PIB Backgrounder
azadi ka amrit mahotsav

বৈদ্যুতিন উপাদান উৎপাদন প্রকল্প

ভারতের বৈদ্যুতিন ক্ষেত্রের পরিকাঠামোর মজবুত ভিত্তি নির্মাণ

পোস্ট করার দিনক্ষণ: 17 SEP 2026 12:41PM by PIB Agartala
 

১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

বৈদ্যুতিন পণ্য সরবরাহ শৃঙ্খলে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে ইসিএমএস

বৈদ্যুতিন সামগ্রী আধুনিক অর্থনীতি এবং দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এগুলি যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যপরিষেবা, পরিবহন, অর্থায়ন, উৎপাদন এবং ডিজিটাল পরিকাঠামোকে সচল রাখে। স্মার্টফোন ও মোটরগাড়ি থেকে শুরু করে টেলিকম নেটওয়ার্ক এবং শিল্প ব্যবস্থার মতো প্রতিটি ক্ষেত্রে বৈদ্যুতিন ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতাকে চালিত করে।

তাই প্রযুক্তিগত স্থিতিস্থাপকতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং জাতীয় স্বনির্ভরতার জন্য একটি শক্তিশালী অভ্যন্তরীণ বৈদ্যুতিন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিগত এক দশকে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সম্প্রসারণ প্রত্যক্ষ করা গেছে। বৈদ্যুতিন পণ্য উৎপাদন ২০১৪-১৫ অর্থবর্ষের ১.৯ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৩.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে বৈদ্যুতিন পণ্য রপ্তানি ৩৮,০০০+ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪.২৪ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই ধারাবাহিক প্রবৃদ্ধি ভারতের বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। পরবর্তী অগ্রাধিকার হলো—অভ্যন্তরীণ যন্ত্রাংশ (উপাদান) উৎপাদন, উচ্চতর মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) এবং আরও শক্তিশালী সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) স্থিতিস্থাপকতার মাধ্যমে এই ব্যবস্থাকে আরও গভীর ও সুদৃঢ় করা।

ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম (ECMS) এই রূপান্তরকে চালিত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং কাঁচামাল এখনও আমদানির ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে প্রিন্টেড সার্কিট বোর্ড, ক্যামেরা ও ডিসপ্লে মডিউল, কানেক্টর, ক্যাপাসিটর, লিথিয়াম-আয়ন সেল এবং রেয়ার-আর্থ ম্যাগনেট। ইসিএমএস (ECMS) যন্ত্রাংশ, সাব-অ্যাসেম্বলি, সরবরাহ শৃঙ্খল পণ্য এবং সংশ্লিষ্ট মূলধনী পণ্যের (ক্যাপিটাল গুডস) অভ্যন্তরীণ উৎপাদনকে ত্বরান্বিত করে। এটি অভ্যন্তরীণ মূল্য সংযোজন বৃদ্ধি এবং আমদানির ওপর নির্ভরতা হ্রাস করতে চায়। এই প্রকল্পের লক্ষ্য, ভারতের ইলেকট্রনিক্স সরবরাহ শৃঙ্খল জুড়েই স্থিতিস্থাপকতা শক্তিশালী করা। বৈদ্যুতিন মূল্য শৃঙ্খলের আরও গভীরে সক্ষমতা তৈরি করার মাধ্যমে, ইসিএমএস-এর উদ্দেশ্য হলো ভারতের উৎপাদন গতিকে একটি স্বনির্ভর এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বৈদ্যুতিন ব্যবস্থায় রূপান্তরিত করা।
সেমিকন্ডাক্টর আধুনিক বৈদ্যুতিন ব্যবস্থার মূল ভিত্তি। তাই প্রযুক্তিগত স্থিতিস্থাপকতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং জাতীয় স্বনির্ভরতার জন্য একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত আবশ্যক। এই কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিয়ে, ভারত সরকার নীতিগত সহায়তা, পরিকাঠামো এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। এই প্রচেষ্টার অংশ হিসাবে, ১৭ সেপ্টেম্বর ২০২৬-এ নতুন দিল্লির যশোভূমিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক “সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম” থিমের অধীনে 'সেমিকন ইন্ডিয়া ২০২৬' -এর উদ্বোধন করা হয়েছে। এ বছর ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এই সেমিকন ২০২৬, বিশ্বর তাবড় শিল্পনেতা, নীতি-নির্ধারক, বিনিয়োগকারী, শিক্ষাবিদ এবং স্টার্ট-আপগুলিকে এক মঞ্চে নিয়ে এসেছে। এটি ভারতের সেমিকন্ডাক্টর সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সমগ্র ভ্যালু চেইন জুড়ে ইকোসিস্টেমকে শক্তিশালী করার একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে।

ইসিএমএস-এর এযাবৎ অগ্রগতি: নীতি থেকে উৎপাদন

ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম একটি শক্তিশালী এবং সুদূরপ্রসারী ‘স্বদেশী’ বৈদ্যুতিন মূল্য শৃঙ্খলের বিকাশকে ত্বরান্বিত করছে, যা কেবল সংযোজন বা অ্যাসেম্বলির গণ্ডি পেরিয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় কাঁচামালের অভ্যন্তরীণ উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে।

* ইসিএমএস (ECMS) ২০২৫-এর ৮ এপ্রিল-এ বিজ্ঞাপিত হয়েছিল। এটি ২২,৯১৯ কোটি টাকার প্রাথমিক বাজেট বরাদ্দ নিয়ে চালু করা হয়।
* এই প্রকল্পটির মেয়াদ ছয় বছর, যার সাথে এক বছরের ঐচ্ছিক জেস্টেশন পিরিয়ড বা প্রস্তুতিমূলক সময়সীমা রয়েছে।
* মূলধনী ব্যয়ের ওপর ইনসেনটিভ বা কেপেক্স ইনসেনটিভ পাঁচ (৫) বছরের জন্য প্রযোজ্য।
* কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ ইসিএমএস (ECMS) বরাদ্দ বৃদ্ধি করে ৪০,০০০ কোটি টাকা করা হয়েছে। এই বর্ধিত বরাদ্দ অভ্যন্তরীণ বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদনকে আরও গভীর ও সুদৃঢ় করবে।
* এ বছর আগস্ট পর্যন্ত ১৫টি রাজ্য জুড়ে ১০৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
* এই প্রকল্পগুলি ৩০টি বৈদ্যুতিন কার্যক্ষেত্রের পণ্যকে অন্তর্ভুক্ত করে এবং এতে ৬৯,৫৪৮ কোটি টাকার অনুমোদিত বিনিয়োগ জড়িত রয়েছে।
* ইতিমধ্যেই ৩৮টি অনুমোদিত প্ল্যান্টে উৎপাদন প্রক্রিয়া চলমান রয়েছে। আরও ১৬টি প্রকল্প নির্মাণ বা যন্ত্রপাতি স্থাপনের উন্নত স্তরে রয়েছে।
* অনুমোদিত প্রকল্পগুলি থেকে ৫.৩৪ লক্ষ কোটি টাকার উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
* এগুলি থেকে ৭৪,৬২৮টি প্রত্যক্ষ কর্মসংস্থান এবং ২.৫ লক্ষ পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে।
* ইসিএমএস (ECMS) গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন যন্ত্রাংশ এবং কাঁচামাল জুড়ে অভ্যন্তরীণ সক্ষমতাকে শক্তিশালী করছে। উৎপাদন ক্ষমতা এখন বেশ কয়েকটি পণ্য বিভাগে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করছে বা তার চেয়েও বেশি রয়েছে।

বৈদ্যুতিন পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৌশলগত উদ্যোগসমূহ

* জাতীয় বৈদ্যুতিন নীতি ২০১৯ (NPE 2019): ভারতকে বৈদ্যুতিন ব্যবস্থা নকশা করা এবং উৎপাদনের জন্য উৎপাদন-কেন্দ্রিক একটি বৈশ্বিক হাব বা কেন্দ্র হিসাবে গড়ে তোলার সামগ্রিক লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে মূল যন্ত্রাংশ তৈরি এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক উৎপাদনের জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তোলা।

* বৃহৎ আকারের বৈদ্যুতিন পণ্য উৎপাদনের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম (PLI) বা উৎপাদন-সংযুক্ত উৎসাহ ভাতা: যোগ্য টার্গেট সেগমেন্টের জন্য বর্ধিত বিক্রয়ের ওপর ৪%–৬% পারফরম্যান্স-লিঙ্কড বা কর্মসম্পাদন-সংযুক্ত উৎসাহ ভাতা চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য, অভ্যন্তরীণ বৈদ্যুতিন পণ্য এবং মোবাইল উৎপাদনের পরিধি বাড়ানো।

* স্কিম ফর প্রমোশন অফ ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রনিক কম্পোনেন্টস অ্যান্ড সেমিকন্ডাক্টরস (SPECS) এবং মডিফাইড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার্স (EMC 2.0): স্পেক্স (SPECS) বৈদ্যুতিন যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর/ডিসপ্লে ফেব্রিকেশন, এটিএমপি (অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং অ্যান্ড প্যাকেজিং) ইউনিট, বিশেষ সাব-অ্যাসেম্বলি এবং মূলধনী পণ্যের জন্য ২৫% মূলধনী ব্যয় উৎসাহ প্রদান করেছে। ইএমসি ২.০ (EMC 2.0) বিশ্বমানের উৎপাদন পরিকাঠামো, সাধারণ সুযোগ-সুবিধা এবং প্লাগ-অ্যান্ড-প্লে সক্ষমতা তৈরিতে সহায়তা করেছে।
* আইটি হার্ডওয়্যারের জন্য পিএলআই : অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ বা উৎপাদন- সংযুক্ত উৎসাহ প্রদান করে। পিএলআই ২.০ (PLI 2.0) এর ওপর ভিত্তি করে উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে, আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং ভারতকে একটি নির্ভরযোগ্য বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে।

* সেমিকন ইন্ডিয়া কর্মসূচি: ৭৬,০০০ কোটি টাকার সেমিকন ১.০ প্রোগ্রাম একটি বৃহত্তর সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে উৎপাদন ব্যবস্থা তৈরি করেছে। এটি ফ্যাব, প্যাকেজিং, টেস্টিং, ডিজাইন এবং সংশ্লিষ্ট সক্ষমতার সহায়তার মাধ্যমে বৈদ্যুতিন পণ্য উৎপাদনকে পরিপূরক করে তোলে। সেমিকন ২.০ এ বছর জুলাই-এ ১,২৭,৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ-সহ অনুমোদিত হয়েছে। এর লক্ষ্য হলো ভারতকে একটি বৈশ্বিক সেমিকন্ডাক্টর হাবে উন্নীত করা।

* ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার্স (EMC) স্কিম: এটি গ্রীনফিল্ড প্রকল্পগুলির জন্য প্রতি ১০০ একর জমির জন্য ৫০ কোটি টাকার ঊর্ধ্বসীমা-সহ প্রকল্প ব্যয়ের ৫০% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে।

* ফেজড ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম (PMP): সেলুলার মোবাইল ফোন এবং সেগুলির প্রধান সাব-অ্যাসেম্বলিগুলিতে অভ্যন্তরীণ মূল্য সংযোজন গভীর করার জন্য একটি সুসংহত, শুল্ক-ভিত্তিক পদ্ধতি প্রতিষ্ঠা করে।

* ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট ফান্ড (EDF): এটি একটি ফান্ড অফ ফান্ডস হিসাবে কাজ করে যেটি ভেঞ্চার ফান্ডগুলিতে (ডটার ফান্ডস) বিনিয়োগ করে ঝুঁকিপূর্ণ পুঁজি সরবরাহ করতে এবং ইএসডিএম (ESDM) ও আইটি (IT) খাতে বাজার-চালিত উদ্ভাবন, পণ্য ডিজাইন এবং স্টার্টআপের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে।

একটি সার্বিক বৈদ্যুতিন পণ্য উৎপাদন কেন্দ্রের অভিমুখে

ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম (ECMS) ভারতের বৈদ্যুতিন পণ্য উৎপাদন সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষাকে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানে রূপান্তর করতে সাহায্য করছে। প্রকল্পগুলি অনুমোদনের স্তর পেরিয়ে নির্মাণ এবং বাণিজ্যিক উৎপাদনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে, ইসিএমএস (ECMS) দেশের উৎপাদন ভিত্তিকে প্রসারিত করছে, অভ্যন্তরীণ মূল্য সংযোজন গভীর করছে এবং সার্বিক মূল্য শৃঙ্খলের সাথে একীকরণকে সুদৃঢ় করছে। বৈদ্যুতিন সামগ্রী ইতিমধ্যে একটি বড় রপ্তানি বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করায়, ভারত ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলার (৪৭.৭৫ লক্ষ কোটি টাকা) মূল্যের একটি অভ্যন্তরীণ বৈদ্যুতিনসরঞ্জাম উৎপাদন ব্যবস্থা এবং ১৫০ বিলিয়ন ডলার (১৪.৩৩ লক্ষ কোটি টাকা) মূল্যের বৈদ্যুতিন পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক ইলেকট্রনিক্স উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করে তুলেছে।

তথ্যবিবরণী

Ministry of Electronics and Information Technology:

 

PIB Backgrounders

 

Cabinet

 

Ministry of Commerce & Industry

Electronics Components Manufacturing Scheme

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2311457) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati