ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ঐতিহ্যবাহী দক্ষতা থেকে গ্রামীণ উদ্যোগ: কীভাবে কেভিআইসি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে

সংগ্রাম থেকে সাফল্যে: কেভিআইসি কীভাবে উদ্যোক্তাদের নতুন পথ দেখাচ্ছে

পোস্ট করার দিনক্ষণ: 07 SEP 2026 12:13PM by PIB Agartala

নয়াদিল্লী, ৭ সেপ্টেম্বর, ২০২৬: ভারতের গ্রামীণ অঞ্চলে ঐতিহ্যবাহী দক্ষতা এবং স্থানীয়ভাবে সহজলভ্য সম্পদ ক্রমশ নতুন নতুন উদ্যোগ ও কর্মসংস্থানের ভিত্তি হয়ে উঠছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন এবং মূল্য সংযোজিত মধুজাত পণ্য থেকে শুরু করে ভেটিভার বা খস-ভিত্তিক উদ্যোগ এবং কলার তন্তু থেকে তৈরি বিভিন্ন পণ্য- গ্রামীণ উদ্যোক্তারা দেখিয়ে দিচ্ছেন, কীভাবে স্থানীয় জ্ঞান ও দক্ষতাকে কার্যকর ব্যবসায়িক উদ্যোগ এবং জীবিকার সুযোগে রূপান্তর করা সম্ভব।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের (এমএসএমই) অধীন খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি) প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, উন্নত সরঞ্জাম ও প্রযুক্তি, বাজার সহায়তা এবং অন্যান্য বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খাদি বিকাশ যোজনা (কেভিওয়াই), গ্রামোদ্যোগ বিকাশ যোজনা (জিভিওয়াই) এবং প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃজন কর্মসূচি (পিএমইজিপি)-র মতো উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী দক্ষতাকে আধুনিক ব্যবসায়িক সক্ষমতার সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে কারিগর ও গ্রামীণ উদ্যোক্তারা আরও সুস্থায়ী জীবিকার সুযোগ তৈরি করতে পারছেন।

সংগ্রাম থেকে সাফল্যে: অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা হওয়ার যাত্রা:

১. শ্রী টি. আজিন: মৌমাছি পালন থেকে জীবিকা গড়ে তোলার পথে-

তামিলনাড়ুর কন্যাকুমারীতে শ্রী টি. আজিন তাঁর মৌমাছি পালনের দক্ষতাকে কাজে লাগিয়ে ‘মার্থান্ডাম হানি প্রোডাক্টস’ নামে একটি সফল মধু উৎপাদন উদ্যোগ গড়ে তুলেছেন। তাঁর এই প্রতিষ্ঠানে এজিএমএআরকে -প্রত্যয়িত মধু এবং শুকনো ফল মিশ্রিত মধু উৎপাদন করা হয়। এর মাধ্যমে ঐতিহ্যবাহী মৌমাছি পালনে মূল্য সংযোজন করে একটি কার্যকর ব্যবসায়িক মডেল তৈরি করা হয়েছে।

তবে শ্রী আজিনের অবদান তাঁর নিজস্ব উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বিশেষ করে আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষ এবং তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের কৃষকদের আধুনিক মৌমাছি পালনের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেন। পাশাপাশি, তিনি রাজ্য, আঞ্চলিক ও জেলা-স্তরের বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করেছেন। আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমেও তিনি তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
তাঁর এই যাত্রা দেখিয়ে দেয়, একজন উদ্যোক্তা শুধু একটি সফল ব্যবসা গড়ে তুলেই প্রভাব সৃষ্টি করতে পারেন না; বরং নিজের সম্প্রদায়ের অন্যদেরও স্বনির্ভর জীবিকার সুযোগ খুঁজে নিতে সাহায্য করে বৃহত্তর সামাজিক পরিবর্তনের অংশীদার হতে পারেন।

২. শ্রী বি. সুন্দররাজ: ভেটিভারকে উদ্যোগে রূপ দেওয়ার গল্প-

শ্রী বি. সুন্দররাজের কাছে প্রাকৃতিকভাবে সুগন্ধযুক্ত একটি উদ্ভিদই হয়ে উঠেছে নতুন ব্যবসায়িক সম্ভাবনার ভিত্তি। তাঁর ‘পিওর হেলথ হার্বাল আগরবাত্তি ইউনিট’-এর মাধ্যমে তিনি ধূপকাঠি, বিভিন্ন ভেষজ পণ্য, ভেটিভার ধূপকাঠি এবং ভেটিভার সাম্বুরানি উৎপাদন করেন।

২০২৪–২৫ সালে গ্রামোদ্যোগ বিকাশ যোজনায় সহায়তা পেয়ে শ্রী সুন্দররাজ তাঁর উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করেন এবং পণ্যের পরিসরও বাড়ান। তাঁর এই গল্প দেখিয়ে দেয়, কীভাবে স্থানীয় সম্পদ, পারম্পরিক দক্ষতা এবং একটি ব্যবসায়িক ভাবনা একত্রিত হয়ে একটি সুস্থায়ী গ্রামীণ উদ্যোগ গড়ে তুলতে পারে।

