PIB Backgrounder
azadi ka amrit mahotsav

BHAVYA : বিনিয়োগের উপযোগী উৎপাদন ব্যবস্থা

প্রকাশিত: 14 OCT 2026 12:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৬

 

 

ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (BHAVYA) ৩৩,৬৬০ কোটি টাকার একটি উদ্যোগ। এই প্রকল্পের আওতায় সারা দেশে ১০০টি প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্ক গড়ে তোলা হবে। এই পার্কগুলিতে আধুনিক শিল্প পরিকাঠামো, নির্ভরযোগ্য পরিষেবা এবং দ্রুত অনুমোদনের ব্যবস্থা থাকবে। এর ফলে, নতুন শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সময় কমবে। এই প্রকল্পের লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ করা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে (MSME) সহায়তা করা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান তৈরি করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পের বিকাশ ঘটানো।

শিল্পোৎপাদন নীতির নব পর্যায়

ভারতের শিল্পোৎপাদন ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন ঘটছে। বর্তমানে, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (GDP) এই ক্ষেত্রের অবদান প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ। এই ক্ষেত্রে ২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ কাজ করেন। ২০৩৫ সালের মধ্যে GDP-তে শিল্পোৎপাদন ক্ষেত্রের অবদান ২৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে জাতীয় শিল্পোৎপাদন মিশন। শিল্পের ধরনেও পরিবর্তন আসছে। বর্তমানে, মাঝারি ও উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পগুলি শিল্পোৎপাদনের মোট মূল্য সংযোজনের ৪৬.৩ শতাংশ অবদান রাখছে। এর মাধ্যমে উচ্চমূল্য সংযোজনকারী ও প্রযুক্তিনির্ভর শিল্পের দিকে ভারতের অগ্রগতির ছবি স্পষ্ট হচ্ছে।

শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য পরিকাঠামো, দক্ষ পরিবহণ ও পণ্য সরবরাহ ব্যবস্থা এবং অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মের প্রয়োজন বাড়ছে। আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাতেও পরিবর্তন আসছে। ফলে, উন্নত যোগাযোগ ব্যবস্থা-সহ শিল্পাঞ্চলের গুরুত্ব বাড়ছে।

প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্কে শিল্পের কাজ শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় পরিকাঠামো ও সাধারণ পরিষেবার ব্যবস্থা করা হয়। ফলে নতুন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার সময় ও খরচ কমে। সারা দেশে এই ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬ সালের মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (BHAVYA)-তে অনুমোদন দেয়। এ বছর ১০ এপ্রিল ৩৩,৬৬০ কোটি টাকার এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হয়।

রাজ্য সরকার এবং বেসরকারি উন্নয়নকারী সংস্থার অংশীদারিত্বে BHAVYA প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের শিল্পোৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, কার্যকর সিঙ্গল-উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব সংস্কারের ওপর এই প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পরিকাঠামো গড়ে ওঠায় নতুন শিল্প স্থাপনের প্রাথমিক বাধা কমবে। ফলে, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পর দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব হবে।

নীতির বিবর্তন : ২০২০ সালের আগের ব্যবস্থা থেকে প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পরিকাঠামো

ভারতে শিল্পের বিকাশের জন্য বিভিন্ন সময়ে নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পর্যায়ে শিল্পের প্রসার এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির জন্য দেশের সক্ষমতা বেড়েছে।

প্রথম পর্যায়ে শিল্পাঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই অঞ্চলগুলিতে শিল্পের জন্য জমি, সাধারণ পরিকাঠামো এবং নিয়মকানুনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে বিজ্ঞপ্তি জারি হওয়া SEZ-এর সংখ্যা ছিল ৩৭০। এই অঞ্চলগুলিতে ৭.৮২ লাখ কোটি টাকার বিনিয়োগ এসেছে এবং ৩১.৭ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।

