পোস্ট করার দিনক্ষণ:
02 NOV 2026 11:53AM by PIB Agartala
নয়াদিল্লি, ২ নভেম্বর, ২০২৬
ভারতীয় নৌবাহিনীর জন্য আটটি পরবর্তী প্রজন্মের করভেট তৈরির লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেডের (জিএসএল) সঙ্গে মোট ৫৩,৮৬৬.৫০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লির কর্তব্য ভবন-২-এ প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, জিআরএসই পাঁচটি করভেট নির্মাণ করবে এবং বাকি তিনটি নির্মাণ করবে জিএসএল। আত্ননির্ভর ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভারতের দেশীয় যুদ্ধজাহাজ নকশা ও নির্মাণ সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এই প্রথম ভারতীয় নৌবাহিনীর নিজস্ব নকশায় যুদ্ধজাহাজ তৈরি করা হবে এবং প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে মনোনীত প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থার মাধ্যমে এগুলি নির্মিত হবে।
এই পরবর্তী প্রজন্মের করভেটগুলি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, অস্ত্রশস্ত্র এবং উন্নত সেন্সর ব্যবস্থাসহ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত থাকবে। এর ফলে জল, স্থলপৃষ্ঠ এবং জলের তলদেশ — তিনটি ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হবে এই যুদ্ধজাহাজগুলি। ভারতীয় নৌবাহিনীতে এই যুদ্ধজাহাজগুলি অন্তর্ভুক্ত হলে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে, বিশেষত আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা সুনিশ্চিত করা; শত্রুপক্ষের জাহাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা; সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধ পরিচালনার সক্ষমতা বৃদ্ধি; উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করা; উপকূল সংলগ্ন অগভীর জলসীমায় সামরিক অভিযান পরিচালনা এবং সামুদ্রিক এলাকায় উপস্থিতি বজায় রাখা এবং নজরদারি অভিযান পরিচালনা।
এই প্রকল্পের মাধ্যমে দেশীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার বিকাশের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক অভিযান পরিচালনার সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে। আগামী ১০ বছরে এই যুদ্ধজাহাজগুলি নির্মাণের ফলে সংশ্লিষ্ট শিপইয়ার্ডগুলিতে আনুমানিক ৭২ লক্ষ কর্মদিবসের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, সহযোগী শিল্পক্ষেত্র এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগগুলিতে প্রায় ৪৬০ লক্ষ কর্মদিবসের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের শিল্পক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি এবং সংশ্লিষ্ট উৎপাদন ব্যবস্থার বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
দেশে তৈরি সামগ্রী ও সরঞ্জাম, দেশীয় প্রযুক্তি এবং ভারতীয় দক্ষতা ও পারদর্শিতার ব্যবহারকে উৎসাহিত করার মাধ্যমে এই প্রকল্প প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে, এটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রতি অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।
*****
PS/AL