প্রকাশিত:
07 NOV 2026 11:26AM by PIB Kolkata
নতুন দিল্লি ৭ নভেম্বর ২০২৬,
ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন হরাইজন ইউরোপ কর্মসূচিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে সফলভাবে আলোচনা সম্পন্ন করেছে। হরাইজন ইউরোপ হল ইউরোপীয় ইউনিয়নের প্রধান গবেষণা ও উদ্ভাবন কর্মসূচি। এই কর্মসূচিতে ভারতের অন্তর্ভুক্তি উভয় পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতার ক্ষেত্রে একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে ভারত-ইইউ বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি এবং ভারত-ইইউ বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের অধীনে ইতিমধ্যে চলমান গবেষণা ও উন্নয়ন প্রকল্প এবং সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
এই কর্মসূচিতে ভারতের অন্তর্ভুক্তির ফলে ভারতীয় গবেষক, প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের সংস্থাগুলি যৌথ গবেষণা প্রকল্পের মাধ্যমে কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য আহ্বানগুলিতে অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি, তাঁরা ইউরোপীয় গবেষণা কনসোর্টিয়াম এবং অত্যাধুনিক গবেষণা পরিকাঠামোর সুবিধাও লাভ করতে পারবে। এর ফলে প্রতিভাবান গবেষক ও বিশেষজ্ঞদের পারস্পরিক আদান-প্রদান আরও বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি, মানদণ্ড ও বৃহৎ পরিসরে কার্যকর সমাধানের যৌথ উন্নয়ন সম্ভব হবে।
হরাইজন ইউরোপ কর্মসূচির দ্বিতীয় স্তম্ভের বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষণা ক্ষেত্রের মধ্যে রয়েছে স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি, শিল্প ও মহাকাশ, জলবায়ু, শক্তি ও পরিবহণ, খাদ্য এবং জৈব-অর্থনীতি। এই ক্ষেত্রগুলি ভারতের গবেষণার অগ্রাধিকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের বৈজ্ঞানিক দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করবে। ভারত যখন ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন এই কর্মসূচিতে অন্তর্ভুক্তি দেশের উদ্ভাবনী ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
২০২৬ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক ভারত- ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনের পর এই কর্মসূচিতে ভারতের সম্ভাব্য অন্তর্ভুক্তির বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীকালে, ২০২৬ সালের ১৫ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
SC/SB/DM