৩. শ্রী এম. মুরুগেসান: কৃষিজ বর্জ্যকে নতুন জীবন দেওয়ার উদ্যোগ-

এই ভাবনাকেই কেন্দ্র করে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃজন কর্মসূচি-এর আওতায় ‘ব্যানানা ফাইবার ফ্যান্সি আর্টিকেলস মেকিং ইউনিট’ গড়ে তুলেছেন শ্রী এম. মুরুগেসান। ‘ওম বানানা ক্রাফট প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে তিনি কলার তন্তুকে ব্যবহার করে আকর্ষণীয় ও প্রয়োজনীয় নানা ধরনের শৌখিন সামগ্রী তৈরি করেন। এর মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন, কীভাবে কৃষিজ সম্পদকে মূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করে নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।

তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। তিনি নিয়মিত বিভিন্ন প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি, আকাশবাণী, দূরদর্শন এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেন। তাঁর এই যাত্রা প্রমাণ করে যে, গ্রামীণ উদ্যোগগুলি নতুন ধরনের পণ্য তৈরি করে যেমন মূল্য সংযোজন করতে পারে, তেমনই স্থানীয় ও প্রাকৃতিক সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারে।

হানি মিশন: মৌমাছি পালনকে জীবিকার উৎসে রূপান্তর

এই যাত্রার অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হল হানি মিশন, যা ২০১৭ সালে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালনের প্রসার এবং কৃষক, জনজাতি সম্প্রদায় ও বেকার যুবকদের জন্য জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে চালু করা হয়। এই কর্মসূচির আওতায় উপভোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি মৌমাছি পালনের বাক্স, জীবন্ত মৌমাছির কলোনি এবং প্রয়োজনীয় টুলকিট প্রদান করা হয়। এর ফলে তাঁরা মৌমাছি পালনের সঙ্গে যুক্ত হতে পারেন এবং ধীরে ধীরে এটিকে আয়ের একটি স্থায়ী উৎস হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।

এই উদ্যোগের ব্যাপকতা পরিসংখ্যানেই স্পষ্ট। কেভিআইসি-এর তথ্য অনুযায়ী, ২০১৭–১৮ থেকে ২০২৫–২৬ সালের মধ্যে সারা দেশে প্রায় ২ লক্ষ ৪৬ হাজার মৌমাছি পালনের বাক্স বিতরণ করা হয়েছে। এর ফলে ২০২৫–২৬ সালে প্রায় ৫,৫০০ মেট্রিক টন মধু উৎপাদিত হয়েছে।

শুধু মধু উৎপাদনই নয়

মৌমাছি পালন মধু উৎপাদনের বাইরেও একাধিক সম্ভাবনার দরজা খুলে দেয়। পরাগায়নের ক্ষেত্রে মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে মৌমাছি পালন, কৃষি এবং জীববৈচিত্র্যের মধ্যে একটি স্বাভাবিক যোগসূত্র তৈরি হয়। তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য-সহ দেশের একাধিক রাজ্যে মৌমাছি পালনকারীরা ভারতীয় প্রজাতির মৌমাছি পালন করেন এবং এর সঙ্গে বহু মানুষের জীবিকা নির্ভরশীল। তাই মৌমাছি পালনকে শুধু অতিরিক্ত আয়ের উৎস হিসেবে দেখলে চলবে না; এটি বৃহত্তর গ্রামীণ উদ্যোগের পরিসরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করতে পারে।

ঐতিহ্য থেকে উদ্যোগে

শ্রী টি. আজিন, শ্রী বি. সুন্দররাজ এবং শ্রী এম. মুরুগেসানের অভিজ্ঞতা গ্রামীণ ভারতের সামনে থাকা এক বৃহত্তর সম্ভাবনাকে তুলে ধরে। প্রশিক্ষণ, প্রযুক্তি, অর্থায়ন, বাজারে প্রবেশের সুযোগ এবং উদ্যোক্তা-দক্ষতার সহায়তা পেলে ঐতিহ্যবাহী দক্ষতা ও স্থানীয় সম্পদই আধুনিক উদ্যোগ গড়ে তোলার ভিত্তি হয়ে উঠতে পারে।

বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের মাধ্যমে কেভিআইসি এই রূপান্তরকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলেছে। এর ফলে গ্রামীণ সম্প্রদায়গুলি যেমন তাদের ঐতিহ্যবাহী দক্ষতা ও শক্তিকে সংরক্ষণ করতে পারছে, তেমনই সেই দক্ষতা ও সম্পদকে ঘিরে নতুন অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে।

ঐতিহ্য থেকে উদ্যোগে, স্থানীয় সম্পদ থেকে মূল্য সংযোজিত পণ্যে এবং ব্যক্তিগত দক্ষতা থেকে বৃহত্তর জীবিকার সুযোগ—ভারতের গ্রামীণ শিল্প আজ দেশের গ্রামীণ উদ্যোক্তা বিকাশের গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে কেভিআইসি-এর ওয়েবসাইট দেখুন: https://www.kvic.gov.in/kvicres/index.php

*****

PS/SG


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2307416) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Tamil , Kannada