রাজ্যসভা সচিবালয়
ভারতের উপরাষ্ট্রপতি সেশেলসের জাতীয় পরিষদের অধ্যক্ষের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করলেন
প্রকাশিত:
03 SEP 2026 3:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে সেশেলস প্রজাতন্ত্রের জাতীয় সংসদের অধ্যক্ষ শ্রীমতী আজারেল আর্নেস্তার নেতৃত্বে আসা সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে দেখা করলেন।
অধ্যক্ষ এবং প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানিয়ে উপরাষ্ট্রপতি সেশেলসের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সেশেলস জাতীয় সংসদের প্রথম মহিলা অধ্যক্ষ হওয়ায় শ্রীমতী আজারেল আর্নেস্তাকে অভিনন্দন জানান এবং ২০২৬ সালের জানুয়ারিতে নতুন দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথের স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনে তাঁর অংশগ্রহণের বিষয়টিও উল্লেখ করেন।
দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করে উপরাষ্ট্রপতি বলেন যে, সেশেলস তাঁর কাছে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি ২০২৫ সালের অক্টোবরে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরে, রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেশেলস যাওয়ার কথা স্মরণ করেন। তিনি রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি এবং উপরাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিলের সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও স্মরণ করেন এবং সেশেলসের জনগণের দেওয়া আন্তরিক আতিথেয়তার বর্ণনা দেন।
দ্বিপাক্ষিক সম্পর্কে ২০২৬ সালের তাৎপর্য তুলে ধরে উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে, এই বছরে দুই দেশে দুটি সরকারি সফর অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুন মাসে সেশেলসে ৫০তম জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ করেন, অন্যদিকে রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে সরকারি সফরে আসেন। তিনি আরও উল্লেখ করেন যে, উপরাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে ভারত সফর করেন। উপরাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, এই বছর উভয় দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে এবং তিনি আস্থা প্রকাশ করেন যে, সেশেলস সংসদীয় প্রতিনিধিদলের এই সফর ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গতি দেবে।
উপরাষ্ট্রপতি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত সেশেলসের জন্য ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে, যা দুই দেশের মধ্যে উন্নয়ন ও নিরাপত্তা অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
উপরাষ্ট্রপতি রাজ্যসভা সচিবালয়ের আধুনিকীকরণ ও ডিজিটাইজেশনের জন্য গৃহীত উদ্যোগগুলির কথাও তুলে ধরেন। তিনি সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান ডিজিটাইজেশন, কার্যবিবরণীর একযোগে একাধিক ভাষায় অনুবাদ, সংসদীয় কার্যক্রমকে কাগজবিহীন ও আরও কার্যকর করার প্রচেষ্টা, সাইবার নিরাপত্তায় নিয়মিত সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি এবং সংসদীয় নথিপত্রের ডিজিটাল আর্কাইভ তৈরির কথা উল্লেখ করেন। তিনি সেশেলস জাতীয় সংসদের সঙ্গে ভারতের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সেশেলসের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী শিক্ষামূলক সফর ও বিশেষ সক্ষমতা বর্ধন কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন।
জনগণের মধ্যে সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি সেশেলসে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে গুজরাটি ও তামিল সম্প্রদায়ের অবদানের কথা স্বীকার করেন এবং উল্লেখ করেন যে, তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বের এক স্থায়ী সেতু হিসেবে কাজ করে।
উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে, সেশেলস জাতীয় সংসদের অধ্যক্ষ নিয়মিত যোগব্যায়াম করেন। তিনি বলেন, যোগব্যায়াম ভারত ও সেশেলসের মধ্যে ঘনিষ্ঠ জনগণের সম্পর্কের একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে। তিনি আগামী বছরগুলিতে এই দুই সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে নিরন্তর যোগাযোগ এবং ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা করেন। তিনি অধ্যক্ষ এবং প্রতিনিধিদলের সদস্যদের ভারতে একটি আনন্দদায়ক ও ফলপ্রসূ সফরের জন্য শুভেচ্ছা জানান।
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2306426)
ভিজিটরের কাউন্টার : 4