প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বেঙ্গালুরুতে ১৫,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 13 NOV 2026 4:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে ১৫,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী মোদী জোর দিয়ে বলেন, “মেট্রো ও রেল সংক্রান্ত প্রকল্প থেকে শুরু করে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করার কাজ – এই সমস্ত উদ্যোগ কর্ণাটকের পরিকাঠামো ক্ষেত্রে নতুন শক্তি জোগাবে।”

প্রধানমন্ত্রী বলেন, উন্নত পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা অগ্রগতি, কর্মসংস্থান এবং শিল্পের নতুন পথ খুলে দেয়, যা সমাজের প্রতিটি স্তরে পৌঁছয় এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করে। সাম্প্রতিক বছরগুলিতে প্রায় ৫০ কোটি নাগরিকের চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসার বিষয়টিই এর প্রমাণ।
প্রধানমন্ত্রী বলেন, “নতুন প্রকল্পগুলি ‘বিকশিত কর্ণাটক’-এর মাধ্যমে ‘বিকশিত ভারত’ গড়ার যাত্রায় নতুন গতি আনবে এবং একই সঙ্গে ‘টেক সিটি’ হিসেবে বেঙ্গালুরুর পরিচিতিকে আরও সুদৃঢ় করবে।”

কিছুক্ষণ আগে বেঙ্গালুরু মেট্রোর নতুন ‘পিঙ্ক লাইন’ জাতির উদ্দেশে উৎসর্গ করার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই করিডোরটি আইআইএম বেঙ্গালুরু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরের প্রধান ব্যবসায়িক, প্রযুক্তিগত ও বাণিজ্যিক কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। শ্রী মোদী বলেন, “এর ফলে বেঙ্গালুরুর লক্ষ লক্ষ মানুষ শুধু যাতায়াতের সুবিধাই পাবেন না, বরং তাঁদের সময় ও অর্থ - উভয়ই সাশ্রয় হবে।”

যে শহরটি দেশের মোট তথ্যপ্রযুক্তি (আইটি) রপ্তানির এক-তৃতীয়াংশেরও বেশি অবদান রাখে এবং উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির একটি প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে, সেই বেঙ্গালুরুকে ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান যে, কেন্দ্রীয় সরকার বেঙ্গালুরু অঞ্চলের দ্রুত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। ২০১৪ সালে মাত্র ১৭ কিলোমিটার দীর্ঘ ‘নাম্মা মেট্রো’ আজ ১০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত হয়েছে। এর ফলে দিল্লি এবং মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের পর বেঙ্গালুরু ভারতের তৃতীয় শহর হিসেবে ১০০ কিলোমিটার মেট্রো নেটওয়ার্কের মাইলফলক স্পর্শ করল। শ্রী মোদী জোর দিয়ে বলেন, “নাম্মা মেট্রোর এই সাফল্য হলো ‘সহজ জীবনযাপন’ ও ‘সহজ যাতায়াত’ নিয়ে দেশের নতুন চিন্তাধারার প্রতিফলন এবং মধ্যবিত্ত পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নত করার প্রতি আমাদের অঙ্গীকারের ফসল।”

প্রধানমন্ত্রী আরও বলেন যে, ভারতীয় রেল ঔপনিবেশিক আমলের মানসিকতা ঝেড়ে ফেলে এক নতুন ঐতিহ্য গড়ে তুলছে। ‘বন্দে ভারত’ ট্রেন এবং ‘অমৃত ভারত’ স্টেশনগুলির মাধ্যমে রেল এখন ভারতের নিজস্ব স্বকীয়তাকে তুলে ধরছে। কর্ণাটকের ৬০টিরও বেশি স্টেশন এই প্রকল্পের আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই স্টেশনগুলিতে আধুনিকতার পাশাপাশি সংবেদনশীলতার এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে, যেখানে প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গজনদের (বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি) জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আগে যেসব সুযোগ-সুবিধা কেবল বিমানবন্দরেই দেখা যেত, এখন সেই একই সুবিধা রেল স্টেশনে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।”

