গোয়া, ১৪ নভেম্বর, ২০২৬
ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬-এ থাকছে 'ব্রিকস-এর চলচ্চিত্র' শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী। এতে ব্রিকসভুক্ত দেশগুলির এমন সব চলচ্চিত্র তুলে ধরা হবে, যা গণতন্ত্র, স্বাধীনতা, পরিচিতি, ইতিহাস এবং সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করবে। বিভিন্ন দেশের ইতিহাস, সামাজিক বাস্তবতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিগুলি সংশ্লিষ্ট সমাজের দৃষ্টিভঙ্গিই আমাদের সামনে তুলে ধরবে।
২১টি সিনেমা নিয়ে সাজানো এই আয়োজনে বিভিন্ন দেশ, ভাষা ও ধারার বৈচিত্র্যময় সব কাহিনি উঠে এসেছে। এসব চলচ্চিত্রে স্বাধীনতা, পরিচিতি, সামাজিক অসাম্য, পরিবার, সংঘাত, বাস্তুচ্যুতি এবং আপন অস্তিত্ব বোধের মতো বিষয়গুলি অন্বেষণ করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে ইতিহাসের গুরুত্বপূর্ণ সংগ্রাম ও পরিবর্তনের মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছে- যার মধ্যে রয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলন থেকে শুরু করে দাসপ্রথা ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের নানা আখ্যান।
ব্রাজিলের ‘আমাডিও অ্যান্ড দ্য হাইপোথেটিক্যাল নিউ ওয়ার্ল্ড’ চলচ্চিত্রে ১৮৩০-এর দশকের ব্রাজিলের এক আফ্রিকান উদ্ভাবককে তুলে ধরা হয়েছে। ইন্দোনেশিয়ার ‘দ্য সি স্পিকস হিজ নেম’-এ ১৯৯৮ সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় এক ছাত্র কর্মীর নিখোঁজ হয়ে যাওয়া এবং তাঁর পরিবারের সত্য অনুসন্ধানের গল্প উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকার ‘দ্য ট্রেক’ দর্শকদের নিয়ে যায় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের কালাহারি মরুভূমিতে, যেখানে ঔপনিবেশিক সীমান্তের নিষ্ঠুরতার মুখোমুখি হতে হয়।
উগান্ডা ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত তথ্যচিত্র ‘ড্রিমিং অব সেরেনাডা’ জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বাবা-মেয়ের সম্পর্কের মধ্য দিয়ে তুলে ধরেছে, যেখানে দেখানো হয়েছে, কীভাবে বন্যা রেইন ফরেস্ট বা বৃষ্টিবহুল বনাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে। ইথিওপিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার ‘ফায়া দায়ি’ চলচ্চিত্রটি ‘খাত’ নামক উদ্ভিদ চাষ ও সেবনের সঙ্গে যুক্ত জনগোষ্ঠীকে নিয়ে তৈরি; এটি তাঁদের জীবনযাত্রা, সামাজিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাগুলিকে সামনে নিয়ে এসেছে। ইরানের ‘পোল্ট্রি ফার্ম’ ইরাক থেকে আসা এক নথিপত্রহীন শিশুর গল্প বলে, যে তার নিখোঁজ বন্ধুকে খুঁজতে গিয়ে নিজের জীবনকেই ঝুঁকির মুখে ফেলে দেয়।
পরিবার, পরিচয় এবং ব্যক্তিগত পছন্দ – এগুলিও এখানে একটি শক্তিশালী বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে। সৌদি আরবের ‘হিজরা’ চলচ্চিত্রে এক তরুণী, তাঁর দাদি এবং নিখোঁজ বোনের যাত্রার গল্প বলা হয়েছে, যা পরিবারের গোপন তথ্য এবং বিভিন্ন প্রজন্মের মধ্যকার দৃষ্টিভঙ্গির পার্থক্যকে উন্মোচিত করে। চিনের ‘এমবার্স’ মৃতদেহ দাহ করার পর অবশিষ্ট ছাই নিয়ে ঘটে যাওয়া এক বিভ্রান্তির পরিণাম তুলে ধরে, যা দুজন নারীকে মৃত্যু ও হারানোর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বলিভিয়া ও পেরুর যৌথ প্রযোজনার ‘দ্য কন্ডর ডটার’ আন্দিজ অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের এক তরুণীর গল্প বলে, যে তাঁর বংশানুক্রমিক সংগীত ঐতিহ্য এবং একজন পেশাদার শিল্পী হওয়ার স্বপ্নের মধ্যে দোদুল্যমান। নাইজেরিয়া ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ‘লেডি’ চলচ্চিত্রে লাগোসের এক তরুণ ট্যাক্সি চালকের গল্প রয়েছে, যার সঙ্গে যৌনকর্মীদের একটি দলের সাক্ষাৎ তাঁকে সহমর্মিতা ও আত্ম-আবিষ্কারের পথে নিয়ে যায়।
ভারতের পক্ষ থেকে নির্বাচিত ‘আর্টিক্যাল ৩৭০’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদিত্য ধর। ২০১৬ সালের কাশ্মীর অস্থিরতার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি ‘অনুচ্ছেদ ৩৭০’ বাতিলের একটি অভিযানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ছবিটি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী এবং সেরা সংগীত - এই তিনটি বিভাগে সম্মাননা অর্জন করেছে। সম্পূর্ণ তালিকায় আরও রয়েছে – ‘কিন্ডিক ('দ্য কর্ড’, কাজাখস্তান), ‘বারাকোয়া’ (কিউবা ও ইতালি), ‘বো বো’ (রাশিয়ান ফেডারেশন), ‘সেফ এক্সিট’ (মিশর, জার্মানি, লিবিয়া, কাতার ও তিউনিসিয়া), ‘নাইন টেম্পলস টু হেভেন’ (থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফ্রান্স, নরওয়ে, চীন, হংকং, ইন্দোনেশিয়া ও কাতার), ‘কটন’ (উজবেকিস্তান), ‘বাগা: টুমরো বিলংস টু নো ওয়ান’ (মালয়েশিয়া), ‘১৯৮২’ (ভিয়েতনাম), ‘অ্যান্ড দ্য স্নো ওয়াজ ফলিং’ (বেলারুশ) এবং ‘বাব’ (সংযুক্ত আরব আমিরাশাহি)।
এই ২১টি চলচ্চিত্র দর্শকদের সামনে বিভিন্ন ধরনের সিনেমাটিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এগুলির গল্প জাতীয় সীমানা ছাড়িয়ে স্বাধীনতা, আপনত্বের বোধ, স্মৃতি, টিকে থাকার শক্তি এবং পরিবর্তনের মতো সর্বজনীন বিষয়গুলিকে স্পর্শ করে।
২০ থেকে ২৮ নভেম্বর গোয়ার বিভিন্ন জায়গায় আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এ ৮৬টি দেশের ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ছবি প্রদর্শিত হবে। উৎসবটির প্রতিযোগিতামূলক ও অ-প্রতিযোগিতামূলক বিভাগ, বিশেষ কিউরেটেড প্যাকেজ, রেট্রোস্পেক্টিভ, শ্রদ্ধাঞ্জলি এবং বিষয়ভিত্তিক প্রদর্শনীগুলির মাধ্যমে বিভিন্ন ঘরানা, দেশ ও ভাষার চলচ্চিত্রগুলি একমঞ্চে উঠে আসবে - যা আন্তঃসাংস্কৃতিক বিনিময় ও সিনেমাগত উৎকর্ষ সাধনের একটি ক্ষেত্র তৈরি করবে।
SC/MP/AS