প্রকাশিত:
12 NOV 2026 12:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি (আইএনএসএ), এস২০ ২০২৬ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ১০ নভেম্বর, ২০২৬-এ মার্কিন ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস (এনএএস) এর নেতৃত্বে জি-২০ দেশগুলির বিজ্ঞান অ্যাকাডেমিগুলির প্রকাশিত যৌথ এস২০ বিবৃতিকে সমর্থন জানিয়েছে।
যৌথ বিবৃতিটির অনুমোদনের মাধ্যমে আইএনএসএ বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতির প্রচারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এই বিবৃতি, জি-২০ দেশগুলির বিজ্ঞান অ্যাকাডেমিগুলির পরামর্শ এবং অবদানের মাধ্যমে তৈরি করা হয়েছে। ডিসেম্বরে ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের আগে জি-২০-এর কাছেও এটি উপস্থাপন করা হবে।
প্রবল বৃষ্টিপাত, ভূমিকম্প, খরা, দাবানল, এবং চরম তাপ ও শৈত্যের মতো প্রাকৃতিক বিপর্যয় ক্রমবর্ধমান জনসংখ্যা, বাস্তুতন্ত্র এবং অর্থনীতির সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। এই বিবৃতিতে সিদ্ধান্ত গ্রহণের উন্নতি এবং দুর্যোগ প্রস্তুতি এবং নমনীয়তাকে শক্তিশালী করতে পৃথিবী পর্যবেক্ষণ, দূরবর্তী সংবেদন, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা, ডিজিটাল টুইনস, ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উদীয়মান প্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে।
এই প্রযুক্তিগুলির কার্যকর প্রয়োগ নির্ভর করে ডেটার সহজলভ্যতা, উপযুক্ত পরিকাঠামো, প্রযুক্তিগত ক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ফাঁকগুলি মোকাবিলা করার উপর।
যৌথ S20 বিবৃতি কাজের পাঁচটি মূল ক্ষেত্র চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে ডেটা সংগ্রহ এবং ঝুঁকি বোঝার ক্ষমতা জোরদার করা, ডেটা ও প্রযুক্তিকে নিরাপদ, সুরক্ষিত এবং ন্যায়সঙ্গতভাবে নাগালের মধ্যে আনা, স্থানীয় দক্ষতা ও ক্ষমতা তৈরি করা ও সুনির্দিষ্ট সমাধানগুলি ডিজাইন করা, সিদ্ধান্ত গ্রহণ ও শাসনকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক এবং বিভিন্ন ক্ষেত্রভিত্তিক সহযোগিতার অগ্রগতি।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিস্থাপনের পরিবর্তে সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তির বেশি জোর দেওয়া উচিত এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সুদৃঢ় বৈজ্ঞানিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব সমর্থিত স্থানীয়ভাবে প্রাসঙ্গিক সমাধান প্রয়োজন।
ভারতের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি হিসাবে, আইএনএসএ বিবৃতির সুপারিশগুলি সংশ্লিষ্ট সবপক্ষের নজরে আনতে এবং বিজ্ঞান বিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারী সংস্থাগুলির মধ্যে সংযোগ রক্ষা করে চলার লক্ষ্যে প্রয়াস চালাবে। তার জাতীয় এবং আন্তর্জাতিক নেটওয়ার্কগুলির মাধ্যমে, আইএনএসএ দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাসঙ্গিক ক্ষেত্রে আন্তঃবিষয়ক গবেষণা, জ্ঞান বিনিময় এবং সহযোগিতাকে উৎসাহিত করবে।
এস২০ ২০২৬ প্রক্রিয়া জি-২০ দেশগুলির বিজ্ঞান অ্যাকাডেমিগুলির জন্য দৃষ্টিভঙ্গি বিনিময় করতে এবং বিশ্বব্যাপী অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে অবদান রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করেছে। আইএনএসএ ২০২৭ সালে রয়্যাল সোসাইটির নেতৃত্বে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।
কাজের মূল ক্ষেত্র -
তথ্য সংগ্রহ এবং ঝুঁকি বোঝার ক্ষমতা জোরদার করা
ডেটা এবং প্রযুক্তিকে নিরাপদ, সুরক্ষিত এবং ন্যায়সঙ্গতভাবে নাগালের মধ্যে নিয়ে আসা
স্থানীয় দক্ষতা ও ক্ষমতা তৈরি করা এবং প্রসঙ্গ-নির্দিষ্ট সমাধান ডিজাইন করা
সিদ্ধান্ত গ্রহণ এবং শাসনকে শক্তিশালী করা
আন্তর্জাতিক এবং বিভিন্ন ক্ষেত্রভিত্তিক সহযোগিতার অগ্রগতি
SC/SD/SB