ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

১৯তম আন্তর্জাতিক ভূ-বিজ্ঞান অলিম্পিয়াডে ৯টি পদক জয়ের মাধ্যমে সর্বকালের সেরা ঐতিহাসিক সাফল্য অর্জনকারী 'টিম ইন্ডিয়া স্কুল চিলড্রেন'-কে সংবর্ধনা কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের

প্রকাশিত: 04 SEP 2026 4:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪  সেপ্টেম্বর  ২০২৬

 

ভূ-বিজ্ঞান মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. জিতেন্দ্র সিং আজ দিল্লির লোদি রোডের পৃথ্বী ভবনে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা ও প্রেরণামূলক সভায় ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড  ২০২৬-এ জয়ী ‘টিম ইন্ডিয়া’-র মেধাবী স্কুল পড়ুয়াদের সংবর্ধনা জানান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এই অনন্যসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করে ড. জিতেন্দ্র সিং বিজয়ী পড়ুয়াদের নিয়ে গর্ব প্রকাশ করেন। দেশের জন্য বিশ্বমানের গৌরব বয়ে আনার জন্য তিনি বিজয়ী শিক্ষার্থী, তাদের গর্বিত অভিভাবক এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে অভিনন্দন জানান। মন্ত্রকের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, সরকার শিক্ষার্থী-কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে ক্ষমতায়ন করতে, তাদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতার ভিত গড়ে তুলতে এবং ‘আর্থ সিস্টেম সায়েন্স’ বিষয়ক বিজ্ঞান চর্চায় তরুণদের উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইতালির তুরিনে ২০ থেকে ২৭ অগাস্ট ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক ভূ-বিজ্ঞান সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত ১৯তম আইইএসও-তে ভারতীয় প্রতিনিধি দলের শিক্ষার্থীরা তাদের সর্বকালের সেরা নৈপুণ্য প্রদর্শন করেছে। ৩৯টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘টিম ইন্ডিয়া’ মোট নয়টি পদক,  ৪টি সোনা, ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা, ‘ইন্টারন্যাশনাল টিম ফিল্ড ইনভেস্টিগেশন’  এবং ‘আর্থ সায়েন্স প্রজেক্ট’ – এই বিভাগগুলিতে তারা এই সাফল্য অর্জন করে। দেশের জন্য গৌরব বয়ে আনা অসাধারণ পদকজয়ীদের মধ্যে রয়েছেন:

সৌমিক মণ্ডল (ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ): ২টি সোনা, ১টি রুপো (৩৯টি দেশের মধ্যে সামগ্রিক  
তৃতীয় স্থান)

অ্যারন মাইতি (ডিএভি মডেল স্কুল, আইআইটি-খড়গপুর, পশ্চিমবঙ্গ): ১টি সোনা, ১টি ব্রোঞ্জ

ঋদ্ধি রঞ্জন (জ্ঞান আস্থালী ইন্টারন্যাশনাল স্কুল, পাটনা, বিহার): ১টি সোনা, ১টি রুপো

মহম্মদ এহতেশাম রিজভি (জেএনভি, বিহার): ১টি রুপো, ১টি ব্রোঞ্জ

ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব ড. টি. শ্রীনিবাস কুমারও এই দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিযোগিতার ইতিহাসে ভারতের সর্বোচ্চ সংখ্যক পদক জয়ের কৃতিত্বের জন্য তিনি শিক্ষার্থী ও পরামর্শদাতাদের ভূয়সী প্রশংসা করেন।

এই মর্যাদাপূর্ণ অলিম্পিয়াডে অংশগ্রহণের আগে একটি কঠোর জাতীয় নির্বাচন ও প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। 

ভূ-বিজ্ঞান মন্ত্রকের  জনসংযোগ ও সচেতনতা কর্মসূচির আওতায় সম্পূর্ণ সহায়তাপ্রাপ্ত এই ভূ-বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয় একটি সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে। জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া-র পরিচালনায় আয়োজিত এই পরীক্ষায় সারা দেশের ৫০০টি কেন্দ্রে প্রায় ১৭,৮০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে ক্যাম্প আয়োজন এবং কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশ অনুযায়ী, শীর্ষ ২৫ জন মেধাবী শিক্ষার্থী গুজরাটের ভদোদরার এম.এস. বিশ্ববিদ্যালয়ে তিন সপ্তাহব্যাপী একটি নিবিড় প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিল।

আইইএসও-র মতো প্রধান উদ্যোগ এবং 'ডিপ ওশান মিশন', 'মিশন মৌসম' ও 'পৃথ্বী'-র মতো গুরুত্বপূর্ণ জাতীয় অভিযানের মাধ্যমে ভূ-বিজ্ঞান মন্ত্রক জনমানসে বিজ্ঞান বিষয়ক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরবর্তী প্রজন্মের ভূ-বিজ্ঞানী ও গবেষকদের অনুপ্রাণিত করে চলেছে।

ছবি - শুক্রবার নয়াদিল্লির পৃথ্বী ভবনে ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এ পারফরম্যান্সের জন্য কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং ‘টিম ইন্ডিয়া স্কুল চিলড্রেন’-কে সংবর্ধনা জানাচ্ছেন।


SC/MP/NS….


(রিলিজ আইডি: 2306768) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil