প্রকাশিত:
10 NOV 2026 11:58AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৬
অরুণাচল প্রদেশের বোমডিলার থুবচোগ গাতসেল লিং (টিজিএল) মঠ বা 'লোয়ার গোম্পা'-তে শাক্যমুনি বুদ্ধের পবিত্র অবশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এটি হাজার হাজার ভক্তের কাছে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক শুভ সুযোগ করে দিয়েছে। এই পবিত্র অবশেষ প্রদর্শনের প্রথম দুই দিনে মোট ১১,৯৬৯ জন ভক্ত মঠে এসে প্রার্থনা করেছেন এবং আশীর্বাদ গ্রহণ করেছেন।
ভক্তদের এই বিপুল উপস্থিতি পবিত্র অবশেষের প্রতি তাদের গভীর বিশ্বাস ও আধ্যাত্মিক ভক্তিকেই প্রতিফলিত করে; বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই অবশেষগুলির অপরিসীম ধর্মীয় তাৎপর্য রয়েছে।
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, নতুন দিল্লির জাতীয় সংগ্রহালয়, অরুণাচল প্রদেশ সরকার এবং নতুন দিল্লির আন্তর্জাতিক বৌদ্ধ মহাসঙ্ঘের (আইবিসি) যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। টিজিএল মঠে এই পবিত্র অবশেষ সর্বসাধারণের দর্শনের জন্য ২০২৬ সালের ১৩ নভেম্বর পর্যন্ত রাখা হবে। বিভিন্ন এলাকা ও অঞ্চলের ভক্তরা এখানে এসে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন।
ভক্তদের সুশৃঙ্খল অংশগ্রহণের সুবিধার্থে, প্রদর্শনীটির অবশিষ্ট দিনগুলির জন্য নির্বাচনী এলাকা ও শ্রেণিভিত্তিক সময়সূচি নিচে দেওয়া হ’ল:
১১ নভেম্বর, ২০২৬: অরুণাচল প্রদেশের ৫-কালাকতাং বিধানসভা কেন্দ্রের ভক্তবৃন্দ।
১২ নভেম্বর, ২০২৬: অরুণাচল প্রদেশের ৬-বুরাগাঁও-থ্রিজিনো বিধানসভা কেন্দ্রের ভক্তবৃন্দ।
১৩ নভেম্বর, ২০২৬: অন্যান্য জেলার ভক্তবৃন্দ, এই জেলায় কর্মরত সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং যে সব ভক্ত তাঁদের জন্য নির্ধারিত দিনে উপস্থিত হতে পারেননি।
নির্ধারিত দিনগুলিতে দর্শনের সময়সূচি হলো সকাল ৮:৩০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত।
বোমডিলায় সর্বজনীন প্রদর্শন শেষ হওয়ার পর ১৪ নভেম্বর ২০২৬ তারিখে পবিত্র অবশেষগুলিকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। এরপর এগুলি প্রদর্শন যাত্রার পরবর্তী গন্তব্য নামসাই জেলায় নিয়ে যাওয়া হবে। ১৪ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় পবিত্র অবশেষগুলি সর্বসাধারণের দর্শনের জন্য রাখা হবে। এরপর, ২১ নভেম্বর পবিত্র অবশেষগুলি নতুন দিল্লির জাতীয় জাদুঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
SC/MP/SB…