অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

‘নবকিসান’ ভারতের প্রথম ডব্লিউএএসএইচ-কেন্দ্রিক সোশ্যাল বন্ড তালিকাভুক্ত করে ১৮০ কোটি টাকা সংগ্রহ করেছে

প্রকাশিত: 03 OCT 2026 12:01PM by PIB Kolkata

মুম্বাই, ৩ অক্টোবর ২০২৬

 


ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর সহযোগী প্রতিষ্ঠান 'নবকিসান ফাইন্যান্স লিমিটেড' ১লা অক্টোবর ২০২৬ তারিখে মুম্বাইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ভারতের প্রথম 'সোশ্যাল বন্ড' তালিকাভুক্ত করেছে, যা বিশেষভাবে জল, শৌচালয়(স্যানিটেশন) এবং স্বাস্থ্যবিধি (ডব্লিউএএসএইচ) ক্ষেত্রের জন্য নিবেদিত।


এই সোশ্যাল বন্ড ইস্যুটিতে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে এবং এটি ১.৮ গুণ বেশি সাবস্ক্রাইবড হয়েছে, যার ফলে নবকিসান ১৮০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। পাঁচ বছর মেয়াদি এই বন্ডটির কুপন রেট ৮.১০% এবং এর মেয়াদ শেষ হবে ২০৩১ সালের সেপ্টেম্বরে। এছাড়া এটি 'ক্রিসিল এএএ (স্থিতিশীল)' এবং 'কেয়ার এএএ (স্থিতিশীল)'-এর মতো সর্বোচ্চ অভ্যন্তরীণ ক্রেডিট রেটিং অর্জন করেছে। বন্ড থেকে প্রাপ্ত অর্থ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরিষেবার সুযোগ বাড়াতে ব্যবহৃত হবে, যা তাঁদের স্বাস্থ্য, জীবিকা ও জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখবে।


তালিকাভুক্তি অনুষ্ঠানে নাবার্ড, নবকিসান,  Water.org, ট্রাস্ট গ্রুপ এবং এনএসই-র প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং এরপর আনুষ্ঠানিক ঘণ্টা বাজানোর মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করা হয়।


নাবার্ড-এর চেয়ারম্যান ড. শাজি কৃষ্ণন ভি বলেন যে, ডব্লিউএএসএইচ বন্ডের সফল ইস্যু প্রমাণ করে যে উন্নয়নের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলো পূরণে উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন যে, জল সরবরাহ ও শৌচালয় বা স্যানিটেশন পরিষেবার উন্নত সুযোগ গ্রামীণ এলাকায় স্বাস্থ্য, জীবিকা ও জীবনযাত্রার মানকে শক্তিশালী করে। পাশাপাশি, উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলি এ ধরনের প্রকল্পগুলিকে 'ব্যাংকেবল' (ব্যাংক-অর্থায়নের উপযোগী) করে তুলতে এবং বাণিজ্যিক ও পুঁজিবাজার থেকে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবকিসান-এর এমডি ও সিইও শ্রী ইমানুয়েল গণেশন বলেন, 'ডব্লিউএএসএইচ' বন্ডটি দেখায় যে কীভাবে পুঁজিবাজারের বিভিন্ন মাধ্যম উন্নয়নের বিভিন্ন খাতের জন্য সম্পদ সংগ্রহ করতে পারে এবং একই সঙ্গে পরিমাপযোগ্য সামাজিক প্রভাব ফেলতে পারে। বিনিয়োগকারীদের এই জোরালো সাড়া স্থিতিশীল অর্থায়নের প্রতি ক্রমবর্ধমান আস্থাকে প্রতিফলিত করে, যা অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার একটি মাধ্যম।


এই লেনদেন প্রক্রিয়ায় বিভিন্ন অংশীদার সহায়তা প্রদান করেছেন; এর মধ্যে রয়েছে কারিগরি উপদেষ্টা ও জ্ঞান-অংশীদার হিসেবে Water.org, এবং সেই সঙ্গে বিভিন্ন বাজার-প্রতিষ্ঠান, উপদেষ্টা, ট্রাস্টি ও অ্যারেঞ্জার, যারা বন্ডটির সফল ইস্যু ও তালিকাভুক্তিতে অবদান রেখেছেন। ভারতের প্রথম 'ডব্লিউএএসএইচ' (WASH - জল, অনাময় ও স্বাস্থ্যবিধি) বিষয়ক সোশ্যাল বন্ডের তালিকাভুক্তি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নে সহায়ক উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নাবার্ড ও নবকিসান-এর প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি, এটি দেশের সুস্থায়ী অর্থায়ন বাজারকেও আরও সমৃদ্ধ করে তোলে।


SC/SB/DM


(রিলিজ আইডি: 2318659) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , Marathi , Telugu , Malayalam