পরবর্তী পর্যায়ে পৃথক শিল্পাঞ্চলের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে বড় শিল্পকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এ বছর ১৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাঙ্কে (IILB) ৪,১৬৪টি শিল্প পার্কের তথ্য নথিভুক্ত করা হয়েছে। একই সময়ে, জাতীয় শিল্প করিডর উন্নয়ন কর্মসূচি (NICDP) শুধু শিল্পের জন্য জমি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই কর্মসূচির মাধ্যমে শিল্পাঞ্চলের সঙ্গে বিদ্যুৎ, জল, পরিবহণ, পণ্য সরবরাহ এবং নগর পরিষেবার সংযোগ গড়ে তোলা হয়েছে। এর ফলে, আরও সমন্বিত শিল্পাঞ্চল তৈরি হচ্ছে।

গুজরাটের ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন, মহারাষ্ট্রের শেন্দ্রা-বিডকিন শিল্পাঞ্চল, মধ্যপ্রদেশের বিক্রম উদ্যোগপুরী এবং উত্তরপ্রদেশের ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গ্রেটার নয়ডার মতো শিল্পকেন্দ্র সমন্বিত পরিকল্পনার সুবিধা তুলে ধরেছে।

BHAVYA প্রকল্পের কাঠামো

BHAVYA প্রকল্পে শিল্প পার্ক গড়ে তোলার জন্য প্রতি একর জমিতে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ রাস্তা, বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহের নেটওয়ার্ক, নিকাশি ব্যবস্থা, সাধারণ বর্জ্য পরিশোধন কেন্দ্র, মূল্য সংযোজনকারী পরিকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)-নির্ভর প্রশাসনিক ব্যবস্থার মতো প্রয়োজনীয় সুবিধা গড়ে তোলা হবে। ভূগর্ভস্থ পরিষেবা করিডর তৈরির ফলে মাটি খোঁড়া ছাড়াই বিভিন্ন পরিষেবার রক্ষণাবেক্ষণ করা যাবে। এতে শিল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চলতে সুবিধা হবে।

শিল্প পার্কগুলিতে তৈরি কারখানা ভবন, সংস্থার প্রয়োজন অনুযায়ী তৈরি কারখানা ইউনিট, পরীক্ষা ও শংসাপত্র দেওয়ার ব্যবস্থা এবং গুদামের সুবিধাও থাকবে।

শ্রমিকদের কল্যাণ ও কাজে পারদর্শিতা বাড়াতে আবাসন, স্বাস্থ্য পরিষেবা, দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং অন্যান্য সামাজিক পরিষেবার ব্যবস্থা করা হবে। সড়ক, রেল এবং শেষ পর্যায়ের পণ্য পরিবহণের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য অনুমোদিত প্রকল্পের মোট অর্থের সর্বোচ্চ ২৫ শতাংশ বরাদ্দ করা যাবে। এর ফলে, শিল্প পার্কগুলির সঙ্গে বৃহত্তর পরিবহণ নেটওয়ার্কের সংযোগ আরও সহজ হবে।

২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩১-৩২ অর্থবর্ষ পর্যন্ত ছয় বছরের সময়কালে এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে দুই দফায় প্রতিযোগিতামূলক পদ্ধতিতে সর্বোচ্চ ৫০টি শিল্প পার্ক বেছে নেওয়া হবে। পরবর্তী পর্যায়গুলিতে বাকি পার্কগুলি নির্বাচন করা হবে। সব মিলিয়ে BHAVYA প্রকল্পের আওতায় ১০০টি শিল্প পার্ক গড়ে তোলা হবে।

প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কাজ শুরুর প্রস্তুতি, জমির প্রাপ্যতা এবং শিল্পের সম্ভাবনা বিবেচনা করা হবে। প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি শিল্প পার্কের আয়তন হবে ২৫ থেকে ১,০০০ একর। নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত বিশেষ সংস্থা (SPV) প্রকল্পের বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে থাকবে। এই সংস্থাগুলি পরিকাঠামো উন্নয়ন, দৈনন্দিন পরিচালনা, বিনিয়োগকারীদের সহায়তা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের কাজ দেখাশোনা করবে।

