দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর উদ্দেশে ভারতের সর্ববৃহৎ দক্ষ যুব প্রতিনিধিদলের যাত্রা শুরু হলো
প্রকাশিত:
15 SEP 2026 7:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক আজ নতুন দিল্লির কৌশল ভবনে ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধিদলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
২০২৬ সালের ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীনের সাংহাইতে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতাযর আয়োজন করা হয়েছে। ৭০ জন দক্ষ তরুণ প্রতিযোগীর সমন্বয়ে গঠিত ভারতের সর্ববৃহৎ প্রতিনিধিদলটি ৬৩টি দক্ষতা বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগীরা বিশ্ব মঞ্চে প্রযুক্তিগত উৎকর্ষ, সৃজনশীলতা, উদ্ভাবন এবং কারুশিল্পে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা প্রদর্শন করবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী, উত্তর প্রদেশ সরকারের বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিভাগের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী কপিল দেব আগরওয়াল, দিল্লি সরকারের স্বরাষ্ট্র, শিক্ষা, বিদ্যুৎ, নগর উন্নয়ন, উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা মন্ত্রী শ্রী আশীষ সুদ, সাংসদ ও জিন্দাল স্টিলের চেয়ারম্যান শ্রী নবীন জিন্দাল প্রমুখ।
টিম ইন্ডিয়াকে সম্বোধন করে শ্রী জয়ন্ত চৌধুরী বলেন, “টিম ইন্ডিয়া একটি আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং ডিজিটালভাবে দক্ষ প্রজন্মের প্রতিনিধিত্ব করে, যারা বিশ্বসেরাদের সাথে প্রতিযোগিতা করতে প্রস্তুত। নতুন যুগের দক্ষতায় আমাদের অংশগ্রহণ ভারতের দক্ষতা বিকাশের পরিমণ্ডলের ক্রমবর্ধমান গভীরতাকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিতে চালিত হয়ে, সরকার দক্ষতা প্রতিযোগিতা, কৌশল মহোৎসব এবং রাজ্য ও শিল্পের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে দক্ষতা বিকাশকে বৃহত্তর পরিসরে নিয়ে যাচ্ছে। কোনো এক সময়ে, আমাদেরও এই ধরনের বিশ্বব্যাপী দক্ষতা প্রতিযোগিতা আয়োজন করার আকাঙ্ক্ষা থাকতে হবে। সাংহাই শুধু একটি প্রতিযোগিতা নয়; আপনার দক্ষতা আপনাকে কতদূর নিয়ে যেতে পারে, তা আবিষ্কার করার এক সুযোগ।
উত্তর প্রদেশ সরকারের প্রতিমন্ত্রী শ্রী কপিল দেব আগরওয়াল, মানসম্মত প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং শক্তিশালী শিল্প সংযোগের মাধ্যমে স্কিল ইন্ডিয়া মিশনের প্রতি রাজ্যের অব্যাহত সমর্থনের কথা তুলে ধরেন।
দিল্লি সরকারের মন্ত্রী শ্রী আশীষ সুদ বলেন, কাঠামোগত প্রশিক্ষণ এবং সঠিক সুযোগের মাধ্যমে কীভাবে তরুণরা বিশ্বব্যাপী উৎকর্ষ অর্জন করতে পারে, ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ টিম ইন্ডিয়ার অংশগ্রহণ তা প্রমাণ করে। যৌথ দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে এবং দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির জন্য যুবসমাজকে প্রস্তুত করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে দিল্লি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
জিন্দাল স্টিলের চেয়ারম্যান শ্রী নবীন জিন্দাল বলেন, ভারতের তরুণ দক্ষতা চ্যাম্পিয়নরা আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের সংকল্পের প্রতীক। টিম ইন্ডিয়া, ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ সমগ্র জাতির আকাঙ্ক্ষা বহন করে নিয়ে যাচ্ছে। জিন্দাল স্টিল ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬ -এ টিম ইন্ডিয়ার অফিসিয়াল মার্চেন্ডাইজ স্পনসর হয়েছে।
এই প্রথমবার ভারত ডেন্টাল প্রোস্থেটিক্স, ডিজিটাল ইন্টারেক্টিভ মিডিয়া ডিজাইন, ইন্টেলিজেন্ট সিকিউরিটি টেকনোলজি, ল্যান্ডস্কেপ গার্ডেনিং, অপটোইলেক্ট্রনিক টেকনোলজি, রিটেইল সেলস, আনম্যানড এরিয়াল সিস্টেমস, ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স, সফটওয়্যার টেস্টিং, হেভি ভেহিকেল টেকনোলজি এবং এয়ারক্রাফট মেইনটেন্যান্স-এর মতো ১১টি নতুন দক্ষতা বিভাগে প্রতিযোগিতা করবে।
এই অনুষ্ঠানে ওয়ার্ল্ডস্কিলস ইন্ডিয়া চ্যাম্পিয়নস ক্লাবের প্রথম ব্যাচের ১৬ জন সদস্যের নামও ঘোষণা করা হয়, তাঁরা প্রতিযোগীদের পরামর্শ দেবেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
ওয়ার্ল্ডস্কিলস হলো বৃত্তিমূলক দক্ষতায় উৎকর্ষের স্বীকৃতি ও প্রচারের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। সাংহাই-এর এই প্রতিযোগিতায় ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১,৪০০-এর বেশি তরুণ প্রতিযোগী ৬৪টি দক্ষতা প্রতিযোগিতায় অংশ নেবেন।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2310772)
ভিজিটরের কাউন্টার : 2