প্রকাশিত:
13 NOV 2026 12:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬
ফার্মাসিউটিক্যালস বিভাগের অধীন 'ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)' ১৩৭টি তালিক-বহির্ভূত ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে 'ট্রেড মার্জিন র্যাশনালাইজেশন'-এর রূপায়ণ কঠোরভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে। ১৭ অক্টোবর ২০২৬ তারিখের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয় এবং সংশোধিত মূল্য ৯ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন কোম্পানির জমা দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা সর্বশেষ সংশোধিত মূল্যতালিকা এনপিপিএ-র ওয়েবসাইট এবং 'ফার্মা সহি দাম' অ্যাপ/পোর্টালে পাওয়া যাচ্ছে। সমস্ত প্রস্তুতকারক, খুচরো বিক্রেতা, ডিলার, স্টকিস্ট, হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানকে এই সংশোধিত মূল্য মেনে চলতে এবং তাদের ওয়েবসাইটে সর্বশেষ মূল্যতালিকা স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়ম মেনে চলা নিশ্চিত করা এবং রোগীদের স্বার্থ রক্ষা করার দায়িত্ব রাজ্য ওষুধ নিয়ন্ত্রকদের:
রাজ্য ওষুধ নিয়ন্ত্রকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন প্রস্তুতকারক, ডিলার, হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলির নিয়ম মেনে চলার বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করেন। এর উদ্দেশ্য হল, সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্যের সুফল যেন রোগীরা সরাসরি পান, তা নিশ্চিত করা। কোনও নিয়ম লঙ্ঘন করা হলে, 'ড্রাগ প্রাইসেস কন্ট্রোল অর্ডার', ২০১৩-এর বিধান অনুযায়ী অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
অতিরিক্ত মূল্য আদায়, ওষুধের ঘাটতি বা ওষুধ না পাওয়ার মতো অভিযোগগুলো 'ফার্মা সহি দাম' অ্যাপ/পোর্টাল, এনপিপিএ হেল্পলাইন (১৮০০-১১১-২৫৫) অথবা ই-মেলের (monitoring-nppa[at]gov[dot]in) মাধ্যমে জানানো যাবে। রাজ্য ওষুধ নিয়ন্ত্রকদের ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন এনপিপিএ - এর কাছে জমা দিতে বলা হয়েছে।
https://t.co/B9mEk0l7X7
SC/MP/SB