BHAVYA প্রকল্পের মাধ্যমে শিল্পোৎপাদনকারী সংস্থা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা (MSME), স্টার্টআপ এবং বিনিয়োগকারীরা সাধারণ পরিকাঠামো ও সহজ অনুমোদন ব্যবস্থার সুবিধা পাবেন।

এ বছর জুন মাসে প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের প্রয়োজনে BHAVYA পোর্টাল চালু করা হয়। এই পোর্টালের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া, যাচাই এবং মূল্যায়নের কাজ করা যাবে। পাশাপাশি, শিল্পকেন্দ্রিক পার্ক নির্বাচনের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে।

প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্ক : ধারণা ও বৈশিষ্ট্য

প্রাথমিক পরিকাঠামো (Trunk Infrastructure) বলতে এমন পরিকাঠামোকে বোঝায়, যা একাধিক উন্নয়ন প্রকল্পের কাজে লাগে এবং একটি বৃহত্তর অঞ্চলকে পরিষেবা দেয়। সাধারণত স্থানীয় প্রশাসন এই পরিকাঠামো গড়ে তোলে। এর মধ্যে প্রধান জল সরবরাহ ব্যবস্থা, নিকাশি, পয়ঃপ্রণালী, রাস্তা, পথবাতি এবং বিদ্যুৎ সরবরাহের মতো পরিষেবা অন্তর্ভুক্ত।

প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্ক হল এমন শিল্পাঞ্চল, যেখানে আগে থেকেই জমি, প্রাথমিক পরিকাঠামো, বিভিন্ন পরিষেবা এবং সাধারণ ব্যবহারের সুবিধা তৈরি করে রাখা হয়। অনেক ক্ষেত্রে সিঙ্গল-উইন্ডো ব্যবস্থার মাধ্যমে অনুমোদন ও প্রাথমিক ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়। ফলে, সংস্থাগুলি দ্রুত উৎপাদন শুরু করতে পারে। একই সঙ্গে প্রাথমিক খরচ ও প্রকল্প বাস্তবায়নে দেরি কমে।

বিভিন্ন অঞ্চলে সরবরাহ ব্যবস্থা ছড়িয়ে পড়া এবং শিল্পোৎপাদনের ক্ষেত্রে সময়ের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এই মডেল আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। বিনিয়োগকারীরা এখন এমন শিল্পাঞ্চল খুঁজছেন, যেখানে জমি, যোগাযোগ ব্যবস্থা, প্রয়োজনীয় পরিষেবা এবং সরকারি অনুমোদনের প্রক্রিয়া সম্পর্কে আগে থেকেই স্পষ্ট ধারণা পাওয়া যায়।

ভারতেও প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্কের ব্যবহার বাড়ছে। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে এই ধরনের শিল্প পার্ক গড়ে তোলার জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে ভারতে ২৬০টি প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্ক রয়েছে। বিভিন্ন ক্ষেত্র ও রাজ্যে এই ধরনের শিল্প পরিকাঠামোর ব্যবহার বাড়ার বিষয়টি এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে।

নির্দিষ্ট ক্ষেত্রের শিল্পের জন্যও প্লাগ-অ্যান্ড-প্লে ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। এ বছর জুলাই মাসে সরকার তিনটি রাসায়নিক শিল্প পার্ক গড়ে তোলার জন্য BHAVYA-রসায়ন প্রকল্পে অনুমোদন দেয়। এই পার্কগুলিতে রাসায়নিক শিল্পের জন্য সাধারণ পরিকাঠামো ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা থাকবে।

ধোলেরা SIR : একটি সমন্বিত শিল্পনগরী

গুজরাটের ধোলেরা নতুন প্রজন্মের শিল্পনগরী হিসেবে গড়ে উঠছে। শুরু থেকেই এখানে প্রশস্ত রাস্তা, নির্ভরযোগ্য পরিষেবা, ডিজিটাল নেটওয়ার্ক এবং আধুনিক নগর পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুৎ, জল, গ্যাস ও নিকাশি ব্যবস্থার জন্য একটি অভিন্ন ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এর ফলে, শিল্প সংস্থাগুলির জন্য প্লাগ-অ্যান্ড-প্লে ব্যবস্থা গড়ে উঠছে।

