পঞ্চায়েতি রাজ মন্ত্রক
azadi ka amrit mahotsav

২ অক্টোবর উপলক্ষে ভারতজুড়ে বিশেষ গ্রামসভা : সূচনা হবে সবকি যোজনা, সবকা বিকাশ শীর্ষক জন পরিকল্পনা অভিযান ২০২৬-২৭-এর

পোস্ট করার দিনক্ষণ: 01 OCT 2026 12:52PM by PIB Agartala
 

নতুন দিল্লি, ১ অক্টোবর ২০২৬

 

গ্রামীণ ভারতে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত রূপান্তরমূলক প্রশাসনিক সংস্কার ও উদ্যোগসমূহ নিয়ে আলোচনার জন্য আগামী ২ অক্টোবর সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হবে। এই বিশেষ গ্রামসভাগুলোর মাধ্যমেই সবকি যোজনা, সবকা বিকাশ (সবার জন্য পরিকল্পনা, সবার জন্য উন্নয়ন) শীর্ষক পিপলস প্ল্যান ক্যাম্পইন অর্থাৎ জন পরিকল্পনা অভিযান ২০২৬-২৭-এর সূচনা করা হবে। যার আওতায় গ্রাম পঞ্চায়েতগুলি অংশগ্রহণমূলক ও তথ্য-ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ২০২৭-২৮ অর্থবছরের জন্য তাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (জিপিডিপি) প্রস্তুত করবে। গ্রামসভার এই আলোচনাগুলিতে নাগরিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা একত্রিত হয়ে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগগুলোর সুফল ও বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করবেন। সেইসঙ্গে স্থানীয় চাহিদা ও ঘাটতিগুলো চিহ্নিত করে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রক ও বিভাগের সহযোগিতায়, তৃণমূল স্তরে উন্নয়নের লক্ষ্যে সমগ্র-সরকার পদ্ধতির অংশ হিসেবে এই আলোচনাগুলির আয়োজন করছে। বিশেষ গ্রামসভাগুলিতে যেসব প্রকল্প ও উদ্যোগগুলি তুলে ধরা হবে তা হল
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীন অর্থ কমিশনের অনুদানের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করা। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান-এর আওতায় সক্ষমতা বৃদ্ধি; ই-গ্রাম স্বরাজ ও অডিট অনলাইন-এর মাধ্যমে ডিজিটাল শাসনব্যবস্থা; নিজস্ব উৎস থেকে আয় (ওএসআর) বৃদ্ধির উদ্যোগ এবং স্বামীত্ব প্রকল্প এবং পঞ্চায়েত অগ্রগতি সূচক।
গ্রামীণ উন্নয়ন বিভাগের : বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) (ভিবি-জি রাম জি), যার মাধ্যমে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হয় এবং স্থানীয়ভাবে নির্ধারিত কাজ ও জীবিকার জন্য বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা।
পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থা বিভাগের অধীন গ্রামীণ পরিবারগুলিতে কলের মাধ্যমে জল সংযোগের জন্য জল জীবন মিশন এবং স্বাস্থ্যব্যবস্থা, ওডিএফ প্লাস ও কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)।
জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের অন্তর্গত জল সঞ্চয় জন-অংশীদারিত্ব: ক্যাচ দ্য রেইন এবং ভূগর্ভস্থ জলস্তর বিকাশ, জল সংরক্ষণ ও জল নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সংশোধিত জলাধার অববাহিকা উন্নয়ন নির্দেশিকা।
এছাড়া,খাদ্য ও গণবণ্টন বিভাগের অন্তর্গত খাদ্যশস্য পাওয়ার অধিকার স্থানান্তরের সুবিধার্থে এক দেশ এক রেশন কার্ড এবং নিরবচ্ছিন্ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা।
সেইসঙ্গে উপভোক্তা বিষয়ক বিভাগের উপভোক্তা সচেতনতা বৃদ্ধি, অভিযোগ প্রতিকার এবং ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সহজ করার লক্ষ্যে জাতীয় উপভোক্তা হেল্পলাইন ও ই-জাগৃতি।
ভূমি সম্পদ বিভাগের ডিজিটাল ও সহজে লভ্য ভূমি রেকর্ডের জন্য ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম, যা নিরাপদ সম্পত্তির অধিকার ও ঋণ প্রাপ্তি সহজতর করে এবং প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা-র আওতায় জলাধার অববাহিকা উন্নয়ন।

২০১৮ সাল থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পিপলস প্ল্যান ক্যাম্পেইন (জন-পরিকল্পনা অভিযান) বাস্তবায়িত হয়ে আসছে, যা পঞ্চায়েতগুলিকে সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সক্ষম করে তুলেছে। আড়াই লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েত তাদের পরিকল্পনা প্রস্তুত করে ই-গ্রামস্বরাজ পোর্টালে আপলোড করে থাকে। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইনডেক্স পঞ্চায়েতগুলিকে স্থানীয় উন্নয়নের মূল ক্ষেত্রগুলিতে তাদের সাফল্য ও ঘাটতিগুলি চিহ্নিত করতে সহায়তা করে। এর ফলে গ্রামসভা অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে এবং আগামী বছরের জন্য সংকল্প বা অঙ্গীকার গ্রহণ করতে পারে। এই প্রকল্প ও উদ্যোগগুলির বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরা এবং স্থানীয় অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করার জন্য গ্রামসভা নাগরিকদের একটি সরাসরি মঞ্চ প্রদান করে। এছাড়াও, এই আলোচনাগুলির মাধ্যমে নতুন ফৌজদারি আইন — যেমন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি ডিজিটাল রূপান্তর, সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করা এবং নারী ও শিশুদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার বিষয়গুলি (যার মধ্যে বাল বিবাহ মুক্ত ভারত ও নেশা মুক্ত ভারত অভিযান বা মাদক-মুক্ত ভারত অভিযান অন্তর্ভুক্ত) নিয়েও আলোচনা করা হবে। স্বচ্ছতা হি সেবা ২০২৬ কর্মসূচির সমাপ্তি লগ্নে, ২ অক্টোবর গ্রামসভাগুলিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৬ নিয়েও আলোচনা করা হবে।

নাগরিকদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে ২ অক্টোবর ২০২৬-এ আয়োজিত বিশেষ গ্রামসভাগুলিতে অংশগ্রহণ করার জন্য এবং স্থানীয় চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এমন পঞ্চায়েতস্তরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ভূমিকা নিতে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2317631) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Bengali , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada