প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

এল আলামেইন আন্তর্জাতিক এয়ারশো-তে অংশগ্রহণের জন্য মিশরে পৌঁছেছে ভারতীয় বিমান বাহিনীর ‘সারং’ হেলিকপ্টার দল

পোস্ট করার দিনক্ষণ: 06 SEP 2026 12:59PM by PIB Agartala

নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর ২০২৬

 

ভারতীয় বিমান বাহিনীর ‘সারং’ হেলিকপ্টার ডিসপ্লে টিম মিশরের এল আলামেইন আন্তর্জাতিক বিমান বন্দরে ৮ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এল আলামেইন আন্তর্জাতিক এয়ারশো’-র দ্বিতীয় সংস্করণে অংশগ্রহণের জন্য সেখানে পৌঁছেছে।

আইএএফ-এর সারং দল হলো বিশ্বের একমাত্র পাঁচটি হেলিকপ্টার নিয়ে গঠিত ডিসপ্লে বা প্রদর্শনী দল। অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত বিভিন্ন প্রদর্শনী ও কসরতের মাধ্যমে দলটি তাঁদের পেশাদারিত্ব এবং উড্ডয়ন দক্ষতা তুলে ধরবে। ভারত ও মিশরের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে ভারতীয় বিমান বাহিনীর আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

দেশীয় প্রযুক্তিতে নকশা ও তৈরি ‘অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ (এএলএইচ) ধ্রুব নিয়ে উড্ডয়নরত সারং দলটি তাঁদের জটিল ফরমেশন ম্যানুভার (কৌশলগত বিন্যাস), অত্যন্ত কাছাকাছি দূরত্বে উড্ডয়ন এবং সুসংহত আকাশ-কসরতের জন্য সুপরিচিত। এই প্রদর্শনীটি কেবল পাইলটদের অসাধারণ দক্ষতা ও শৃঙ্খলাই নয়, বরং ভারতের নিজস্ব মহাকাশ ও বিমান শিল্প খাতের সক্ষমতাকেও তুলে ধরে।

সারং দলটি তাঁদের বিখ্যাত ‘ডলফিন লিপ’ কৌশল প্রদর্শন করবে এবং ‘স্পট স্টল টার্ন’ নামে একটি নতুন কৌশলও উপস্থাপন করবে। এই দলের অংশগ্রহণ বিশ্বজুড়ে দর্শক ও বিমান-প্রেমীদের জন্য ‘এএলএইচ ধ্রুব’-এর বহুমুখী কার্যকারিতা ও ক্ষিপ্রতা দেখার পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর সাহসী মনোভাব প্রত্যক্ষ করার সুযোগ করে দেবে।

এল আলামেইন আন্তর্জাতিক এয়ারশো বিশ্বের শীর্ষস্থানীয় বিমান বাহিনী এবং মহাকাশ, প্রতিরক্ষা ও বিমান শিল্প খাতের পেশাদারদের একত্রিত করে। মিশরের আকাশে সারং দলের এই প্রদর্শনী অনুষ্ঠানটিতে একটি অনন্য মাত্রা যোগ করবে এবং একই সঙ্গে বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2307567) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Tamil