বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারতে চিকিৎসা সংক্রান্ত পর্যটনের মানোন্নয়নে প্রশিক্ষিত কেয়ার গিভার্স এবং হাসপাতালগুলির পরিকাঠামোকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন

পোস্ট করার দিনক্ষণ: 07 SEP 2026 2:12PM by PIB Agartala

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারতে চিকিৎসা সংক্রান্ত পর্যটন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার জন্য পাঁচ দফা পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এর ফলে, দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ ভারত হেলথ গ্লোবাল এক্সপো, ২০২৬-এর ‘সঞ্জীবনী’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই পাঁচ দফা পরিকল্পনার প্রথমটি হল কেয়ার গিভার্সদের যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে শংসাপত্র দিতে হবে। এর ফলে, দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিৎ করার জন্য একটি দক্ষ কর্মীগোষ্ঠী গড়ে তোলা সম্ভব হবে।

দ্বিতীয় বিষয়টি হল, ভারতে আরও বেশি করে হাসপাতাল গড়ে তুলতে উৎসাহিত করা। সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে স্বচ্ছভাবে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় প্যাকেজগুলি ঘোষণা করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। হাসপাতালগুলি যাতে রোগীদের কোনভাবে প্রতারিত না করে, সেদিকে সতর্ক থাকতে হবে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ভারতের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ওপর তিনি গুরুত্ব দেন।

শ্রী গোয়েল তৃতীয় যে প্রসঙ্গটি উল্লেখ করেন সেটি বীমা ও চিকিৎসা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলির বিষয়ে। রোগীরা যাতে নগদবিহীন পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা পেতে পারেন, সেই বিষয়টিতে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এক্ষেত্রে বীমা সংস্থাগুলিকে সঠিক সময়ে বীমাকৃত অর্থ প্রদান করতে হবে।

চতুর্থ বিষয়টি প্রচারমূলক। সারা বিশ্বের কাছে ভারতের চিকিৎসা পরিষেবা সম্পর্কে নানা তথ্য তুলে ধরার জন্য প্রয়োজনীয় প্রদর্শনীর আয়োজন করতে হবে। শুধুমাত্র ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স বা এনএবিএইচ স্বীকৃত হাসপাতালগুলিতেই যাতে বিদেশিরা উন্নতমানের চিকিৎসা পান, সেটি নিশ্চি্ত করতে হবে।

পঞ্চম যে বিষয়টির ওপর মন্ত্রী গুরুত্ব দিয়েছেন সেটি স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে সম্পৃক্ত। শ্রী গোয়েল রাজ্যগুলিকে রোগীদের স্বার্থে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসা সংক্রান্ত এই পর্যটন ব্যবস্থাপনা মহানগরগুলিকে ছাড়িয়ে দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সম্প্রসারিত করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা আবশ্যক। এর ফলে, কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, সেইসঙ্গে ভারতীয় রোগীরাও উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাবেন।

শিল্প ও বাণিজ্য মন্ত্রী অনুবাদকদের তালিকা তৈরির পরামর্শ দেন। এর ফলে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চিকিৎসার জন্য আসা পর্যটকদের সঙ্গে মতবিনিময়ে সুবিধা হবে। ভারতের চিকিৎসা সংক্রান্ত পর্যটন ক্ষেত্রের সম্ভাবনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উন্নত রাষ্ট্রের তুলনায় এ দেশে ৬০-৮০ শতাংশ কম খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। ভারতের ওষুধ শিল্প, আয়ুর্বেদ, যোগ, ইউনানি সহ চিরায়ত চিকিৎসা ব্যবস্থা, নার্স, কেয়ার গিভার্স সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা যৌথভাবে একটি উন্নতমানের ব্যবস্থা গড়ে তুলতে পারেন। গত সাত বছরে ৩৫ লক্ষ পর্যটক বিদেশ থেকে চিকিৎসার জন্য এ দেশে এসেছেন। আগামীদিনে প্রতি বছর ১ কোটি পর্যটক যাতে এ দেশে চিকিৎসার জন্য আসেন, সেটি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী রোগ প্রতিরোধমূলক চিকিৎসা পরিষেবার গুরুত্বের কথা উল্লেখ করেন। এই প্রসঙ্গে তিনি কেরলমে আয়ুর্বেদ চিকিৎসার বিষয়টি উল্লেখ করেন। ভারতে দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছেন। দেশের দরিদ্র মানুষরা এখন আর চিকিৎসার জন্য খরচের বিষয়ে উদ্বিগ্ন হন না। এই প্রকল্পের সুবিধা ৭০ বছরের ঊর্ধ্বে সকলেই পাচ্ছেন। উপনিষদের ‘সর্বেসন্তু নিরাময়া’ ভাবনাকে পাথেয় করে ভারত চিকিৎসা পরিষেবাকে কখনই নিজের সীমানার গণ্ডির মধ্যে আবদ্ধ রাখেনি। মন্ত্রী বলেন, এই ভাবনায় ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ মন্ত্রে দেশ এগিয়ে চলেছে।

তাঁর ভাষণে শ্রী গোয়েল ভারতীয়রাও যাতে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পান, সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেকে যাতে অভিন্ন মানের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতে হবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2307536) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil