প্রকাশিত:
11 NOV 2026 3:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা নয়ডা মেট্রো রেল প্রকল্পের আওতায় ‘অ্যাকুয়া লাইন’ মেট্রো রেল করিডোর, নয়ডা সেক্টর-৫১ থেকে গ্রেটার নয়ডা সেক্টর-০৪ পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। ৮.৪৪৯ কিলোমিটার দীর্ঘ এই করিডোরে ৫টি এলিভেটেড স্টেশন থাকবে। এই করিডোরটি চালু হলে নয়ডা ও গ্রেটার নয়ডা শহরে মোট ৭১.৮৭৮ কিলোমিটার দীর্ঘ সক্রিয় মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠবে।
সুবিধা ও বিকাশ:
নয়ডা মেট্রো রেল প্রকল্পের আওতায় নয়ডা সেক্টর-৫১ থেকে গ্রেটার নয়ডা সেক্টর-০৪ পর্যন্ত অ্যাকুয়া লাইন মেট্রো রেল করিডোরের সম্প্রসারণ, শহরের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ। শহরের মেট্রো রেল নেটওয়ার্কের এক উল্লেখযোগ্য সম্প্রসারণ এটি।
উন্নত যোগাযোগ ব্যবস্থা:
এই সম্প্রসারণের ফলে প্রায় ৮.৪৪৯ কিলোমিটার নতুন মেট্রো লাইন যুক্ত হবে। নয়ডা ও গ্রেটার নয়ডা শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে। এই সম্প্রসারণ দুটি শহরের গণপরিবহন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে। এছাড়া, এটি উচ্চ চাহিদাসম্পন্ন করিডোরগুলির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনও করবে, এর মধ্যে নয়ডা সেক্টর-৬১-এর ব্লু লাইনের সঙ্গে ইন্টারচেঞ্জ সুবিধাও রয়েছে।
এই পর্যায়ে নয়ডার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে, যার মধ্যে রয়েছে:
বাণিজ্যিক কেন্দ্রসমূহ: যেমন গ্রেটার নয়ডা সেক্টর-০৪-এ গৌর সিটি মল, এইচ অ্যান্ড এস মল ও অফিস পরিসর, ব্লু স্যাফায়ার মল ও বাণিজ্যিক স্থান; নয়ডা সেক্টর-৫১-এ আইকেইএ এবং নয়ডা সেক্টর-৭৩-এ অ্যান্থুরিয়াম মল।
বহুজাতিক কোম্পানি ও আইটি হাব: যেমন নয়ডা সেক্টর-৬০-এ টেক মাহিন্দ্রা ও টিসিএল টেক - এর অফিস, নয়ডা সেক্টর-৭৩-এ অয়েল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড এবং গ্রেটার নয়ডা সেক্টর-০৪-এ ‘গোল্ডেন আই’ অফিস ও বাণিজ্যিক স্থান।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ: যেমন নয়ডা সেক্টর-১২২-এ অবস্থিত দিল্লি পাবলিক স্কুল ইত্যাদি।
গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহ: যার মধ্যে উল্লেখযোগ্য হলো কৈলাস হাসপাতাল, নয়ডা সেক্টর-৭০-এ রামা হাসপাতাল, নয়ডা সেক্টর-৫১-এ ক্লাউড৯ হাসপাতাল এবং নয়ডা সেক্টর-৬২-এ রামা হাসপাতাল। নয়ডা সেক্টর-১২২-এর 'ক্লিও কাউন্টি রেসিডেন্সিস' এবং গ্রেটার নয়ডা সেক্টর-০৪-এর 'গৌর সিটি ১ ও ২' - এর মতো গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলি এতে অন্তর্ভুক্ত রয়েছে।
নয়ডা সেক্টর-৫১ থেকে গ্রেটার নয়ডা সেক্টর-০৪ পর্যন্ত 'অ্যাকোয়া লাইন' মেট্রো রেল করিডোর সম্প্রসারণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে মেট্রো নেটওয়ার্কের আওতায় আনা হবে। এটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াবে এবং কর্মসংস্থান, ব্যবসা, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের যাতায়াত সহজতর হবে।
যানজট হ্রাস: অ্যাকোয়া লাইন মেট্রো রেল করিডোর সম্প্রসারণের ফলে নয়ডা ও গ্রেটার নয়ডা শহরে যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। রাস্তায় যানবাহনের চাপ কমলে যান চলাচল আরও নির্বিঘ্ন হবে, যাতায়াতের সময় বাঁচবে এবং সামগ্রিক সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে।
পরিবেশগত সুবিধা: সামগ্রিকভাবে নয়ডা ও গ্রেটার নয়ডায় মেট্রো নেটওয়ার্কের পরিধি বৃদ্ধির ফলে বর্তমানের জীবাশ্ম জ্বালানি-চালিত প্রচলিত পরিবহণ ব্যবস্থার তুলনায় কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
অর্থনৈতিক বিকাশ: মানুষ সহজে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছাতে পারলে সামগ্রিক উৎপাদনশীলতা বাড়বে। উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখবে—বিশেষ করে নতুন মেট্রো স্টেশনগুলির আশেপাশের এলাকায়। এটি এমন সব অঞ্চলে বিনিয়োগ ও উন্নয়নের সুযোগ তৈরি করবে, যেখানে আগে যাতায়াত ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না।
সামাজিক প্রভাব: অ্যাকোয়া লাইন মেট্রো রেল করিডোর সম্প্রসারণের ফলে গণপরিবহণে সবার সমান প্রবেশাধিকার নিশ্চিত হবে। এটি বিভিন্ন আর্থ-সামাজিক গোষ্ঠীর মানুষের উপকারে আসবে এবং পরিবহণ সংক্রান্ত বৈষম্য কমাবে। এটি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করবে।
SC/SD/SB