অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরআই ভারত জুড়ে থাকা একটি পাচারকারী চক্রের সন্ধান পেল। বাজেয়াপ্ত হল ১০ কোটি টাকার বেশি দামের প্রায় ৬.৬ কিলো বিদেশি সোনা, মূল চাঁই সহ ১১ জন ধৃত

প্রকাশিত: 28 SEP 2026 2:57PM by PIB Kolkata

                                     নতুন দিল্লি ২৮ সেপ্টেম্বর ২০২৬


সংগঠিত সোনা পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযানের অঙ্গ হিসেবে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ভারত জুড়ে কাজ করা একটি সোনা পাচারকারী চক্রের খোঁজ পেল। বাজেয়াপ্ত হল প্রায় ১০.৩৬ কোটি টাকা মূল্যের ৬.৬১ কিলোগ্রাম বিদেশি সোনা। 

এই চক্রটি কাজ করত ক্যুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে। গত ৯ মাসে ক্যুরিয়ার চ্যানেল দিয়ে ৪৭৫ কোটি টাকা মূল্যের ৩১৮ কেজি পাচার করা সোনা চালান করেছিল। মূল চাঁই সহ ১১ জন গ্রেপ্তার হয়েছে।

বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় পশ্চিমবঙ্গ এবং অসমে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নিয়মিত বিদেশি সোনা পাচার করা হচ্ছে। তারপর সেগুলি ক্যুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গার চালান করা হচ্ছে। এরপরেই ডিআরআই ২৩ এবং ২৪ সেপ্টেম্বর একাধিক শহরে সমন্বিতভাবে অভিযান চালায়। একসঙ্গে তল্লাশি চলে মুম্বাই, দিল্লি, কলকাতা, আমেদাবাদ এবং গুয়াহাটিতে। 

অভিযানে মুম্বাই, দিল্লি, আমেদাবাদে পাঠানোর জন্য গুয়াহাটি এবং কলকাতায় বুক করা পাচার করা সোনা হেফাজতে নেওয়া হয়। ৭ জনকে আটক করা হয়। একইসঙ্গে কলকাতায় চোরাচালানকারীদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩ জনকে আটক করা হয়। এরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে অন্যতম মূল চাঁইকে আটক করা হয় মুম্বাইতে।

তদন্তে জানা গেছে, এই চক্রটি পাচার করা সোনা কয়েকটি ভাগে বিভক্ত করে গুয়াহাটি এবং কলকাতা থেকে পাঠাত মুম্বাই, দিল্লি, আমেদাবাদে স্থানীয় বাজারে বিক্রির জন্য্। প্রাপক এবং প্রেরক উভয়েরই কাছে আইন মাফিক সোনা লেনদেনের কাগজপত্র পাওয়া যায়নি। 

আটক করা চালান থেকে প্রায় ১০.৩৬ কোটি টাকা মূল্যের মোট ৬.৬১ কেজি বিদেশি সোনার বার আটক করার পর বাজেয়াপ্ত করা হয় শুল্ক আইন ১৯৬২-র প্রাসঙ্গিক ধারায়। চক্রের সঙ্গে যুক্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। সারা দেশে চোলাচালান করা সোনা পাচারে অপ্রচলিত লজিস্টিক এবং ক্যুরিয়ারের ব্যবহার সহ সরবরাহ শৃঙ্খলের প্রতিটি ধাপ ভেঙে দেওয়ার যে কাজ চালিয়ে যাচ্ছে ডিআরআই সেটাই প্রকাশ পেয়েছে এই অভিযানে।

 

 

SC/AP/CS


(রিলিজ আইডি: 2315987) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Telugu