পোস্ট করার দিনক্ষণ:
04 NOV 2026 11:48AM by PIB Agartala
নয়াদিল্লি, ৪ নভেম্বর, ২০২৬: ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস’ (ডিপিই)-এর তত্ত্বাবধানে থাকা ‘ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন’ (এনেলেমসি), ৩ নভেম্বর ২০২৬ তারিখে ‘রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড’ (আইআইএনএল)-এর মালিকানাধীন জমির খণ্ডগুলোর ই-নিলামের দ্বিতীয় পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে। উল্লেখ্য, আইআইএনএল হলো বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট পরিচালনাকারী করপোরেট সংস্থা।
এই দ্বিতীয় পর্যায়ের সফল সমাপ্তি এনএলএমসি-এর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংস্থাটি একটি সুসংগঠিত, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তি-নির্ভর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সরকারি উদ্বৃত্ত সম্পদের অর্থনৈতিক মূল্য পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছে।
এই নিলামে মোট ১১৪টি জমির খণ্ড সফলভাবে বিক্রি হয়েছে। এগুলোর মোট সংরক্ষিত মূল্য ছিল ১৮৪.৮ কোটি টাকা, যার বিপরীতে চূড়ান্ত দর পাওয়া গেছে ২১৮ কোটি টাকা। সংরক্ষিত মূল্যের তুলনায় এই চূড়ান্ত দর ১৭.৯৬% বেশি, যা প্রতিযোগিতামূলক দরপত্র দাখিল এবং বাজারের চাহিদার ভিত্তিতে সঠিক মূল্য নির্ধারণের সক্ষমতাকে প্রমাণ করে।
দ্বিতীয় পর্যায়ে সর্বোচ্চ দর ছিল প্রতি বর্গগজ ১,৮২,৬৫০ টাকা। এছাড়া, কোনো একটি নির্দিষ্ট প্লটের ক্ষেত্রে সংরক্ষিত মূল্যের ওপর সর্বোচ্চ প্রিমিয়াম বা অতিরিক্ত মূল্যের হার ছিল ৬৭.৬৫%।
এই ফলাফল বিশাখাপত্তনমে সুবিধাজনক অবস্থানে থাকা জমির প্রতি বাজারের অব্যাহত আগ্রহকে তুলে ধরে। একই সঙ্গে, সরকারি উদ্বৃত্ত সম্পদের অর্থনৈতিক মূল্য উন্মোচনে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ই-নিলাম ব্যবস্থার কার্যকারিতাকেও এটি প্রমাণ করে।
আরআইএনএল-এর জমির ই-নিলামের উভয় পর্যায়েই শক্তিশালী ফলাফল পরিলক্ষিত হয়েছে
প্রথম পর্যায়ে, সফলভাবে ১৫০টি জমির খণ্ড নিলাম করেছে। এগুলোর মোট সংরক্ষিত মূল্য ছিল ৩১২.৪৮ কোটি টাকা, যার বিপরীতে চূড়ান্ত দর পাওয়া গেছে ৩৬৬.৩৩ কোটি টাকা। এখানে সংরক্ষিত মূল্যের ওপর গড় প্রিমিয়াম ছিল ১৭.২৩% এবং সর্বোচ্চ দর ছিল প্রতি বর্গগজ ১.৮০ লক্ষ টাকারও বেশি।
উভয় পর্যায় মিলিয়ে মোট ২৬৪টি জমির খণ্ড সফলভাবে নিলাম করা হয়েছে। এগুলোর সম্মিলিত সংরক্ষিত মূল্য ছিল ৪৯৭.২৯ কোটি টাকা, যার বিপরীতে মোট চূড়ান্ত দর পাওয়া গেছে ৫৮৪.৩৩ কোটি টাকা। এনএলএমসি -এর প্রথম পূর্ণাঙ্গ ই-নিলাম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে
আরআইএনএল -এর জমির ই-নিলামটি হলো এনএলএমসি-এর প্রথম পূর্ণাঙ্গ ই-নিলাম উদ্যোগ, যা কর্পোরেশনটির কর্মযাত্রায় একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত। এই লেনদেনটি বড় আকারের সম্পদ নগদীকরণ প্রক্রিয়ায় এনএলএমসি-এর সক্ষমতাকে তুলে ধরে—যার মধ্যে রয়েছে সম্পদের প্রস্তুতি, লেনদেনের কাঠামো তৈরি, বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ, নিলামে অংশগ্রহণকারীদের সহায়তা প্রদান এবং প্রতিযোগিতামূলক অনলাইন নিলাম আয়োজন।
২০২৬ সালের ১২ অক্টোবর এবং ৩ নভেম্বর—অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ই-নিলামের দুটি পর্যায় সফলভাবে সম্পন্ন হওয়াটা এনএলএমসি-এর জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মদক্ষতার মানদণ্ড স্থাপন করেছে। এটি কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগ (সিপিএসই-এস) এবং অন্যান্য সরকারি সংস্থার অব্যবহৃত জমি ও স্থাবর সম্পত্তি নগদীকরণের ক্ষেত্রে এনএলএমসি-এর সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
উভয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায়, এনএলএমসি অবশিষ্ট অবিক্রীত জমিগুলোর জন্য শীঘ্রই তৃতীয় পর্যায়ের ই-নিলাম আয়োজনের পরিকল্পনা করছে (প্রয়োজনীয় অনুমোদন ও শর্তসাপেক্ষে)। এর সময়সূচী ও অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে। এটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে সরকারি সম্পদ নগদীকরণকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এনএলএমসি-এর নিরন্তর প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।
সরকারের সম্পদ নগদীকরণ লক্ষ্যমাত্রায় সহায়তা
আরআইএনএল-এর জমির ই-নিলাম সফলভাবে সম্পন্ন হওয়াটা ভারত সরকারের সম্পদ নগদীকরণের লক্ষ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। এর মাধ্যমে অব্যবহৃত বা স্বল্প-ব্যবহৃত সরকারি সম্পদের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হয়েছে।
এই উদ্যোগটি বড় আকারের সম্পদ নগদীকরণ প্রক্রিয়ায় এনএলএমসি-এর ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে প্রদর্শন করে—যেখানে সুপরিকল্পিত সম্পদ প্রস্তুতি, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং প্রযুক্তি-নির্ভর স্বচ্ছ নিলাম পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এটি কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার প্রক্রিয়ার মাধ্যমে সঠিক মূল্য নির্ধারণ এবং সম্পদের প্রকৃত মূল্য পুনরুদ্ধারের সম্ভাবনাকেও তুলে ধরে।
এই সাফল্যের ওপর ভিত্তি করে, এনএলএমসি ভবিষ্যতে সম্পদ-মালিকানাধীন সংস্থাগুলোর সাথে কাজ চালিয়ে যাবে। তাদের লক্ষ্য হলো অব্যবহৃত জমি ও ভবন চিহ্নিত করা, সেগুলোকে প্রস্তুত করা এবং নগদীকরণের মাধ্যমে সেগুলোর উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা, যা সরকারি সম্পদ ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলবে এবং বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
এনএলএমসি সম্পর্কে
ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন (এনএলএমসি) হলো ভারত সরকারের সম্পূর্ণ মালিকানাধীন একটি কোম্পানি, যা অর্থ মন্ত্রণালয়ের ‘ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস’-এর প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এটি সিপিএসই এবং অন্যান্য সরকারি সংস্থার মালিকানাধীন উদ্বৃত্ত জমি ও ভবন সম্পদ শনাক্তকরণ, মূল্যায়ন, প্রস্তুতকরণ এবং সেগুলোকে নগদীকরণের প্রক্রিয়াকে সহজতর করে। সুসংগঠিত, স্বচ্ছ এবং বাজার-ভিত্তিক পদ্ধতির মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম সরকারের দক্ষ সম্পদ ব্যবস্থাপনা ও সম্পদের যথাযথ মূল্য আদায়ের লক্ষ্য অর্জনে সহায়তা করে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://nlmc.dpe.gov.in/homepage/homepage.php
*****
KMD/SRC