উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির মধ্যে আরও নিবিড় কৌশলগত সহযোগিতার আহ্বান উপ-রাষ্ট্রপতির
প্রকাশিত:
25 SEP 2026 2:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণান আজ দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক নিরাপত্তা ও উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক আন্তর্জাতিক আলাপ-আলোচনা, পারস্পরিক শিক্ষা এবং কৌশলগত সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
উপ-রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট প্রোগ্রাম’ (IN-STEP) -এর চতুর্থ সংস্করণের প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে উপ-রাষ্ট্রপতি ৩৮ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং ভারত থেকে আগত অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
শ্রী সি. পি. রাধাকৃষ্ণন বলেন, অর্থবহ আলোচনা, পারস্পরিক শিক্ষা ও কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি সুস্থায়ী মঞ্চ গড়ে তোলার লক্ষ্যে ভারতের জি-২০ সভাপতিত্বকালে যে যৌথ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল, IN-STEP তারই প্রতিফলন। তিনি বলেন যে, আজকের বিশ্বের পারস্পরিক আন্তঃনির্ভরশীলতার কারণে যে কোনও দেশের পক্ষেই এককভাবে উদীয়মান চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
উপ-রাষ্ট্রপতি বলেন যে, কৌশলগত পরিবেশ দ্রুত বদলাচ্ছে; প্রথাগত নিরাপত্তা উদ্বেগের সাথে প্রযুক্তি, সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং সরবরাহ-শৃঙ্খলের মতো বিষয়গুলি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, IN-STEP একটি বৃহত্তর কৌশলগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, আন্তর্জাতিক ঘটনাবলির দীর্ঘস্থায়ী প্রভাব আঁচ করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেয়। তিনি জোর দিয়ে বলেন যে, সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্রায়ই অভিন্ন চ্যালেঞ্জগুলি আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।
উপ-রাষ্ট্রপতি আন্তর্জাতিক আলোচনার গতিপথ নির্ধারণে ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্বের ওপর জোর দেন।
তিনি বলেন, ‘গ্লোবাল সাউথ’-এর সঙ্গে ভারতের একাত্মতা, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ, সার্বভৌম সমতা এবং প্রতিটি দেশের উন্নয়ন ও কৌশলগত অগ্রাধিকারের প্রতি শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে চালিত হয়।
উপ-রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এবং তিনি তা নির্মূলের লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি অংশগ্রহণকারীদের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এবং জনজীবনে সততা ও স্বচ্ছতার গুরুত্বের ওপর জোর দেন।
বিশিষ্ট অংশগ্রহণকারীদের একত্রিত করার জন্য তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়, বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রশংসা করেন। তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন যে, তাঁদের এই যোগদান অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে পেশাগত সম্পর্ক জোরদার করতে এবং কৌশলগত বোঝাপড়া বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে।
‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট প্রোগ্রাম’-এর চতুর্থ সংস্করণে মোট ৩৮ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ২২টি দেশের ২৫ জন আন্তর্জাতিক প্রতিনিধি রয়েছেন; যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, সেশেলস, মঙ্গোলিয়া, নেপাল, মরিশাস, মালদ্বীপ, ওমান, গায়ানা, চিলি, আর্জেন্টিনা, ফিলিপাইন, থাইল্যান্ড, আর্মেনিয়া, কিরগিজস্তান, কাতার, মায়ানমার, উজবেকিস্তান ও ব্রাজিল।
IN-STEP হ’ল দুই সপ্তাহের একটি কর্মসূচি, যা জাতীয় প্রতিরক্ষা কলেজের সহযোগিতায় বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় যৌথভাবে আয়োজন করে।
এর আগের সংস্করণগুলি ২০২৪ সালের মার্চ, ২০২৪ সালের অক্টোবর এবং ২০২৫ সালের অক্টোবর -নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল।
SC/PM/SB
(রিলিজ আইডি: 2314935)
ভিজিটরের কাউন্টার : 3