারিক এবং আইন, ফরেনসিক ও প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।
SC....