প্রকাশিত:
15 NOV 2026 11:22AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ নভেম্বর, ২০২৬
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু; ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার সভাপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন; ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী; লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা; আইন ও বিচার মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল; সংসদ সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ সংসদ চত্বরে অবস্থিত 'প্রেরণা স্থল'-এ ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী তথা 'জনজাতীয় গৌরব দিবস' উপলক্ষে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
আজ এক বার্তায় শ্রী সি. পি. রাধাকৃষ্ণন এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, "সাহস ও প্রতিরোধের প্রতীক বিরসা মুণ্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়কে নেতৃত্ব দিয়েছিলেন এবং তাঁদের অধিকার, মর্যাদা ও পরিচিতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। তাঁর 'উলগুলান'-এর ডাক স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামের এক শক্তিশালী কণ্ঠস্বরে পরিণত হয়েছিল। 'জনজাতীয় গৌরব দিবস'-এ আমরা তাঁর সুদূরপ্রসারী উত্তরাধিকার এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতি গঠনে আদিবাসী সম্প্রদায়ের অমূল্য অবদানকে শ্রদ্ধা জানাই। তাঁর উত্তরাধিকার এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতি গঠনে আদিবাসী সম্প্রদায়ের অমূল্য অবদানকে কেন্দ্র করে আয়োজিত প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।"
আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে ২০২১ সাল থেকে ১৫ নভেম্বর তারিখটিকে 'জনজাতীয় গৌরব দিবস' হিসেবে পালন করা হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং বহু বিপ্লবী আন্দোলনের মাধ্যমে তারা অবদান রেখেছিল। এই দিনটি তাঁদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করে। সারা দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিতে ঐক্য ও গর্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং ভারতের স্বাধীনতা ও অগ্রগতিতে আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানানো হয়।
উদযাপনের অংশ হিসেবে, বিভিন্ন রাজ্য থেকে আগত ছয়জন আদিবাসী লোকশিল্পী সংসদ চত্বরের 'প্রেরণা স্থল'-এ বিশিষ্ট অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের শিল্পকলা প্রদর্শন করেন।
SC/SB/AS