উন্নত শিল্পোৎপাদনের বিভিন্ন ক্ষেত্রের কেন্দ্র হিসেবে ধোলেরার বিকাশ ঘটছে। সেমিকন্ডাক্টর, মহাকাশ ও প্রতিরক্ষা, সৌরশক্তি সংক্রান্ত উৎপাদন, গ্রীন হাইড্রোজেন, জৈবপ্রযুক্তি এবং ভারী যন্ত্রপাতি নির্মাণ এই অঞ্চলের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে।

বন্দর, বিমানবন্দর, এক্সপ্রেসওয়ে এবং ডেডিকেটেড ফ্রেট করিডরের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা ধোলেরাকে দেশের বিভিন্ন বাজার ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করছে।

ধোলেরার উল্লেখযোগ্য তথ্য:

- মোট ১১টি প্লটে মোট ৪৯৫ একর জমি বরাদ্দ করা হয়েছে।
- সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৯৭,৩২৮ কোটি টাকা।
- বস্তুত, ৬,০০০-এরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
- টাটা ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র এবং রিনিউ পাওয়ারের সৌর মডিউল উৎপাদন কেন্দ্রের মতো বড় প্রকল্পের জন্য জমি বরাদ্দ করা হয়েছে।

নতুন শিল্প পরিকাঠামো গড়ার পথে ভারত

ভারতে শিল্পের বিকাশের ধরনধারণ বদলাচ্ছে। এখন সমন্বিত পরিকল্পনায় শিল্পাঞ্চল গড়ে তোলার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ শিল্পাঞ্চল থেকে পরিকল্পিত বড় শিল্পকেন্দ্র গড়ে তোলার এই রূপান্তর শিল্পোন্নয়নের নতুন দিশা দেখাচ্ছে।

এই পরিবর্তনের পরবর্তী ধাপ হল BHAVYA। শিল্পের বিকাশে নেওয়া অন্যান্য উদ্যোগের সঙ্গে এই প্রকল্পও ভারতের শিল্পোৎপাদন ক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক শিল্পোৎপাদন ক্ষেত্রে দেশের ভূমিকা আরও শক্তিশালী করার বৃহত্তর প্রয়াসের অংশ।

তথ্যসূত্র

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241785&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288863&reg=48&lang=1

 

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241814&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114840&reg=3&lang=2

https://www.dpiit.gov.in/static/uploads/2025/07/a7f8726a772d283c2c10a7d02ab5b190.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270334&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264533&reg=3&lang=1

 

Ministry of Finance

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219990&reg=3&lang=1

 

Ministry of Housing and Urban Affairs

https://pmay-urban.gov.in/uploads/guidelines/Operational-Guidelines-of-PMAY-U-2.pdf

 

Ministry of Textiles

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241103&reg=3&lang=2

 

NITI Aayog

https://www.niti.gov.in/sites/default/files/2025-04/India_Hand_Power_Tools_Sector_Report.pdf

https://niti.gov.in/sites/default/files/2025-10/Reimagining_Manufacturing_Indias_Roadmap_to_Global_Leadership_in_Advanced_Manufacturing.pdf

 

United Nations Industrial Development Organization

https://www.unido.org/sites/default/files/files/2019-11/International_Guidelines_for_Industrial_Parks.pdf

 

NICDC

https://nicdc.in/projects/4-projects-developed/dholera-special-investment-region-gujarat

https://dholera.gujarat.gov.in/advantage_dholera

https://dholera.gujarat.gov.in/business

 

IBEF

https://dev.ibef.org/industry/manufacturing-sector-india

Click here to see pdf 


***
SSS/AS..........


(রিলিজ আইডি: 2323357) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: Bengali-TR , English , Urdu , हिन्दी , Gujarati , Tamil