প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৮ অক্টোবর ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করবেন

পোস্ট করার দিনক্ষণ: 07 OCT 2026 12:45PM by PIB Agartala

নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৮ অক্টোবর নতুন দিল্লির যশোভূমিতে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’-এর দশম সংস্করণের উদ্বোধন করবেন।

টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ৭ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে। মোবাইল কংগ্রেসের এবারের মূল ভাবনা হল “স্কেল উইদাউট বাউন্ডারিজ” বা সীমাহীন পরিসর—যা ডিজিটাল উদ্ভাবন, পরবর্তী প্রজন্মের সংযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি-চালিত বিকাশের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এর চারটি মূল স্তম্ভ হলো—‘সৃষ্টি’ অর্থাৎ ভবিষ্যৎ নির্মাণ, ‘সংবর্ধন’ অর্থাৎ বিকাশ ত্বরান্বিত করা, ‘সশক্ত’ অর্থাৎ সুযোগের প্রসার এবং ‘সুরক্ষা’ অর্থাৎ আস্থা সুদৃঢ় করা। এই আয়োজনে উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তি-চালিত অর্থনৈতিক বিকাশ, সর্বজনীন ডিজিটাল প্রবেশাধিকার এবং নিরাপদ ও সহনশীল ডিজিটাল পরিমণ্ডল গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই মোবাইল কংগ্রেস বিশ্বজুড়ে প্রথম সারির প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, স্টার্টআপ, বিনিয়োগকারী এবং উদ্ভাবকদের এক মঞ্চে নিয়ে আসবে।

২০২৬ সালের এই সংস্করণে নয়টি প্রতিষ্ঠিত প্রধান ক্ষেত্রের ওপর আলোকপাত করা হবে; যার মধ্যে রয়েছে ৫জি ও ৬জি, পরবর্তী প্রজন্মের এআই নেটওয়ার্ক, সেমিকন্ডাক্টর, নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম যোগাযোগ, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন, চক্রাকার অর্থনীতি ও ইএসজি (ESG) এবং ইলেকট্রনিক্স উৎপাদন। পাশাপাশি, স্মার্ট মোবিলিটি, স্টেডিয়াম অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স এবং পরিবহন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রের উপর আলোকপাত করা হবে।

এবারের মোবাইল কংগ্রেসে ১০০টিরও বেশি দেশ থেকে ১.৫ লক্ষেরও বেশি মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এতে ৫০০-এর বেশি সহযোগী ও প্রদর্শক, ৬০০-এর বেশি স্টার্টআপ এবং ৯০০-এর বেশি চিন্তাবিদ অংশগ্রহণ করবেন। এই আয়োজনে ২,০০০-এরও বেশি প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ দেখানো হবে এবং ১২০টিরও বেশি অধিবেশন অনুষ্ঠিত হবে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2320268) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Tamil , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam