রাষ্ট্রপতিরসচিবালয়
বিজয়ওয়াড়ায় জাতীয় ‘সরস’ মেলায় যোগ দিলেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
15 OCT 2026 3:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ অক্টোবর, ২০২৬
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এবং প্রাদেশিক সরকারের আয়োজনে ‘সরস’ (সেল অফ আর্টিকেলস অফ রুরাল আর্টিজেন্স সোসাইটি) মেলায় আজ যোগ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি লাখপতি দিদিদের সঙ্গে আলাপচারিতায় সামিল হন তিনি।
এই উপলক্ষ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, কৃষিক্ষেত্রে গ্রামীণ মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁরা আর্থিক, প্রযুক্তিগত এবং সামাজিক ক্ষমতায়নের নতুন পথ খুঁজে পেয়েছেন। ঔদ্যোগিকতার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া অত্যন্ত আনন্দের। অর্থনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গ্রামীণ মহিলারা এখন যেভাবে এগিয়ে আসছেন তা ইতিবাচক।
বিগত ১২ বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলিতে মহিলাদের সদস্য সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। মূলত, ৯০ লক্ষের মতো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এঁরা।
মহিলাদের ক্ষমতায়নে সরকারের গৃহীত ‘লাখপতি দিদি’ কর্মসূচিরও উল্লেখ করেন রাষ্ট্রপতি। ডিজিটাল পরিষেবা কিংবা পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রেও মহিলারা আরও বেশি সংখ্যায় যুক্ত হচ্ছেন বলে রাষ্ট্রপতি জানিয়েছেন।
‘সরস মেলা’ গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে রাষ্ট্রপতি মনে করেন। এর মাধ্যমে গ্রামের মহিলা উদ্যোগপতিরা সরাসরি ক্রেতা ও গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হচ্ছেন বলে তার মন্তব্য। বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্নপূরণে গ্রামীণ অর্থনীতির বিকাশ প্রাথমিক শর্ত বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। বিশেষত মহিলাদের ক্ষমতায়নের কাজে ‘সরস মেলা’ এবং স্বনির্ভর গোষ্ঠী প্রণালী অত্যন্ত কার্যকর বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন।
বিজয়ওয়াড়ার এই আয়োজনে ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ১,৫০০ মহিলা উদ্যোগপতি এবং লাখপতি দিদি অংশ নিচ্ছেন। এই মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
রাষ্ট্রপতির ভাষণটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/oct/doc_10182_20261015_15152501.pdf
SC / AC /AG
(রিলিজ আইডি: 2323962)
ভিজিটরের কাউন্টার : 9