প্রকাশিত:
08 NOV 2026 3:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ নভেম্বর ২০২৬
৮ নভেম্বর, ২০২৬ তারিখে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং সিকিমের অগ্রবর্তী এলাকায় মোতায়েন ত্রিশক্তি কোরের (৩৩ কোর) জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ; ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণান; ৩৩ কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মন রাজ সিং মান এবং ভারতীয় সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
শেরথাং-এ জওয়ানদের সঙ্গে আলাপচারিতার সময় শ্রী রাজনাথ সিং তাঁদের দীপাবলির উজ্জ্বলতম আলোকশিখা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সীমান্তে তাঁদের নিষ্ঠা ও সতর্কতার জন্য সমগ্র জাতি নিরাপদ বোধ করেন। তিনি আরও বলেন, “একটি প্রদীপ যেমন কোনও দৃষ্টি আকর্ষণের আকাঙ্ক্ষা ছাড়াই অন্ধকার দূর করে, ঠিক তেমনই জওয়ানরা নীরবে নিজেদের দায়িত্ব পালন করে যান; আর তাঁদের কারণেই নাগরিকরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন।”
প্রতিরক্ষামন্ত্রী জওয়ানদের পেশাদারিত্ব, উচ্চ মাত্রার মনোবল এবং অত্যন্ত প্রতিকূল উচ্চ পার্বত্য অঞ্চলে দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে তাদের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি তাদের একই উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে মাতৃভূমি রক্ষা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি সেইসব জওয়ানদের আত্মত্যাগকে স্বীকৃতি জানান, যাঁরা নিজেদের পরিবার থেকে দূরে থেকে ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের ঊর্ধ্বে দেশসেবার কর্তব্যকে অগ্রাধিকার দেন।
শৃঙ্খলা ও সাহসের গুরুত্ব তুলে ধরে শ্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন যে, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, একজন জওয়ানের মধ্যে যদি এই গুণাবলি না থাকে, তবে প্রযুক্তির উপযোগিতা খুবই সীমিত। তিনি উল্লেখ করেন যে, সৈন্যদের আচরণ, পোশাক, ভাষা এবং সংযম স্থানীয় জনগোষ্ঠীর কাছে সামরিক বাহিনীর ভাবমূর্তি গড়ে তোলে। তিনি শেরথাং ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে গড়ে ওঠা বিশ্বাস ও সদিচ্ছার বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য জওয়ানদের প্রতি আহ্বান জানান।
প্রতিরক্ষামন্ত্রী শেরথাং যুদ্ধ স্মারকে জাতির সেবায় জীবন উৎসর্গকারী জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাবা হরভজন সিং স্মৃতিসৌধও পরিদর্শন করেন এবং এই শ্রদ্ধেয় জওয়ানের প্রতি সম্মান জানান; যাঁর স্মৃতি আজও এই অঞ্চলের সামরিক ও বেসামরিক ঐতিহ্যের এক বিশেষ স্থান দখল করে আছে।
শেরথাং যুদ্ধ স্মারকের গুরুত্ব তুলে ধরে শ্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন যে, এ ধরনের স্মৃতিস্তম্ভ কেবল অতীতের ঘটনা বা আত্মত্যাগের স্মারকই নয়, বরং এগুলো সম্মিলিত স্মৃতিকে রূপ দেয় এবং জাতীয় চেতনা ও গরিমাকে জাগ্রত করে। তিনি জানান, এই স্মারকে যে সকল জওয়ানকে সম্মান জানানো হয়েছে, তাঁরা নাগাল্যান্ড, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান ও অসম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। তিনি আরও বলেন, এই বীরেরা অঞ্চল, ভাষা বা সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে দেশবাসীকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর মতে, ঐক্য ও নিঃস্বার্থ সেবার এই মনোভাবই হলো ভারতের মূল প্রাণ ও আদর্শ—যেখানে প্রত্যেক নাগরিক অন্য দেশবাসীকে নিজের পরিবারের সদস্য বলে মনে করেন।
প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকার নতুন দিল্লিতে ‘জাতীয় যুদ্ধ স্মারক’ প্রতিষ্ঠা করেছে, যাতে দেশের সেবায় সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সেনানীদের সম্মান জানানো যায়। তিনি বলেন, “দেশের জন্য জীবন উৎসর্গকারী প্রায় ২৬ হাজার বীরের নাম জাতীয় যুদ্ধ স্মারকে সোনালি অক্ষরে খোদাই করা হয়েছে, যা তাঁদের অতুলনীয় বীরত্ব ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে। স্মারকে কোনো শহিদ সেনার নাম দেখলে তাঁদের পরিবার, আত্মীয়স্বজন এবং তাঁদের নিজ গ্রাম ও অঞ্চলের মানুষের মনে গভীর গর্ববোধ জেগে ওঠে। এই স্মৃতিস্তম্ভগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।”
SC/AP/NS