পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

ওপেক-ভারত জ্বালানি সংলাপের সপ্তম বৈঠক

প্রকাশিত: 22 SEP 2026 2:38PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২২ সেপ্টেম্বর  ২০২৬


নতুন দিল্লিতে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ওপেক-ভারত জ্বালানি সংলাপের সপ্তম বৈঠক। যৌথ সভাপতিত্ব করেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি এবং ওপেক (OPEC)-এর মহাসচিব হাইথাম আল গাইস।

আলোচনায় তেলের বাজারের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং তেল শিল্পক্ষেত্রে পর্যাপ্ত ও সময়োপযোগী বিনিয়োগের গুরুত্বের ওপর আলোকপাত করা হয়। উভয় পক্ষই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিস্থিতির পর্যালোচনা করে। বিশ্ব অর্থনীতি ও জ্বালানির চাহিদা বৃদ্ধিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ উঠে আসে বৈঠকে।

হরদীপ সিং পুরি বলেন যে, ভারত ও ওপেকের মধ্যে পরিপূরক ও পারস্পরিক ভিত্তিতে সুবিধাজনক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি এই অংশীদারিত্ব জোরদার করায় ওপেক-এর মহাসচিবের অবদানের কথা তুলে ধরেন। ওপেক এবং এর সদস্য দেশগুলোর সাথে দীর্ঘদিনের সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানান তিনি। 

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও বাজারের অস্থিরতার এই সময়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে ওপেকের প্রচেষ্টার প্রশংসা করেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। একটি ভারসাম্যপূর্ণ, স্থিতিশীল ও পূর্বাভাসযোগ্য আন্তর্জাতিক জ্বালানি বাজার গড়ে তোলার লক্ষ্যে ওপেক এবং ভারত একযোগে কাজ করতে পারে বলে তিনি মনে করেন।

হাইথাম আল গাইস বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ভারতের গুরুত্ব আগামী দশকগুলোতে আরও বাড়বে বলে তাঁর ধারনা। ২০১৫ সালে নতুন দিল্লিতে শুরু হওয়া 'ওপেক-ভারত জ্বালানি সংলাপ' অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেন তিনি।

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘ওপেক-ভারত জ্বালানি সংলাপ’-এর অষ্টম বৈঠক হবে বলে স্থির হয়েছে। 


SC/AC/NS…


(রিলিজ আইডি: 2313505) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada