বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসে রপ্তানি ত্রিপুরার ১৮ মেট্রিক টন জৈব চাল

পোস্ট করার দিনক্ষণ: 03 SEP 2026 11:45AM by PIB Agartala

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরার ঐতিহ্যবাহী জৈব চাল এবার পাড়ি দিল ইউরোপের বাজারে। অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসে রপ্তানির জন্য ত্রিপুরার চার প্রজাতির এনপিওপি-সার্টিফায়েড ঐতিহ্যবাহী চালের ১৮ মেট্রিক টনের একটি চালান বুধবার, ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে। এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এপেডা-র সহযোগিতায় এই রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়েছে। রপ্তানির চালানের মধ্যে রয়েছে কালি খাসা, হরিনারায়ণ, স্টিকি রাইস ও ব্ল্যাক রাইস। ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি (টিএসওএফডিএ)-র সহায়তায় পরিচালিত বিভিন্ন ফার্মার প্রডিউসার কোম্পানি বা এফপিসি থেকে চাল সংগ্রহ করে একত্রিত করা হয়েছে।

সোনিপতের রপ্তানিকারক সংস্থা মেসার্স প্রতীতি অর্গানিক ফুডসের মাধ্যমে এই চাল ইউরোপের বাজারে যাচ্ছে। এই উদ্যোগকে ত্রিপুরার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে অংশগ্রহণকারী কৃষকরা দেশীয় বাজারের তুলনায় সর্বোচ্চ ৪০ শতাংশ বেশি দাম পাওয়ার সুযোগ পাবেন। এর ফলে কৃষকদের মধ্যে সংগঠিত ও রপ্তানিমুখী কৃষি উৎপাদনে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, গত মাসে ত্রিপুরায় এপেডার উদ্যোগে রিভার্স বায়ার-সেলার মিট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আন্তর্জাতিক ক্রেতা ও স্থানীয় উৎপাদকদের মধ্যে যোগাযোগ তৈরি হয়। সেই যোগাযোগই এবার বাস্তব আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগে রূপ পেল।

চালানটির আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরার কৃষিমন্ত্রী শ্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন এপেডার চেয়ারম্যান অভিষেক দেব, কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব শ্রী অপূর্ব রায়, এপেডার সচিব ড. শাশ্বতী বসু, নাবার্ডের জিএম তনুশ্রী ভট্টাচার্য, কৃষি অধিকর্তা শ্রী ফণীভূষণ জমাতিয়া এবং টি.এস.ও.এফ.ডি.এ'র মিশন ডিরেক্টর শ্রী রাজীব দেববর্মা-সহ সংশ্লিষ্ট আধিকারিক ও কৃষকরা।

কৃষিমন্ত্রী শ্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা থেকে সার্টিফায়েড ঐতিহ্যবাহী জৈব চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানি রাজ্যের জন্য গর্বের মুহূর্ত। জৈব ও ঐতিহ্যবাহী কৃষিপণ্যের ক্ষেত্রে ত্রিপুরার বিপুল সম্ভাবনা রয়েছে। এই ধরনের উদ্যোগ কৃষকদের নতুন বাজার, ভালো দাম এবং সুস্হায়ী জীবিকার সুযোগ তৈরি করবে। এপেডার চেয়ারম্যান অভিষেক দেব বলেন, উত্তর-পূর্বাঞ্চলের জৈব ও কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। কৃষক ও এফ.পি.সি.গুলিকে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যুক্ত করার পাশাপাশি গুণমান, সার্টিফিকেশন ও পণ্যের যোগ্যতা নিশ্চিত করতে এপেডা কাজ চালিয়ে যাবে।

ত্রিপুরার জৈব চালের এই রপ্তানি রাজ্যের কৃষিপণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2306294) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Tamil