প্রকাশিত:
17 NOV 2026 1:04AM by PIB Kolkata
আন্তলিয়া (তুরস্ক), ১৬ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব বলেছেন, জলবায়ু পরিবর্তন প্রশমনে এবং পরিমণ্ডল স্থিতিস্থাপকতায় বিগ ক্যাট জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উচ্চস্তরের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি আরেকটি অনুষ্ঠানে আজ কেন্দ্রীয় মন্ত্রী বিগ ক্যাট জোট’কে শক্তিশালী পথপ্রদর্শক হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ও ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আন্তলিয়ায় রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (সিওপি৩১) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বিষয় হ’ল – বিগ ক্যাটস্: জলবায়ু পরিবর্তন প্রশমনের চালক।
নেপাল, ভেনেজুয়েলা, কম্বোডিয়া, শ্রীলঙ্কা সহ রামসর কনভেনশন এবং ইউএনসিসিডি’র মতো আন্তর্জাতিক স্তরের সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দিয়েছেন। বিগ ক্যাট শ্রেণির ৭টি প্রজাতি এবং তাদের পরিবেশ রক্ষায় বিশ্ব জলবায়ুর স্থিতিস্থাপকতা প্রসারে কার্বন সমৃদ্ধ পরিমণ্ডলকে শক্তিশালী করার উপরও জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে শ্রী যাদব বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দিশা-নির্দেশের ভিত্তিতে আন্তর্জাতিক বিগ ক্যাট জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্যপ্রাণ পুনরুদ্ধারে বিশ্বব্যাপী চ্যালেঞ্জের ক্ষেত্রে ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ মডেল যে কার্যকর ভূমিকা পালন করছে – তার উপর আলোকপাত করেন তিনি। বিশ্বজুড়ে ৭টি বিগ ক্যাট প্রজাতির পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করা এবং দক্ষতা প্রসারের উপরও জোর দেওয়া হয়। সেইসঙ্গে, রাজনৈতিক দায়বদ্ধতা, প্রাতিষ্ঠানিক শক্তি, বিনিয়োগ এবং গোষ্ঠী-ভিত্তিক প্রয়াসকে সুসংহতকরণের মধ্য দিয়ে বন্যপ্রাণ সংরক্ষণে পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, কার্বন সমৃদ্ধ পরিমণ্ডলকে সুরক্ষিত করতে বিগ ক্যাট সংরক্ষণ গুরুত্বপূর্ণ পথ দেখাতে পারে। জলবায়ু পরিবর্তন প্রশমনে বন্যপ্রাণ সংরক্ষণ এক অঙ্গাঙ্গী উপাদান-স্বরূপ বলে জানান তিনি। এক্ষেত্রে ভারতের প্রকৃতি-নির্ভর সমাধান সূত্রের প্রসঙ্গ উল্লেখ করে ব্যাঘ্র সংরক্ষণে ভারতের ভূমিকা তুলে ধরে শ্রী যাদব বলেন, দেশের ৫৮টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র প্রায় ৮৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। প্রায় ৬০০টিরও বেশি নদী ব্যাঘ্র সংরক্ষণ এলাকা দিয়ে হয় বয়ে গেছে, না হয়, সেগুলির উৎপত্তি-স্থল। ফলে, কার্বন সমৃদ্ধ পরিমণ্ডল, জল পরিশোধন, মৃত্তিকা সংরক্ষণ এবং ভূ-গর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দায়বদ্ধতা, শক্তিশালী আইন প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্রিয়তা বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে বাঘের সংখ্যা ২০২২ সালে বৃদ্ধি পেয়ে ৩,৬৮২’তে দাঁড়িয়েছে, যা বিশ্বের ৭০ শতাংশেরও বেশি। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বাজেট বরাদ্দ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, সহায়ক কারিগরি ব্যবস্থাপনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, প্রোজেক্ট টাইগার বার্ষিক প্রায় ৬০ লক্ষ মানব দিবস সৃষ্টি করে।
আইবিসিএ – এর মহানির্দেশক শ্রী এস পি যাদব বিগ ক্যাট-ভুক্ত দেশগুলির বর্তমান বন্যপ্রাণ সংরক্ষণের পরিস্থিতি তুলে ধরেন।
SC/AB/SB