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, গত ১০ থেকে ১২ বছরে ভারতের রেল বাজেট বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং কর্ণাটকের জন্য বরাদ্দ বেড়েছে নয় গুণ। তিনি জানান, আজ কর্ণাটক চারটি ‘অমৃত স্টেশন’ এবং দুটি ডবল রেললাইন  ও বৈদ্যুতিকীকরণ প্রকল্প পেয়েছে। এছাড়া, কর্ণাটক থেকে গোয়া পর্যন্ত একটি নতুন বন্দে ভারত ট্রেন চালু হয়েছে।  মাত্র কয়েক দিন আগেই রাজ্যটি তার প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন পেয়েছে। শ্রী মোদী বলেন, “এই ট্রেনের মাধ্যমে ম্যাঙ্গালুরুসহ কর্ণাটকের পুরো উপকূলীয় অঞ্চলের যাত্রীরা সেমি-হাই-স্পিড ট্রেনে ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা পাবেন।”

ইরান ও উপসাগরীয় অঞ্চলে  যুদ্ধ যে জ্বালানি নিরাপত্তার গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে, তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণেই ভারত এই কঠিন সময়টি দৃঢ়ভাবে মোকাবিলা করতে পেরেছে। এর মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল ও এলপিজি উৎপাদন বৃদ্ধি, অপরিশোধিত তেল মজুত, সৌর, জল ও বায়ুশক্তির প্রসার, রেলের প্রায় সম্পূর্ণ বৈদ্যুতিকীকরণ এবং মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণ।

প্রধানমন্ত্রী আরও বলেন, চিপ থেকে জাহাজ নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটিং – নতুন প্রযুক্তির ক্ষেত্রে ভারত যখন বিশ্বনেতৃত্ব অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত জরুরি। তিনি জানান, পরিবেশ-বান্ধব জ্বালানির লক্ষ্য অর্জনে ভারত তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির সক্ষমতা বাড়াচ্ছে। শ্রী মোদী বলেন, “বর্তমানে ভারতের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি সক্ষমতা ৩০০ গিগাওয়াট ছাড়িয়ে গিয়েছে।” প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ভারতীয় নাগরিকদের কেবল বিদ্যুৎ ব্যবহারকারী থেকে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করে তুলছে। ‘পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা’-র আওতায় সারা দেশে ৬০ লক্ষেরও বেশি পরিবার – যার মধ্যে কর্ণাটকের ৪০ হাজারেরও বেশি পরিবার রয়েছে – তাদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এর জন্য প্রতিটি পরিবার কেন্দ্রীয় সহায়তা হিসেবে প্রায় ৮০ হাজার টাকা পেয়েছে। এছাড়া, কর্ণাটকের কৃষকদের জন্য ‘পিএম কুসুম যোজনা’-র মাধ্যমে ৮ লক্ষেরও বেশি সৌরচালিত পাম্পের ব্যবস্থা করা হয়েছে, যা বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি নতুন আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “এর অর্থ হলো, কর্ণাটকের ‘অন্নদাতা’ (কৃষক) এখন ‘উর্জাদাতা’-তেও (শক্তি উৎপাদনকারী) পরিণত হচ্ছেন।”

কর্ণাটকে আজকের প্রকল্পগুলি দেশের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে - এই কথা বলে এবং রাজ্যবাসীর প্রতি শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন। তিনি মধ্যবিত্ত পরিবারগুলির ক্ষমতায়নের বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। “আমাদের প্রচেষ্টা হল, মধ্যবিত্তের সঞ্চয় বৃদ্ধি পাক, তাদের ক্রয়ক্ষমতা শক্তিশালী হোক এবং তাঁরা শুধু নিজেদের পরিবারের স্বপ্নপূরণই নয়, সেইসঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতির অংশীদারও হয়ে উঠুক,” দৃঢ়তার সঙ্গে বলেন শ্রী মোদী।


SC/MP/AS/


(রিলিজ আইডি: 2336289) ভিজিটরের কাউন্টার : 8