পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
COP31-এ ফারাক দূর করা, প্রতিশ্রুতি পূরণ এবং প্যারিস চুক্তির রূপায়ণে গতি আনার ওপর জোর দিল ভারত
পোস্ট করার দিনক্ষণ:
07 OCT 2026 8:17AM by PIB Agartala
নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ ফিজিতে ইউএনএফসিসিসি-র প্রাক COP31 বৈঠকে যোগ দেন। COP31-এর অগ্রাধিকার বিষয়ক পূর্ণাঙ্গ আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ফারাক দূর করা, প্রতিশ্রুতি পূরণ এবং প্যারিস চুক্তির রূপায়ণে গতি আনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অস্ট্রেলিয়া, ফিজি ও টুভালুর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইউএনএফসিসিসি-র প্রাক COP31 বৈঠকে শ্রী যাদব ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বক্তব্যের গোড়াতেই শ্রী যাদব জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করে দৃষ্টান্ত স্থাপনের জন্য টুভালুর মানুষকে অভিনন্দন জানান। তাঁদের এই প্রচেষ্টা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আসা আত্মবিশ্বাস এবং ঐক্যবদ্ধ থাকার সংকল্পকে আরও জোরালো করবে বলে তিনি মন্তব্য করেন।
শ্রী যাদব বলেন, প্যারিস চুক্তির আওতায় বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারিত হয়েছে। এগুলির যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। সমগ্র বিশ্ব কীভাবে এইসব লক্ষ্যপূরণের দিকে এগোচ্ছে, তার মূল্যায়ণের ওপরেই এখন মনোযোগ নিবদ্ধ করা উচিত।
শ্রী যাদব বলেন, জলবায়ু বহুপাক্ষিকতার দীর্ঘমেয়াদী লক্ষ্য ও দিকনির্দেশনা নিয়ে একটি সার্বিক ঐকমত্য গড়ে উঠেছে। তবে এর বোঝাপড়ার মধ্যে, বিজ্ঞান- প্রথাগত জ্ঞান ও প্রচলিত রীতির মধ্যে, সামাজিক রীতিনীতি ও নৈতিকতার মধ্যে এবং সম্পদ ও চাহিদার মধ্যে যে ফারাক রয়েছে তা চিহ্নিত করে সেই বিষয়ে ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।
শ্রী যাদব বলেন, প্যারিস চুক্তির আওতায় বিভিন্ন পক্ষের প্রতিশ্রুতিগুলি যাতে অক্ষরে অক্ষরে পূরণ করা হয়, তা নিশ্চিত করা দরকার। তিনি বৃহত্তর সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বাস্তবায়নের কার্যকর প্রয়োগগুলি তুলে ধরার অনুরোধ জানান।
শ্রী যাদব বলেন, বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে এই ধরনের দৃষ্টান্ত তুলে ধরা হলে প্যারিস চুক্তির রূপায়ণের ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়া যাবে। আন্টালিয়ার সাফল্য কেবল নতুন লক্ষ্যমাত্রা বা ঘোষণার মাধ্যমে পরিমাপ না করে বাস্তবায়নের গতি বাড়ছে কি না, যাদের প্রয়োজন তাদের কাছে সহায়তা পৌঁছচ্ছে কি না এবং সমাধানগুলি বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া হচ্ছে কি না তার ওপর নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2320248)
ভিজিটরদের কাউন্টার : 2