অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

বড়সড় সাফল্য, উত্তর-পূর্বাঞ্চলে বিপুল মেথামফেটামিন পাচারচক্রের পর্দাফাঁস ডিআরআই-এর

ডিআরআই ২৩১ কেজিরও বেশি মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে, চারটি ট্রাক আটক করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে

বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বাজারমূল্য কয়েকশো কোটি টাকা

পোস্ট করার দিনক্ষণ: 16 SEP 2026 3:43PM by PIB Agartala

নয়াদিল্লী, ১৬ সেপ্টেম্বর ২০২৬: অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ডিরেক্টরেট অব রেভিনিও ইন্টিলিজেন্স (ডিআরআই)। উত্তর-পূর্বাঞ্চলে একটি বড় মাদক পাচারচক্রের পর্দাফাঁস করেছে ডিআরআই। এই অভিযানে উত্তর-পূর্বাঞ্চলের এট অন্যতম বড় মেথামফেটামিন বাজেয়াপ্তের ঘটনা। বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য কয়েকশো কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একাধিক স্থানে সমন্বিত নজরদারি ও একযোগে তল্লাশি চালানো হয়। এর ফলেই বিপুল পরিমাণ মেথামফেটামিনের চালান বাজেয়াপ্ত করা সম্ভব হয়।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২৬ অসম ও ত্রিপুরার একাধিক জায়গায় চারটি ট্রাক আটক করেন ডিআরআই আধিকারিকরা। ওই ট্রাকগুলিতে বিপুল পরিমাণ মেথামফেটামিন ট্যাবলেট পাচার করা হচ্ছিল বলে সন্দেহ করা হয়েছিল।

১৫ সেপ্টেম্বর প্রথম অভিযানে অসমের রামনাথপুরে একটি সন্দেহভাজন ট্রাককে চিহ্নিত করে আটক করা হয়। শিলচর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের ওই এলাকায় ৩৮ নম্বর ব্যাটালিয়ন, অসম রাইফেলসের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়। এরপর কাছাকাছি এলাকায় একই ধরনের চালান বহনকারী আরও একটি সন্দেহভাজন ট্রাকের সন্ধান মেলে। তবে ট্রাকটির চালক বা সহকারী কেউই সেখানে উপস্থিত ছিলেন না।

প্রথম ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের কেবিনের ছাদের মধ্যে লুকিয়ে রাখা মোট ২৭৫ টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলিতে গোলাপি-কমলা রঙের ট্যাবলেট ছিল। মোট ওজন ৫৫ কেজি। এগুলি মেথামফেটামিন ট্যাবলেট বলে সন্দেহ করা হচ্ছে। দ্বিতীয় ট্রাকে বিস্তারিত তল্লাশি চালিয়ে একই রঙের ট্যাবলেট ভর্তি ২৭১টি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলির মোট ওজন ৫৪.২ কেজি। এই প্যাকেটগুলিও চালকের কেবিনের ছাদে লুকিয়ে রাখা হয়েছিল।

দুই ট্রাক থেকে মোট ১০৯.২ কেজি সন্দেহভাজন মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। এনডিপিএস আইনের অধীনে দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

একই গোয়েন্দা-নির্ভর অভিযানের অংশ হিসেবে, সিমেন্টের বৈধ চালান বহনকারী আরও একটি পণ্যবাহী ট্রাককে চিহ্নিত করা হয়। ত্রিপুরায় খোয়াই থেকে আগরতলার দিকে যাওয়ার পথে তেলিয়ামুড়ায় ট্রাকটি আটক করা হয়। আগরতলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওই এলাকায় ২৮ নম্বর ব্যাটালিয়ন, অসম রাইফেলসের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়।

বিস্তারিত তল্লাশি চালিয়ে ট্রাকটির চালকের কেবিনের ছাদে লুকিয়ে রাখা ২৯৫টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলিতে গোলাপি-কমলা রঙের ট্যাবলেট ছিল। মোট ৭২.৬ কেজি মেথামফেটামিন বলে সন্দেহ করা হচ্ছে। মাদকদ্রব্য ও ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় এবং চালককে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালীন পাওয়া আরও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই আধিকারিকরা দ্রুত পদক্ষেপ করে একই পাচারচক্রের সঙ্গে যুক্ত আরও একটি ট্রাককে ত্রিপুরার পানিসাগরের কাছে আটক করেন। গাড়িটিতে তল্লাশি চালিয়ে আরও ৫০ কেজি সন্দেহভাজন মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়। সেগুলিও গাড়িটির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। মাদকদ্রব্য ও ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে গ্রেফতার করা হয়েছে।

ডিআরআই-এর এই সমন্বিত অভিযানে মোট ২৩১.৮ কেজি সন্দেহভাজন মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত চারটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে, ২০২৬ সালের আগস্ট মাসে শিলচর ও মিজোরামের কাছে ডিআরআই-এর দুটি পৃথক গোয়েন্দা-নির্ভর অভিযানে ৭৬ কেজি মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় গাড়ির ভিতরে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল।

*****

PS/SG


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310889) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Gujarati , English , हिन्दी , Telugu