প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও হাই অল্টিটিউড প্যারাসুটের প্রথম লাইভ জাম্প সম্পন্ন করেছে
প্রকাশিত:
06 OCT 2026 4:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) অ্যাডভান্সড হাই-অল্টিটিউড প্যারাশুট - এর প্রথম লাইভ জাম্প বা সরাসরি প্যারাসুট জাম্প সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,০০০ ফুট উচ্চতায় এই জাম্পটি করা হয়। ১৫,৫০০ ফুট উচ্চতায় প্যারাশুটটি খোলা হয় এবং ১৩,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত নিওমা (মুধ ডিজেড)-তে অবতরণ করা হয়। এই লাইভ জাম্প অধিকতর উচ্চতার ভূখণ্ডে এএইচএপি প্যারাশুটের কার্যকারিতা এবং কৌশলগত ব্যবহারের উপযোগিতা প্রমাণ করেছে।
আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা নকশা ও তৈরি করা এএইচএপি হ’ল প্যারাট্রুপারদের গণ-অবতরণের জন্য একটি স্ট্যাটিক লাইন প্যারাশুট ব্যবস্থা।
এই ব্যবস্থাটি কানপুরের অর্ডন্যান্স প্যারাশুট ফ্যাক্টরি তৈরি করেছে।এতে বিভিন্নভাবে প্যারাশুট খোলার বা ব্যবহারের সুবিধা রয়েছে এবং এটি ১৮,০০০ ফুট পর্যন্ত উচ্চতায় কাজ করতে সক্ষম। এর অবতরণের গতি অত্যন্ত নিরাপদ, যা অধিকতর উচ্চতার ভূখণ্ডে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত প্রয়োজনের জন্য বিশেষভাবে উপযুক্ত। এত বেশি উচ্চতায় স্ট্যাটিক লাইন প্যারাশুট জাম্প করা বেশ জটিল এবং সহজাতভাবেই ঝুঁকিপূর্ণ, কারণ এক্ষেত্রে প্যারাশুট খোলার সময় প্রচণ্ড ধাক্কা অনুভূত হয় এবং অবতরণের গতিও অনেক বেশি থাকে।
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং দেশীয় প্রযুক্তিতে তৈরি এএইচএপি প্যারাশুট ব্যবস্থার সফল প্রথম লাইভ জাম্পের জন্য ডিআরডিও, প্রতিরক্ষা বাহিনী, ডিপিএসইউ এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। এটিকে তিনি আত্মনির্ভর ভারত-এর পথে আরও একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব তথা ডিআরডিও-র চেয়ারম্যান শ্রী রাজেশ কুমার সিং এই ব্যবস্থার নকশা ও উন্নয়নের সঙ্গে যুক্ত দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2319736)
ভিজিটরের কাউন্টার : 2